নভেম্বর 13, 2026

“আপনার লেখা সবচেয়ে দুঃখের লেখাটা কোনটা?”

নবনী অন্যদিকে তাকিয়ে ছিল। প্রশ্নটা শুনে মুখ ফেরাল। আর তারপর—কিছু কিছু মুহূর্তের জন্য মানুষের প্রস্তুতি থাকে না।

বুদ্ধিদীপ্ত চশমার আড়ালে পরিচিত দুটো চোখ! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদের সেই দিনগুলো… মঞ্চের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা, তর্ক করতে করতে হঠাৎ হেসে ফেলা ছেলেটা, যার কথার ভেতরেও একটা আলাদা বুদ্ধিদীপ্ত ঔদ্ধত্য ছিল। কত বছর আগের কথা! অথচ চোখ দুটো চিনতে তার এক সেকেন্ডও লাগল না।

পিয়াল ঘোষ!

কিছু মুখ বহু বছর পরেও অপরিবর্তিত থেকে যায় না; বরং বদলে গিয়েও আশ্চর্যরকম পরিচিত লাগে। পিয়ালের মুখে বয়সের সামান্য ছাপ পড়েছে, চোখের কোণে ক্লান্তির রেখা, চুলের বিন্যাসেও আগের চেয়ে একটু অন্যরকম ভাব। তবু সেই চোখ দুটো, সেই হাসির আগে ঠোঁটের কোণে সামান্য থেমে যাওয়া—নবনীর কাছে সবকিছুই যেন পুরোনো কোনো বিকেলের পুনরাবৃত্তি।

 “কেমন আছ?” পিয়াল জিজ্ঞেস করল।

 “ভালো। তুমি?”

 “এই তো, ভালোই। অনেক দিন পর দেখা।”

 “হ্যাঁ, অনেক দিন।”

 “আমার লেখা সবচেয়ে দুঃখের লেখাটা কালকূট পিয়াল”, বলে উঠলো নবনী।

 পিয়ালের দৃষ্টি বইটার মলাটে গিয়ে স্থির হলো। নামটা একবার পড়ে সে নবনীর দিকে তাকাল।

 “কালকূট! এমন নাম কেন দিয়েছ, নবনী?”

 নবনী একটু থেমে বলল, “নামটা কি তোমার পছন্দ হয়নি?”

 “তা নয়। তবে কালকূট তো ভয়ংকর বিষের নাম। হঠাৎ এই নামটাই মনে হলো কেন?”

 নবনী বইটার মলাটে আঙুল বোলাল। “সমুদ্র মন্থনের কথা মনে আছে? অমৃতের আশায় মন্থন করতে গিয়ে প্রথমেই উঠেছিল হলাহল। সেই বিষের তীব্রতায় সমস্ত সৃষ্টি বিপন্ন হয়ে পড়েছিল। দেবতা-অসুর কেউই তার ভার নিতে পারেনি।”

 “তারপর মহাদেব সেই বিষ ধারণ করেছিলেন,” পিয়াল বলল।

 “হ্যাঁ। নিজের কণ্ঠে ধারণ করেছিলেন বলেই তো তাঁর কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। বিষটা পৃথিবীতে ছড়িয়ে পড়েনি, অথচ তার চিহ্ন রয়ে গিয়েছিল তাঁরই শরীরে।”

 পিয়াল কিছুক্ষণ চুপ করে বইটার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, “তাহলে তোমার গল্পের কালকূটও কি তেমন কিছু?”

 “তাহলে এই কালকূটের শেষটা কী রকম?”

 “সব বিষের কি আর শেষ থাকে?”

 “থাকে না?”

 নবনী একটু ভেবে বলল, “শেষটা পাঠকের ওপর ছেড়ে দিয়েছি।”

 “নিজের গল্পের শেষটাও কি এভাবে ছেড়ে দিতে পারো?”

 প্রশ্নটা শুনে নবনী একবার পিয়ালের দিকে তাকাল। তারপর চোখ সরিয়ে নিয়ে মৃদু হাসল।
 “সব গল্পের শেষ নিজের হাতে থাকে না, পিয়াল।”

 পিয়াল কথাটার বিশেষ কোনো অর্থ খুঁজল না। বইটা বন্ধ করে বলল, “বাহ্, বেশ ভালো বলেছ। বইটা পড়তে হবে।”

 “পড়ো।”

 “তোমার অটোগ্রাফসহ একটা কপি পাব?”

 “তুমি আমার বই কিনবে?”

 “কেন, কিনতে পারব না?”

 “তা পারবে। কিন্তু লেখক হিসেবে বলছি, তোমাকে একটা কপি উপহার দেওয়াই উচিত।”

পিয়াল হেসে বলল, “তাহলে তো ভালোই। এত দিন পর দেখা, একটা বই তো প্রাপ্য।”

 নবনী বইটা এগিয়ে দিল। “এই নাও।”
 পিয়াল বইটা হাতে নিয়ে বলল, “আবার দেখা হলে তোমার কাছ থেকে আরও কিছু বই নেব।”

নবনী মনে মনে ভাবল, আবার দেখা হবে তো?

কিন্তু মুখে বলল, “অবশ্যই। তুমি এসো।”

পিয়াল ফোনের দিকে তাকিয়ে বলল, “আচ্ছা, আমাকে এবার যেতে হবে। একটা কাজ আছে।”

 “হ্যাঁ, যাও।”

 “ভালো থেকো, নবনী।”

 “তুমিও ভালো থেকো।”

 নবনী হালকা হাসল। “হ্যাঁ, দেখা হবে।”

কথাটা বলার সময় সে জানত না, আবার দেখা হওয়ার কথাটা পিয়াল কতটা বিশ্বাস করে বলেছে। কিংবা আদৌ ভেবে বলেছে কি না।

পিয়াল চলে যেতে শুরু করল।

বইমেলার ভিড়ের মধ্যে প্রথমে তার মুখটা অস্পষ্ট হয়ে গেল, তারপর কাঁধ, তারপর ধীরে ধীরে পুরো মানুষটা। মাঝখানে কয়েকজন এসে দাঁড়াল, কেউ একটা বই নিয়ে নবনীকে প্রশ্ন করল, কেউ অটোগ্রাফ চাইতে এগিয়ে এল। নবনী উত্তর দিল, হাসল, সই করল। সবকিছুই করল।

শুধু তার চোখ দুটো বারবার ফিরে যাচ্ছিল সেই পথটার দিকে, যেদিক দিয়ে পিয়াল চলে গেছে।

সে তাকিয়ে রইল।

যতক্ষণ দেখা যায়, মানুষ ততক্ষণ চোখ দিয়ে বিদায় জানায়। তারপর যখন আর দেখা যায় না, তখন চোখের দায়িত্ব শেষ হয়ে যায়; কিন্তু হৃদয়ের নয়।

পিয়াল ভিড়ের আড়ালে হারিয়ে গেল। তারপরও নবনী তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল, শুধু বইমেলার ভিড়েই নয়, পিয়াল বুঝি তার জীবনের আড়ালেও চলে যাচ্ছে। বহু বছর পর কয়েক সেকেন্ডের জন্য ফিরে এসে আবার হারিয়ে গেল সেই মানুষটা, যে কোনোদিন তার ছিল না, অথচ যার চলে যাওয়ার দৃশ্য তাকে প্রতিবারই নতুন করে একা করে দেয়।


নবনী ধীরে ধীরে বইমেলার কোলাহল থেকে চোখ সরিয়ে নিল। তার সামনে টেবিলের ওপর সাজানো ছিল নিজের লেখা বইগুলো। অসংখ্য প্রচ্ছদ, অসংখ্য গল্প, অসংখ্য চরিত্র।

আর তাদের মধ্যে একটা বই– “কালকূট”।

সে বইটা হাতে তুলে নিল। মলাটে আঙুল বুলিয়ে দিল একবার। তারপর খুলে উৎসর্গের পাতাটা দেখল।

আর উৎসর্গের পাতায়, ছোট্ট দুটি শব্দের নিচে, আট বছর ধরে জমে থাকা সমস্ত না-বলা কথা নীরব হয়ে রইল।


ঘোষবাবু।

সেদিন রাতে নবনী বাড়ি ফিরে কালকূট বইটা আবার খুলেছিল। উৎসর্গপত্রের নিচে ছোট্ট একটা ফাঁকা জায়গা ছিল। কলম হাতে নিয়ে অনেকক্ষণ বসে থেকেও সেখানে কিছু লেখেনি।

কী-বা লিখবে?

যে মানুষটা তার জীবনের সবচেয়ে বিষণ্ন অধ্যায়, তাকে নিয়ে আরেকটা বাক্য লিখে কী হবে?

শেষ পর্যন্ত সে বইটা বন্ধ করে রেখেছিল টেবিলের ওপর। জানালার বাইরে তখন রাত নেমেছে। ঘরের আলোয় বইয়ের মলাটে নিজের ছায়া পড়েছে—একটা অস্পষ্ট প্রতিবিম্ব।

নবনী তাকিয়ে ছিল সেদিকে।

তার মনে হলো, মানুষ বোধহয় সব বিষ থেকে মুক্তি চায় না। কিছু বিষের সঙ্গে সে এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে, প্রতিষেধক পেয়েও খেতে ভুলে যায়। অথবা খেতে চায় না। কারণ বিষটা শুধু তাকে কষ্ট দেয় না, তার জীবনের একটা সময়কেও বাঁচিয়ে রাখে।

কালকূট— পৌরাণিক সেই বিষ, যা একবারে মেরে ফেলে না; ধারণ করে থাকতে হয়, সহ্য করে যেতে হয়। নবনীর কাছে কালকূট কোনো গল্পের নামমাত্র নয়। কিছু বিষ থাকে, যেগুলো মানুষ উগরে ফেলতে পারে না। প্রতিদিন একটু একটু করে সেগুলো বয়ে বেড়ায়। বাইরে থেকে কিছু বোঝা যায় না, অথচ ভেতরে কোথাও একটা জীবন ক্ষয়ে যেতে থাকে।


নবনীর জীবনে সেই কালকূটের নাম পিয়াল ঘোষ। নবনী ভাবতে থাকে জীবনানন্দ দাসের বিখ্যাত শঙ্খমালা কবিতার লাইন— “এ পৃথিবী একবার পায় তারে পায় নাকো আর।”

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp