এই উনিশ-বিশ কোটি মানুষের গা ঘেঁষাঘেঁষি ভীড়ে আমি প্রেমে পড়েছিলাম দুইজনের। এক শরৎচন্দ্রের পরিণীতা উপন্যাসের গিরিন চরিত্রের। গিরিন উপন্যাসের প্রধান চরিত্র ছিলো না কিন্তু তবুও আমি প্রেমে পড়লাম৷ তৈরি হতে থাকলো গিরিনের সাথে কাল্পনিক প্রেম প্রেম খেলা৷ বয়স তখন কতই বা আর! অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলাম সবে৷
দ্বিতীয়বার প্রেমে পড়লাম নূর ভাইয়ের। যে সে প্রেম নয়; একদম সাহিত্যিক প্রেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথম কাজই ছিলো নূর ভাইকে খুঁজে বের করা। আমি তখন অষ্টাদশীর কোঠায়। যে প্রেমের প্রারম্ভ চৌদ্দতে মনের কোনো এক কোণে রজনীগন্ধার মতো শুভ্র হয়ে আটকা পড়েছিলো আঠারো তে এসে সেই প্রেম যেনো বিহ্বল হয়ে ধরা দিলো সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার কিশোরী মনে। আমি উন্মাদ-উন্মত্ত হয়ে ছুটলাম নূর ভাইয়ের খোঁজে। ‘নূর ভাইকে চাই’ এক অব্যক্ত বিজ্ঞাপনে ছেয়েঁ গেলো পুরো ক্যাম্পাস৷ গোটা চারবছর হৃদয়ের ঠিক কোন জায়গা হরণ করে নূর ভাই আসন পেতেছিলেন আমি টেরই পাইনি। একই ক্যাম্পাস, একই আলো, বাতাসে হেসে খেলে পাড়ি দেই আমরা অথচ আমাদের দেখা হচ্ছে না। অবশ্য নূর ভাইয়ের খোঁজ একদমই যে ছিলোনা আমার কাছে তা মোটেও না৷ উনি পড়তেন পদার্থবিজ্ঞানে। কার্জনের লাল প্রাচীরে বসে উনি পড়তেন কোয়ান্টাম ম্যাকানিক্স, ব্ল্যাক হোল, থার্মোডাইনামিক্স নিয়ে। আমি কলাভবনের কোনো এক কোণে পড়ি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, স্ট্র্যাইন থিওরি, পোস্টমডার্নিজম নিয়ে। কোকঁড়া চুল ভর্তি-পানতোয়ার মতো দুটো চোখ, চোখে দুই লেয়ারের চশমা, বুদ্ধিদীপ্ত নূর ভাই লেগে থাকতেন জটিল সব থিওরি নিয়ে। আর আমি থাকতাম সমাজ-রাজনীতি নিয়ে। কলাভবন থেকে কার্জনের দূরত্ব তেমন একটা নাহ কিন্তু জাহানের কাছে নূর ভাইকে পাওয়ার দূরত্ব ছিলো কয়েক আলোকবর্ষের মতো। হৃদয়ের অব্যক্ত প্রেমিক নূর ভাই৷ মাস কয়েকের ব্যবধানে সেই অনুভূতি আরও কাটখোট্টা হয়ে ধরা দিলো। নূর ভাইয়ের পড়াশোনার ব্যপ্তি তখন শেষের পথে প্রায়। বয়স ছাব্বিশ কি সাতাশ। বন্ধুর ছোটবোন হওয়ার সুবাদে মাঝেমধ্যে এদিকটায় আসতেন সৌজন্যতা রক্ষার দায়ে। অনুক্ষণ আমাদের চায়ের আলাপ চলতো৷ সেবার কি করে যেনো বলে ওঠলেন ” জাহানারা নীলক্ষেত যাবে? কিছু বই কিনতাম তোমাকে নিয়ে। আমি দ্বিধাহীনভাবে তাত্ক্ষণিক রাজি হয়ে গেলাম কোনো ভ্রুক্ষেপ ছাড়াই৷ যেনো কোনো ঝড়গ্রস্ত নাবিক অতি সন্তর্পণে এক টুকরো খড়কুটো পেয়ে আঁকড়ে ধরতে চাইলো। আমরা হাটঁলাম ভিসি চত্বর হয়ে পুরো নীলক্ষেত এর সরু অলি-গলি, নিয়নবাতির শহর।ভুলে যাওয়া গানের কলির মতো সময়ও যেনো ভুলে গেলাম৷ নূর ভাই শ্রীকান্ত বইটা কিনে দিলেন। তারপর থেকে নিজেকে আমার রাজলক্ষ্মী মনে হতে থাকলো। আর নূর ভাইকে শ্রীকান্ত। অবশ্য আব্বা জন্মের সময় নাম রেখেছিলেন জাহানারা। আদর করে সবাই ডাকতো জাহান৷ জাহান অর্থ পৃথিবী। আর নূর ভাইয়ের নাম ছিলো নূরোজ্জোহা। নূর ভাই সুতীক্ষ্ণ আলোকরশ্মির মতোই ছিলেন। সে যে ঝলসানো আলো নাহ, নেত্রপল্লব শান্ত করার মতো আলো। আমার উন্মত্ত মনে আকস্মিক দুষ্টবুদ্ধি চেপে বসলো। রাজলক্ষ্মী সেজে পত্র পাঠালাম নূর ভাইকে। হাত বদলে তা পৌঁছেও গেলো রোকেয়া হল থেকে শহীদুল্লাহ্ হলে। শুরুতেই লিখলাম ওহে শ্রীকান্ত, তুমি গোাপনে আসিয়াছ তাই বলে গোপনে কি করে যাইতে দেই?সেই নির্জন নিশীথে তুমি কতখানি আমার করে রেখে গেছো জানো? যার প্রেমে পড়েছিলাম কৈশোরে। যৌবনে এসে যে প্রেম টলে ওঠেছিলো সেই নূর ভাইয়ের সাথে প্রথম সাক্ষাৎ আমাদের রক্ষণশীল বাড়িতেই। সে এক আষাঢ়ী পূর্ণিমা তিথি৷ রোয়াক থেকে মা হাঁকডাক শুরু করলেন ভাই এসেছে ঢাকা থেকে। সঙ্গে এসেছে তার বন্ধু। অন্তপুর থেকে পর্দার আড়ালে গুটিগুটি এলোপায়ে উকিঁ দিয়ে দেখি এক সহাস্য বুদ্ধিদীপ্ত যুবক। চোখে কালো ফ্রেমের চশমা, কোকঁড়া চুল, গালভর্তি খোঁচা খোঁচা দাঁড়ি। সেই থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন ডালডালা মেলতে শুরু করলো। মাসেক পর পত্র এলো। নূর ভাইয়ের পত্র। শুরু হলো নূর জাহানের ছদ্ম প্রেম। শ্রীকান্ত জানলো কোনো এক রাজলক্ষ্মী কাঁক ডাকা ভোরে, কিংবা হাড়ঁ কাপুনে শীতে অপেক্ষায় মগ্ন। নূর ভাই ভারী ভাষায় পত্র লিখতেন। সাহিত্যের রস-টস না বোঝা এক বোকা প্রেমিক। কবিতার ভাষা বুঝতেন না। উপমা লিখতেন না। বৃষ্টিবিলাস, চায়ের চুমুক কিছুই বুঝতেন না। সেবার পত্র এলো সামনের ফাল্গুনে দেখা করবেন। আমি পরবো হলুদ শাড়ি, খোঁপায় বেলীর মালা, হাতে রেশমী চুরি আর কপালে ছোট্ট একটা টিপ৷ নূর ভাই শুধু চিনতেন রাজলক্ষ্মীকে; জাহানের অস্তিত্ব কোথাও ছিলো নাহ। সেবার শীতের ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ। তল্পিতল্পা গুছিয়ে বাড়ি যাবো৷ দিনটি ছিলো বৃহস্পতিবার।দোয়েল চত্বর থেকে বাসে উঠলাম কমলাপুরের উদ্দেশ্যে। কয়েক সেকেন্ডেই আখিঁপল্লব লজ্জাবতী লতার মতো নেতিয়ে পড়লো৷ বাসের দরজার হাতল ঘেঁষে নূর ভাই। সাতাশ বছরের পরিপক্ব এক যুবক।দেখেই বল্লেন আরেহ জাহান বাড়ি যাচ্ছো নাকি? আচ্ছা সাবধানে যাও৷ সেই বৃহস্পতিবার; সেই লোকাল বাস আর একটা কালো ফ্রেমের চশমার আড়ালে জ্যোতির্ময় চোখ জোড়া৷
১৪ ফেব্রুয়ারি ২০২৪,
নূর ভাই বলেছিলেন পরের ফাল্গুনে দেখা করবেন। অথচ সময় বোহেমিয়ান ঘোড়ার মতো ছুটে গেছে টগবগিয়ে কখন টের পাইনি। নাহ নূর ভাই আমার হন নি। আমি এই টিএসসি, মলচত্বর, চারুকলা, ফুলার রোড ঘিরে যে কাল্পনিক সংসার সাজিয়েছিলাম তার কিছুই হয়নি। তন্মধ্যে পেরিয়েছে দুই যুগেরও বেশি সময়৷ উন্মত্তা, দীপ্তিমান জাহান এখন ষাটোর্ধ্ব প্রৌঢ়া। নিজের ক্যাম্পাসে এসে আমার সেই বহুদিনের লালিত স্বপ্নেরা স্মৃতির পসরা ঢেলে সাজাচ্ছে আজ। ছলছল চোখে আমি চির যৌবনা উন্মত্তা জাহানের ধাপিয়ে বেড়ানো ক্যাম্পাসের তীক্ষ্ণ প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি৷ এই ক্যাম্পাস এক ছদ্ম প্রেমের সাক্ষী। যে প্রেম শ্রীকান্ত- রাজলক্ষ্মীর। এই আধভাঙা ইটের দেওয়াল, ডাকসু ক্যাফেটেরিয়া, লাল কৃষ্ণচূড়া গাছটা সব। লাল প্রাচীর, অক্টোবরের রেইন, টিএসসির সন্ধ্যা, গিটারিস্টের গান সবকিছু।
১৫ ই ফেব্রুয়ারি, ১৯৮৩,
শীতের ছুটি পড়ে যাওয়ায় আমাদের ছদ্ম প্রেমের আনুষ্ঠানিক সাক্ষাৎ ঘটেনি। কম্বল মুড়ি দিয়ে শীতের একটা অপরাহ্ন কাটাচ্ছি। ঠিক তখনই চোখে পড়লো মোটা দাগে পত্রিকার শিরোনামে; পত্রিকার ফ্রন্ট পেইজ ভর্তি করে লেখা……. ১৪ই ফেব্রুয়ারি এরশাদ সরকারের প্রেরিত শিক্ষানীতি বাতিলের দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নূরোজ্জোহার মৃত্যু। থমকে গেলো ছদ্ম প্রেম। আমরা কাছে আসার আগেই সরে গেলাম আলোকবর্ষ দূরে। যে প্রেমের আনুষ্ঠানিক শুরু ঘটেনি। সমাপ্তিও নাহ।
তিন যুগেরও পরে আমি দেখছি এই চিরচেনা জায়গা, এই মাটি। একই আকাশ ;বাতাসের দমকা হাওয়া। আমি মনে মনে বুলি আওড়াচ্ছি মহাদেব সাহার বিখ্যাত লাইন:
” তোমাকে দেখেছি
সেই কবে, কোন এক বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখিনা। “`
- ফারিয়া তাবাসসুম মেহরিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8/বৃহস্পতিবার, অক্টোবর 10, 2024
- ফারিয়া তাবাসসুম মেহরিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8/বৃহস্পতিবার, ডিসেম্বর 12, 2024
- ফারিয়া তাবাসসুম মেহরিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 13, 2025
- ফারিয়া তাবাসসুম মেহরিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8/শুক্রবার, এপ্রিল 18, 2025
- ফারিয়া তাবাসসুম মেহরিনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8/বৃহস্পতিবার, মে 8, 2025












