নভেম্বর 22, 2026

শতশব্দ গল্প: ভিনগ্রহের প্রাণি

নিজের সমুদ্র যাত্রার উদ্দেশ্য ব্যক্ত করে থামলেন বিজ্ঞানী। মাঝ সমুদ্রে ভাসমান জাহাজটিতে গতদিন বিপর্যস্ত অবস্থায় আশ্রয় নিয়েছেন তিনি। সমুদ্রের গর্জন ছাপিয়ে শ্রুত বিজ্ঞানীর প্রতিটা বুলি শ্রোতাদের মনে নিদারুণ চাঞ্চল্যের উদ্রেক ঘটাচ্ছে। তারা মানতে নারাজ, বিদঘুটে দর্শন(কালচে, পিঁপড়ার ন্যায় তবে বৃহদাকৃতির এবং লম্বা মস্তকধারী) ভিনগ্রহী প্রাণিরা রয়েছে জাহাজটির অদূরেই এক দ্বীপে এবং বিজ্ঞানী বেরিয়েছেন তাদের অস্তিত্ব প্রমাণের উদ্দেশ্যে!

হঠাৎই ঢেউয়ের গর্জন ছাপিয়ে গুলির শব্দ, ঢলে পড়লেন গুলিবিদ্ধ বিজ্ঞানী। ঘাতক শ্রোতাদেরই একজন, স্বয়ং ক্যাপ্টেন!

ঘাতক: “এখনই সব ফাঁস হলে পৃথিবী আমাদের হবে না।”

পরক্ষণেই ভৌতিকভাবে শ্রোতাদের মনুষ্য রূপ ঘুঁচে বেরিয়ে এল আসল রূপ, দেখতে ঠিক ভূতপূর্ব বিজ্ঞানীর বর্ণিত ভিনগ্রহের প্রাণিদের মতন!

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp