নভেম্বর 13, 2026

বহু দিন ধরে’ বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
 দেখিতে গিয়েছি সিন্ধু।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।

ঠিক যেমন কাছে থাকা সৌন্দর্য আমরা অনুধাবন করতে পারি না, তেমন দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে অনেক ধরনের তথ্য উপাত্ত যাচাই বাছাই করে পরিকল্পনার পূর্বানুমান, এসব যে জীবন-জীবিকার জন্য নিছকই এক বাস্তবতা নয়, বরং জীবন পরিচালনায় পরিসংখ্যানে অভ্যস্ততা; তা আমরা বুঝতে পারি না। আমাদের এই অভ্যস্ততা যে আদতেই পরিসংখ্যানের ব্যবহার তা আরও ভালো করে বুঝানোর জন্য World Statistics Day উপলক্ষ্যে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের QMH Statistics Club দ্বারা আয়োজিত এক ছোট্ট তবে উদ্ভাবনমূলক উদ্যোগ হলো STATFEST 2.0।

কথাগুলো আমাদের উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনার, তবে বলে দিচ্ছে পুরো StatFest 2.0 এর আত্মকাহিনী। অনেক দিনের চিন্তা, কল্পনা, ইচ্ছার সংমিশ্রণ ছিল এই আয়োজনে। ছিল নানা অভিমান, অভিযোগ, নবীনদের উচ্ছ্বাসে ভরপুর সিনিয়র জুনিয়র মিলে আয়োজন। হয়তোবা সামনে ছিলাম সিনিয়র-জুনিয়র মিলে ৩৪জন কিন্তু আয়োজনটা ছিল পুরো পরিসংখ্যান বিভাগের জন্য। 

StatFest 2.0 এর চিন্তা, পরিকল্পনার শুরুটা করেছিল আমাদেরই ৬৮ ও ৬৯ তম ব্যাচের সিনিয়রা। World Statistics Day উপলক্ষে কিছু একটা হবে তা টের পেয়েছিলাম রিয়ন ভাইয়ের সাথে কথা থেকে; এরপর হঠাৎই এক গ্রুপে একদিন সোহান ভাই বললেন StatFest 2.0 এর আয়োজন হবে ৫ নভেম্বর, ২০২৫ এ। ৭১তম ব্যাচের মানুষ লাগবে, প্ল্যান করে কাজ শুরু করতে হবে; কাল সেমিনারে আস সবাই মিলে প্ল্যান করি। খুশিতে আমরা ১৭জন অভাগা সেমিনারে বসলাম প্ল্যান নিয়ে যেখানে আমি অন্তত অনুমান করতে পারি নাই এতো বড় আয়োজন হতে চলেছে আমাদের মাধ্যমে।

প্রথমেই আসলো রেজিস্ট্রেশন ফি এর কথা। স্যাররা নির্ধারণ করে দিলেন প্রতি ব্যাচের জন্য রেজিস্ট্রেশন ফি। সেখানে কত শত মন কষাকষি, মন খারাপ, ভুল বোঝাবুঝি। প্রথম মনে হলো আমরা বোধ হয় পারব না। উফ্, কী ছিল মুহূর্তগুলো! প্রতিটা মুহূর্তে নিজেদের শুধু বুঝিয়েছি এখন ঠান্ডা থাকতে হবে। যাই বলে বলুক আমরা পারবই। একটু একটু করে নিজেদের শক্ত করে দাঁড় করানোর দীক্ষা পাচ্ছি এমন লাগছিল।

