পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। পরীক্ষা তো পরীক্ষাই, তবে বোর্ড পরীক্ষা আবার কী? বড়দের সঙ্গে দেখা হলেই প্রশ্ন, “কিরে, এ+ পাবি তো?” হাঁটতে চলতে স্যারদের আলোচনায় শুনি—এই ব্যাচটা নাকি খুব ভালো। এবার আমাদের স্কুলে এ+ আসবে, এমনই আশা। যদিও এ+, বৃত্তি—এসব সম্পর্কে আমার জ্ঞান প্রায় শূন্য। আমি স্কুলে আসি বন্ধুদের সঙ্গে দেখা করতে, খেলতে, সময় কাটাতে, আনন্দ করতে। এর ফাঁকে ফাঁকে যা ভালো লাগে, সেসব আনন্দের সঙ্গে শিখি। এ+ কী? সেটা দিয়ে আমার কী হবে?
আমার স্কুলের নাম—ইন্দ্রকুল হাই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়। পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় অবস্থিত, একেবারেই গ্রামের স্কুল। হাতে গোনা কয়েকজন শিক্ষক। দুঃখিত, শিক্ষক নয়, এরা যেন পার্টটাইম প্যারেন্টস। যতক্ষণ স্কুলে থাকি, ততক্ষণ তারাই বাবা-মার দায়িত্ব পালন করেন। আমাদের আগলে রাখেন। একদিন স্কুল মিস করলে, পরদিনই প্রশ্ন—”কেনো আসো নি? অসুস্থ ছিলে? বৃষ্টিতে ভিজে জ্বর হয়েছে? নাকি ইচ্ছে করেই আসো নি? তাহলে কিন্তু শাস্তি আছে!” আদর, ভালোবাসা,শাসন সব মিলিয়ে তারা।
এক নাগাড়ে দুই দিন স্কুলে যাইনি। তৃতীয় দিন কয়েকজন বন্ধু হাজির—
—”কিরে, স্কুলে আও না ক্যা?”
—”নানাগো বাড়ি গেছিলাম।”
—”যাই হোক, হোন, ভালো খবর আছে।”
—”কি খবর?”
—”এবার ইন্টার স্পোর্টসে তোর নাম দেছে। কবিতা কইতে হবে। কবিতা: সংকল্প, কাজী নজরুল ইসলাম।”
কিন্তু একদিনে প্র্যাকটিসে কিছুই হলো না। কবিতার জন্য নির্বাচিত হলো অন্য কেউ। একটু খারাপ লাগলো। কবিতা আর এমন কী, যেটা প্র্যাকটিস ছাড়া সম্ভব না! যাই হোক, আমি নিলাম একক অভিনয়। আগ্রহ দেখে স্যাররা ‘না’ করতে পারলেন না। অভিনয়ের কিছুই বুঝি না, যা দেখেছি সেটাই করেছি, সাজগোজ ছাড়া। তবুও, আমি প্রথম! স্কুলের শিক্ষকরাও অবাক। এবার উপজেলা পর্যায়ে যাবো।
কিন্তু না, প্রধান শিক্ষক বারন করলেন—”এবার অনেক বড় সুযোগ, কয়েকটা এ+ আনার সম্ভাবনা আছে।” আমার অভিনয়ের অ-ও এখানেই শেষ।
প্রাথমিকের পাশেই দাঁড়িয়ে আছে মাধ্যমিক এর ভবন। ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়। আমাদের কাছে পরিচিত “হাইস্কুল” নামে। যাইহোক, মাধ্যমিকে উঠার পর এক নতুন নেশা ধরলো—আদালত দেখার নেশা। স্বপ্ন দেখতে লাগলাম—আমি হবো কেডি পাঠক, অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মজলুমের পাশে দাঁড়াবো। কিন্তু এসব তো অনেক দূরের স্বপ্ন। আগে একটু কেডির মতো অভিনয় করে দেখি!
লিখে ফেললাম একটা নাটক—আদালত। নিজের মতো করে বানানো। বন্ধুদের দেখালাম, ওরা পছন্দ করলো। রাজি হলো অভিনয়ের জন্য। হুট করে এক শুক্রবারে আয়োজন করলাম—অভিনয় আর ভিডিও শুট। কিন্তু যতটা সহজ ভেবেছিলাম, ততটা সহজ নয়। অর্ধেক হয়েছে, এর মধ্যেই জুমার আজান—আল্লাহু আকবার, আল্লাহু আকবার! বাকি অর্ধেক আর হলো না। কলেজে এসেও হয়ে উঠে নি। ঐ যে করোনা মহামারির আগমনে সব ওলট-পালট।
তাতে কি? মানুষ যদি সত্যিকার অর্থে স্বপ্ন দেখে, একদিন সে স্বপ্ন সত্য হয়—এটাই বাস্তবতা।
আমার খুব প্রিয় বড় ভাই, রিয়ন ভাই, হঠাৎ এক রাতে মেসেজ দিলেন—
“এবার QMH-এর কুইজ হচ্ছে না, গতবার যেখানে তুমি প্রথম হয়েছিলে। তবে এবার প্রেজেন্টেশন আর ভিডিও মেকিং কনটেস্ট হচ্ছে, দুটোই পরিসংখ্যান নিয়ে।”
মনটা খারাপ হয়ে গেল। এসব কিভাবে করবো? কারা করবে? মনে হলো এবার হয়তো প্রথমবারের মতো QMH-এর কোনো পুরস্কার মিস করবো।
ভাই সাহস দিলেন, বললেন—”আরেহ, চেষ্টা করো। দেখবা হয়ে গেছে।”
ভাইয়ের সাহস, ডিপার্টমেন্টের কিছু বসদের প্রতি বিশ্বাস আর চোখের আড়ালে পড়ে থাকা সেই পুরোনো স্বপ্ন—সব মিলে শুরু করলাম। ওরা তো রাজিই না।
—”এসব আমরা কখনো করি নাই। এসব পারবো না। পুরস্কারও পাবো না।”
আচ্ছা, এবার ‘বস্’ শব্দটার গল্পটা বলি।
সেকেন্ড ইয়ারে কোনো একটা ভালো ঘটনার পর ফরিদ বলেছিল, “আরেহ বস্, তুমি তো সেরা।” আমি বলেছিলাম, “ঢাবির সবাই তো বস্!” তারপর থেকেই আমি ব্যাচমেটদের হামেসাই ‘বস্’ ডাকি। ওরা সবাইও আমাকে ডাকে। যাদের সঙ্গে বেশি সময় কাটাই—মহিউদ্দিন, ইজ্জাক, মেহেদি—ওদেরকে বেশি ডাকি, ওরাও আমায় ডাকে। এটাই ‘বস্’-এর আদিঅন্ত।
স্ক্রিপ্ট লেখা শুরু করলাম ফোনেই, পাঠালাম ওদের। গল্প পড়ে রাজি হলো। তবে একটা সমস্যা—সামনেই ৩০৩ এর ইনকোর্স। তারপরও শুরু করলাম কাজ। ইনকোর্সের পড়া, নবীনবরণ, টিটি খেলা, টিউশন বাদ দিয়ে, বৃষ্টিতে ভিজে, সকালের ঘুম ছেড়ে, কুয়াশার মাঝে… হাজার রকমের ত্যাগের বিনিময়ে ভিডিও শেষ হলো।
এবার এডিটিং। হুমায়ুন ভাইকে রাজি করালাম সাহায্য করতে।
ভিডিও সাবমিশনের শেষ তারিখ আজ। টিউশন বাদ দিয়ে শিশিরের কাছে গেলাম। সবাই মিলে, যে যেভাবে পারে কাজ করে যাচ্ছে। সময় কম। ১২টার মধ্যে সাবমিট করতে হবে। ইডিটিং এর সময় মেহেদির উপর অনেক প্রেসার পরেছে। কোনো রকমে সকাল ১১:৫৭-এ ভিডিও জমা দিলাম। সবাই যেন হাফ ছেড়ে বাঁচলাম।
কী এক প্রশান্তি! এত অভিজ্ঞতার ভিতর দিয়ে একটা চমৎকার টিমওয়ার্ক গড়ে উঠলো। কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু হৃদয়ে এক ধরনের আনন্দ খেলে যাচ্ছে। সত্যি বলতে, কষ্ট আর সুখ এমন দুইটা রশ্মি, যারা সবসময় নিজেদের মাঝে সরল কোণ বজায় রেখে চলে।
আরও বড় সুখ এলো যেদিন ফলাফল ঘোষণা হলো—ভিডিও কনটেস্টে আমাদের টিম চ্যাম্পিয়ন!
আলহামদুলিল্লাহ!
ওদের তিনজনের মুখে হাসি দেখে মনে হলো, এ যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য—আপন, প্রিয়, ভালোবাসার মানুষদের হাসতে দেখা।
অনুষ্ঠান শেষে চারজন মিলে একটা ছবি তুললাম। সেই ভিডিও আর এই ছবিটা আমার ভার্সিটি জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে।
শেষে একটা টুইস্ট আছে!
ছবিটা বারবার দেখতে গিয়ে হঠাৎ একটা কাকতালীয় সৌন্দর্য চোখে পড়লো—ছবিতে চারজনের অবস্থান এমনভাবে: ইজ্জাক এর ডানে মহিউদ্দিন, তার ডানে আমি (আব্বাস), আমার ডানে মেহেদি।
এই পজিশন অনুযায়ী নামের প্রথম অক্ষরগুলো সাজালে, দাঁড়ায়: E-M-A-M
উচ্চারণ: ইমাম।
ইমাম অর্থ নেতা। আর নেতা’কে ইংরেজিতে বলা যায়—BOSS।
এই BOSS দুইভাবে প্রতিনিধিত্ব করছে—
১. আমরা চারজন একে অপরকে যেভাবে “বস্” ডাকি,
২. এবং এই ছবিটা তো চ্যাম্পিয়ন টিমের ছবি। যেখানে “বস্” এবং “চ্যাম্পিয়ন” শব্দদুটো প্রায় কাছাকাছি অর্থের। প্রকৃতির প্রতিটি ঘটনার মাঝেই সৌন্দর্য লুকিয়ে থাকে। যদি আমরা দেখার জন্য মন খুলে তাকাই, তাহলে প্রকৃতি আমাদের মুগ্ধ করবেই।
- মো: আব্বাস উদ্দিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/বৃহস্পতিবার, অক্টোবর 13, 2022
- মো: আব্বাস উদ্দিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/বৃহস্পতিবার, নভেম্বর 10, 2022
- মো: আব্বাস উদ্দিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/বৃহস্পতিবার, ডিসেম্বর 8, 2022
- মো: আব্বাস উদ্দিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 9, 2023
- মো: আব্বাস উদ্দিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/বৃহস্পতিবার, মার্চ 9, 2023