এরপর আসলো স্পন্সরশীপ খোঁজা নিয়ে নতুন কাজ। আমাদের হাতে সময়টা খুব কম ছিল, অনেক ভেবে কোনো কাজ করব তা সম্ভব ছিল না। তবে মাথা ঠান্ডা করে কাজ করতে হয়েছিল, হয়েছে আমাদের নতুন অভিজ্ঞতা। প্রথমে মন ভেঙে গেলেও, আস্তে আস্তে কাটিয়ে উঠছিলাম। ঐ সময় আমাদের ভরসা দিয়েছিল ৬৮তম ব্যাচের সোহান ভাই,  হুমায়ূন ভাই আর রুহী আপু। এছাড়াও সেসময় আমাদের সহযোগিতা করেছিলেন ৬৯তম ব্যাচের রিয়ন ভাই,  সালমা আপু, তন্ময় দাদা। আমাদের এই স্পন্সরশীপ খোঁজার টিমের মানুষগুলো (মুহেব্বুল, আতিকা, রায়েতা, মিনা, আফিয়া, নাফিছা) সত্যিই অসাধারণ। তাদের উপস্থিত বুদ্ধি মারাত্মক। এছাড়াও ফোনে সিনিয়রদের সাথে যোগাযোগ করেছি আমি, ঐশী, মাইমুনা, রাফাহ, লায়লা, সারা। আহ্, সে তো অন্য কাহিনী!

একদিকে স্পন্সরশীপ খোঁজার কাজ চলছিল, অন্যদিকে অনুষ্ঠান ভালো করে দাঁড় করানোর জন্য ডিজাইন, ডেকোরেশন এসবের কাজ চলছিল। ডিজাইনের টিমে জ্যোতির্ময়কে আমি সবচেয়ে বেশি জ্বালাতন করেছি। ক্রেস্টের ডিজাইন হোক, কিংবা ফল ব্যানার বা প্রোগ্রাম ব্যানার বা ভলান্টিয়ার সার্টিফিকেট হোক; বললেই করে দিয়েছে। ৭২তম ব্যাচের এই ছেলেটা একবারও বিরক্তি প্রকাশ করে নাই, বরং প্রতিটা কাজে আগ্রহ দেখিয়ে, নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে দিয়েছে।  আমাদের ডিজাইন টিমের সুমাইয়া(৭১তম ব্যাচের),  বিনতুল মিলে ডিজাইন করে ফেলল পার্টিসিপেন্টদের আর বিজয়ীদের জন্য সার্টিফিকেট। ঐ ডিজাইন টিমেরই আর এক ভাগ কাজ করছিল ভিডিও এডিট নিয়ে, যেখানে ছিল আরিফা, আরিবা, আশিক। জুনিয়রকে ভিডিওতে অভিনয়ের কলাকৌশল শিখিয়ে, তাদের মেনেজ করে ভিডিও নিয়ে সেটার আবার ইডিট; এই কাজগুলো করেছে ৭৩তম ব্যাচের আরিবা, আশিক। ওদের নানাবিধ আইডিয়া দিয়েছে ঐশী আর সাহায্য করেছে আরিফা।  আরিফা হলো আমাদের ব্যাচের এক “ছুপা রুস্তাম”। সে জানে অনেক কিছু, কিন্তু কী জানে তা সে নিজেই জানে না। এই মানুষটা আমাদের প্রাণপ্রিয় প্রয়াত অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক স্যারের স্মরণে একটা ভিডিও তৈরি করে; তা দেখে আমাদের মনে হচ্ছিল এই তো স্যার আমাদের সামনেই আছেন। সেই ভিডিওতে ভয়েজ ওভার দিয়েছে লায়লা; আর এই সবকিছু গুছিয়ে দিয়েছিল হুমায়ূন ভাই। সুমাইয়া, আফিয়া মিলে নোটপ্যাড, চাবির রিং এর ডিজাইন করেছিল; আর অনুষ্ঠানের আগে সবার হাতে যে লিফলেট ছিল সেটা ডিজাইন করেছিল আরিফা।

এতক্ষণ তো শুধু ডিজাইন টিমের কর্মঠ মানুষগুলোর কথা বললাম। আমাদের ছিল ডেকোরেশন টিম, ক্যাপশন লিখার টিম, পোস্ট করার টিম, গিফট সিলেকশন টিম আরও কত কী টিম! অনুষ্ঠানের মোটামুটি ১৫দিন আগে থেকে যে পোস্টগুলো করা হয়েছিল সেগুলোর সুন্দর ফিচার বানিয়ে দিচ্ছিল জ্যোতির্ময়, ক্যাপশন লিখে দিচ্ছিল রাফাহ, অনন্যা, সুমাইয়া(৭২তম ব্যাচের), মাঝে মাঝে আমিও লিখেছি কয়েকটা। পোস্ট করছিল লায়লা,  মুহেব্বুল, আশিক। সার্টিফিকেটের মাঝে থাকা ফরমাল কথাগুলো খুঁজে দিচ্ছিল মাইমুনা, নৌশিন। স্ট্যান্ড পোস্টারগুলো ডিজাইন করে দিয়েছিল ঐশী, সারা, মাইমুনা, সুমাইয়া(৭১তম ব্যাচের), রাফাহ, আমি। সব মিলিয়ে এরশাদ স্যারকে ২/৩বারে দেখানো হয়েছে কাজগুলো, স্যার অ্যাপ্রুভ করে দিলেই আমরা বাকি কাজ শুরু করতাম।

সবকিছু অর্ডার, প্রিন্টিং, দেখাশোনা এসব করেছে মুহেব্বুল; ওর সাথে ছিল আব্বাস। এই ছেলে দুইটা ক্লাস শেষ করে বের হতো নীলক্ষেত, কাটাবনের উদ্দেশ্যে, কাজ করত, ঐদিনের কাজ শেষ করে যার যার রুমে ফিরত রাত ১২টায়। এভাবেই চলছিল সব; রিয়ন ভাই সোমবারের পরীক্ষা শেষ করে কিনলেন গিফট আইটেম।

ডেকোরেশন করা হবে বুধবারের আয়োজনে, ঠিক করলাম মঙ্গলবার বেলা ১০টায়, এর উপর নীলক্ষেত ঐদিন বন্ধ! সব মিলিয়ে এক বিশ্রী অবস্থা। ঐ সময় শাবাব, আশিক মাথা ঠান্ডা করে নিজের বিবেচনা দিয়ে সুন্দর করে কাজ গুছিয়েছিল। একবার যায় এফ.এইচ হলের ফটোকপির দোকানে, আবার যায় পলাশীর মোড়ের দোকানে। শেষে আমাদের ডিপার্টমেন্টের নিচের ফটোকপির দোকানই আমাদের কাজ কমে গিয়েছিল। এরপরের কাজগুলো করেছিলাম আমি, আরিফা, আফিয়া, আতিকা, আরিবা, সুমাইয়া(৭৩তম ব্যাচের), শাবাব, আশিক। দেড় ঘণ্টা কাজের পর যা কাজ বাকি ছিল সব মেয়েগুলো হলে নিয়ে গিয়ে রাত জেগে করেছিল। আবার বুধবার সকালে এসে ডিপার্টমেন্টের বারান্দা, ৪০১নং রুমে লাগিয়েছে; সাথে আমাদের জুনিয়ররাও ছিল।

এবারে একটা মজার কথা বলি। এই যে এতগুলো কাজ হবে বা হচ্ছিল এগুলোর একটা লিস্ট কিন্তু ছিল আমার কাছে। কিন্তু আবার এসব মনে করিয়ে দিতো রিয়ন ভাই। মাঝে মাঝে কাজ আরও বাড়িয়ে দিত ভাই কারণ আমার আর খেয়াল থাকতো না। ঐ সময় ভাই মেসেজ বা কল দিয়েছে এটা দেখলেই আমার মাথার তারগুলো পারলে চিল্লাচিল্লি করত আর বলত, “আবার কী মিস করে গেলি নিঝুম! আবার নতুন করে কাজ শুরু করতে হবে।” ওহ্, কী হাস্যকর ছিল ঐ সময়টা!

এখন আসি উপস্থাপনার ব্যাপারে, নতুন দুই  উপস্থাপক- উপস্থাপিকার হাতে দিয়েছিলাম স্ক্রিপ্ট লিখার দায়িত্ব,যাদের জন্য স্ক্রিপ্ট আমরা কেউ রেডি করে দিতাম,কারণ তারা তো বাচ্চা। কিন্তু এবার কাজের প্রেসার থাকায় স্ক্রিপ্ট নিয়ে বসব সেটার সময় হয়ে উঠছিল না আমার বা লায়লার বা মুহেব্বুলের। তাই ওদের দেওয়া কিন্তু স্ক্রিপ্ট লিখার অভ্যাস মাহাদি, সাদিয়ার না থাকায় পুরোটা লিখে শেষ করতে পারে নাই। অনুষ্ঠানের আগের দুইদিনের রাত জেগে আমাকেই স্ক্রিপ্ট ঠিক করতে হয়েছে। তবুও মাহাদি, সাদিয়ার ছোট্ট মাথাগুলো যতটুকু লিখে দিয়েছিল তা ছিল খুব সুন্দর। আমার স্ক্রিপ্টগুলোয় যে ভুলগুলো ছিল, তা ঠিক করে দিয়েছিল রুহী আপু আর এরশাদ স্যার। রুহী আপুই প্রথম বর্ষে আমাকে প্যাপাইরাসের জন্য উপস্থাপনা করতে উৎসাহ দিয়েছিলেন, আমাকে জীবনে প্রথম স্টেজে উঠার সাহস জুগিয়েছিলেন। যার ধারাবাহিকতায় এই তো এবার আমার অনার্স চতুর্থ বর্ষে এসেও ফরমাল অনুষ্ঠানে উপস্থাপন করছি। আমাদের অনুষ্ঠানের উপস্থাপনা টিমকে আমি “ওরা ৭জনের” মতো করে বলতে চাইলে বলতে পারি “আমরা ৭জন” যার মাঝে ছিলাম ৭৩তম ব্যাচ থেকে মাহাদি, সাদিয়া, ৭২তম ব্যাচ থেকে অনন্যা, ৭১তম ব্যাচ থেকে আমি, মুহেব্বুল, লায়লা, রাফাহ।

অনুষ্ঠানের দিন টোকেন, চাবির রিং, বুক মার্ক,কলম নিয়ে বুথে বসেছিল আরিবা, রায়েতা, মাইমুনা, আশিক, লায়লা, রাফাহ। খাবারের বুথে ছিল সেলিম, সুমাইয়া(৭২তম ব্যাচের), শাবাব, নিলয়। পুরো অনুষ্ঠানে আমাদের সাহায্য করেছে মাহির, মেহরাব। সম্পূর্ণ অনুষ্ঠানের ছবি ক্যাপচার করেছে আমাদের নবীন ব্যাচ অর্থাৎ ৭৪তম ব্যাচের মোহাম্মদ তাহসিন ফারহান, সিয়ামুজ্জামান লাম, এইচ এম ফারদিন, রেদোয়ান আহমেদ ফায়েজ, ফারহানা রিফাত সাচি। অসাধারণ ক্যালিওগ্রাফিক লিখা দিয়ে আমাদের বিজয়ীদের জন্য যে সার্টিফিকেট ছিল তা পূরণ করে দিয়েছে সাচি। কতশত মেধা যে মানুষের আছে, তা সত্যি আমি উপলব্ধি করতে পারতাম না এসব অনুষ্ঠানের আয়োজনে না থাকলে।

টানা কয়েকদিন কাজের পর আমরা ক্লান্ত ছিলাম। তবুও স্যার- ম্যাডাম, সিনিয়র-জুনিয়রের চোখে মুখে উৎসাহ দেখে আমরা সেদিন প্রত্যেকে দাঁড়িয়েছিলাম। উপস্থাপনার একটা সময় এসে কেন যেন মনে হচ্ছিল আমি আর পারব না। তখন দেখি ঐ দূরে, একটা বেঞ্চে বসে রুহী আপু অধীর আগ্রহে তাকিয়ে আছেন আমাদের দিকে। এরপর চোখ আর একটু সরাতে গিয়ে দেখি আমাদের স্যার ম্যাডামরা চেয়ে আছেন আমার আর মুহেব্বুলের দিকে। কে যেন বলেও উঠলেন, “ওহ, ওরা আছে স্টেজে?” খুশি মাখা সেই গলা শুনেই মাথা থেকে সব ঝেড়ে ফেলে শুরু করলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেখানে অতিথি হিসেবে ছিলেন মাননীয় ডিন স্যার, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক লুৎফর রহমান স্যার।

এতক্ষণ এতো সহজে এতো বড় আয়োজনের পেছনের কথা যে বললাম; সেটা শুনলে অবশ্যই মনে হচ্ছে খুব সহজ ছিল আমাদের অভিযান। বাস্তবতা ছিল ভয়াবহ; এখনো মনে আছে আমরা যখন ভাবছিলাম পারব না, তখন শাফিন ভাই (৬৬তম ব্যাচ সম্ভবত) ভাই আমাদের ঠান্ডা করে আবার ভাবতে বলেছিলেন। তিনি আমাদের একটা সুন্দর প্রোগ্রাম দাঁড় করানোর উপায়ও বলে দিয়েছিলেন।

এই আয়োজনে ছিল মন কষাকষি, রাগ, অভিমান, অভিযোগসহ আরও নানান কিছু। কিন্তু দিনশেষে ছিল কিছু লার্নিং, কিছু নতুন অভিজ্ঞতা। ছিল নতুন করে নিজেকে এমনকি সকলকে আবিষ্কারের এক মাধ্যম। ছিল সিনিয়র-জুনিয়র মিলে হাসি, মজা, সৌহার্দ্যে ভরপুর থেকে রত্ন খোঁজার অভিযানের মতো। লিখার শুরুতে ৭১তম ব্যাচের ১৭জনকে অভাগা বলার কারণ পুরো লিখা পড়ে বোঝা যাচ্ছে হয়তো, আর প্রতিবার সুমাইয়া নামের সাথে ব্যাচ উল্লেখের কারণও হচ্ছে আমাদের প্রতিটা ব্যাচে একজন করে “সুমাইয়া” নামের কেউ থাকার ফল। কেউ যেন কান্নাকাটি না করে তাই এভাবে বলা।

আমাদের প্রিয় এরশাদ স্যারের তত্ত্বাবধানে যে মানুষগুলো একসাথে ছিলাম বলে আমাদের এই StatFest 2.0 দাঁড়িয়েছিল, যাদের ডাকনামগুলো আমি ব্যবহার করেছি আমার লিখায় তাদের সুন্দর নামগুলো সবার জানা উচিত, কারণ এটাই হলো STATFEST 2.0 এর কর্মী:

৬৮তম ব্যাচের:
সাকিয়াতুল জান্নাত রুহী, মো: আসাদুজ্জামান সোহান, মো: হুমায়ূন কবির, সামা জমিলা রহিম

৬৯তম ব্যাচের:
মো: সাবিত আল-সাবা রিয়ন, উম্মে সালমা, তন্ময় দাস

৭১তম ব্যাচের:
লামিয়া হাসান ঐশী, মোছাঃ আতিকা শর্মিলা, আফিয়া জাহিন, মোছাঃ সুমাইয়া খানম, মোঃ আব্বাস উদ্দিন, জান্নাতুল নাঈম লায়লা, রায়েতা করিম রোহিনী, রাফাহ আস্সারীরাহ, নওশিন তাসনিয়া, নুসরাত মাইমুনা, নুঝাত নাজিয়া, আরিফা তাবাসসুম, মো: মুহেব্বুল ইসলাম, মোসাম্মৎ হাজেরা আক্তার মিনা, নুসরাত জাহান নাফিছা, কারিমা আহমেদ, মোঃ সেলিম

৭২তম ব্যাচের:
জ্যোতির্ময় কুমার রায়, যারীন তাসনীম অনন্যা, সুমাইয়া জান্নাত

৭৩তম ব্যাচের:
আশিকুর রহমান, আরিবা মাশরিয়া, মাহিম আহমেদ শাবাব, মাহাদি প্রান্ত, সাদিয়া আফরিন, মুস্তানসির বিল্লাহ মাহির, নিলয় চন্দ্র দাস, মেহরাব হাসান খান

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

১ম বর্ষ

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp