নভেম্বর 9, 2026

সব Sorry এর কি উত্তর পাওয়া যায়?

শীতকালের মিষ্টি রোদ মাখা দিনগুলোকে কীভাবে ধূলিসাৎ করতে হয় সেটা বোধ হয় দক্ষিণ এশিয়ার দেশগুলো খুব ভালো ভাবে জানে!

মাথায় একরাশ ভাবনা, যে ভাবনার মধ্যে লুকিয়ে আছে ভয়, ভবিষ্যৎ ভাবনা, নিজ যোগ্যতার প্রতি খোঁচা দেওয়া দুশ্চিন্তা। তার পরের দিন ছিল জীববিজ্ঞান পরীক্ষা। নবম শ্রেণির মতো সামাজিক গুরুত্বসম্পূর্ণ এক শ্রেণিতে থাকার সুবাদে, ভালো ফলাফল না করলে জীবন বৃথা হয়ে যাবে সেই মানসিক ভার বুকে নিয়ে নিজের মতো পড়াশোনা চালিয়ে যাচ্ছি। হঠাৎ করেই দেখি অরি হাতে খাঁচা নিয়ে বাসায় আসলো। চোখ ভালো করে পরিষ্কার করে দেখলাম, খাঁচার ভেতর খুব ছোট না এমন সাইজের দুটি বিড়াল। আম্মুর সাথে এক পশলা তর্কাতর্কির পর  আমরা ভাই-বোন ই যুক্তি দেখিয়ে প্রমাণ করলাম যে, একটা নিষ্পাপ প্রাণকে বাসায় আশ্রয় দেওয়ার মতো ভালো কাজ না করে থাকলে বিশাল পাপের ভার বইতে কষ্ট হবে সবার। তর্কে জয়ী হয়েও জয় লাভ করতে পারলাম না দুটিকে একসাথে রাখার। স্বভাবতই তাদের একজনকে অরি ওর বন্ধুর কাছ দিয়ে চলে আসলো। যে পরীক্ষার চিন্তায় নিজের স্বাভাবিক কাজ করতে পারছিলাম না সেই পরীক্ষার কথা মাথার কোথাও ছিল কিনা মনে করতে পারছি না। বাসায় নতুন সদস্য এসেছে, সেই আনন্দে কে কী করে উঠবে বুঝেই উঠতে পারছে না। সবার তুঙ্গে থাকা উত্তেজনা যখন নিজেদের স্বাভাবিক পর্যায়ে আসলো তখনই এক বিড়ম্বনা বেঁধে গেল।

অরির ভাষ্যমতে ‘মিকি’ নামটা যেখানে একদম সুন্দরভাবে মানাবে সেখানে আমার মতামত অনুযায়ী  নাম রাখা হবে ‘মিঠাই’!

দুজনে দুটি নাম রাখলেও শেষ পর্যন্ত নতুন সদস্য আমার ডাকে সাড়া না দিয়ে যখন অরির ডাকে সাড়া দিতে থাকলো, বুঝতে আর বাকি রইলো না আমার দেওয়া নাম ওর পছন্দ না। বিষয়টা শুনতে বিদঘুটে লাগলেও এটাই সত্যি যে আমরা ওর পুরুষত্ব তখনও ধরে উঠতে পারিনি। আস্তে আস্তে ওর প্রতিটা কার্যক্রম আমাদের কাছে এতটা সুন্দর মনে হতে শুরু করেছিল না! সেইদিনের কথা মনে পড়লে আমার আজও হাসি পেয়ে যায়। পরীক্ষা দিয়ে কেবল এসেছি। এসেই আমাদের প্রথম কাজ হয় “মিকি কোথায়?” এই প্রশ্ন বাড়িতে অবস্থানরত মানুষকে জিজ্ঞেস করা। আম্মু বলল, দেখ কোথাও না কোথাও আছে। ক্লান্ত শরীর নিয়ে সব ঘরে,বারান্দায়, দরজার বাইরে সব জায়গায় খোঁজা শেষ। কোথাও তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শীতকাল হওয়ায় কম্বলটা সরিয়ে আম্মু যেই বিছানায় বসতে যাবে তখনই দেখে মিকি লাফ দিয়ে উঠেছে। বিশ্বাস করেন আমাকে ও যে ঐভাবে ঐ কম্বলের নিচে শুয়ে ছিল খালি চোখে একটা মানুষ কখনোই সেটা বুঝে উঠতে পারবে না। ওর সেই সময়ের চেহারাটা আপনাদের ছবি এঁকে দেখালে, আপনারা যারা বিড়াল পছন্দ করেন না, আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আপনাদেরও ইচ্ছা করবে ওকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে।

বিড়াল অপছন্দকারীদের মধ্যে আমার খালামুনি যে অন্যতম সেটা আমি খাতা কলমে প্রমাণ করে দিতে পারি। মিকি পাশে গেলে তার লাফানো, কী যে হাস্যকর এক দৃশ্য!

মিকির সাথে আম্মুর আস্তে আস্তে একটা অন্যরকম সখ্যতা তৈরি হয়েছিল। আম্মু ঝাড়ু দিতে গেলে সে ঝাড়ুর সামনে গিয়ে যে লাফালাফি করতো তা দেখলে কার ই বা মন গলবে না বলেন! সবকিছুর মধ্যেও আম্মুর যে কথা সবসময় মাথার তিন হাত উপর দিয়ে নিয়ে যেতাম সে কথাটার মর্ম আমি যেভাবে পেয়েছি দোয়া করি কেউ যেন ওভাবে না পাই!

এখন পড়াশোনার যে কী পরিমাণ চাপ বেড়েছে কী বলি! দুই কোচিং এ মডেল টেস্ট দিচ্ছি। এসএসসি নামক পরীক্ষায় ভালো না করতে পারলে জীবন বৃথা, জীবনের কোন মূল্যই থাকবে না। এইভাবেই মিকিও পরিবারের অন্য সবার মতোই আমার মহামূল্যবান পরীক্ষার জন্য পড়া দেখতে থাকলো। এইসব চাপের মধ্যে হঠাৎ যখন বাইরে থেকে এসে দেখতাম টেবিলে কী নিশ্চিন্তেই না সে শুয়ে আছে, তখন মনের মধ্যে অন্যরকম এক মৃদু বাতাস বয়ে যেত।

এই বিস্তর পৃথিবীতে প্রতি মুহূর্তেই কেউ না কেউ মারা যাচ্ছে। কিন্তু আমরা সেইসব মৃত্যুর টের তখনই পাই যখন সে জীবনের চিরসত্য মৃত্যুটা আমাদের পরিচিত কারোর হয়। আমরা জীবনে প্রচন্ড ব্যস্ত থাকতে ভালোবাসি। সেই ব্যস্ততার মাঝে একটু সময় বের করে কাউকে শেষবারের মতো দেখতে যাওয়াটাকেও আমরা কত বড় কাজই না মনে করি।সে যাই হোক, সেদিন আমার এক আত্মীয় মারা যাওয়ায় মাতৃপরিবারের প্রায় সবাই-ই গেলাম।

 মিকিকে প্রায় সব জায়গায় নিয়ে যাওয়ার মধ্যেও এক ভালোলাগা কাজ করে যেমন ধরেন গ্রামের বাসায় বেড়াতে নিয়ে গিয়ে ওকে যখন নিয়ে গেছিলাম ও যে সবাইকে ব্যস্ত রাখতো সেটা দেখতে থাকলে সারাদিন আর কাজ করার উপায় নেই। সবদিক বিবেচনায় তাকে এইবার নিয়ে যাওয়া হলো না। বাসার বাইরে বের হওয়া অভ্যাসের মধ্যে থাকলেও বাইরের খাবারে সমস্যা হবে এটা জানা ছিল সেজন্য প্রতিবেশীর কাছে খাবার মজুদ রেখে যাইনি এমন না কিন্তু তবুও!

কয়েকদিন পর বাসায় ফিরলাম, বাসায় ফিরে তাকে পাবো কি পাবো না সেটা নিশ্চিত না থাকলেও, সন্ধ্যার

আগে সে যে বাড়ি ফিরে আসবে সেটা আমি শতভাগ নিশ্চিত ছিলাম। কিন্তু সেইদিন সে বাড়ি ফিরে আসছিল না রাত ১০ টা বেজে যাওয়ার পরও। সবাই কথা বলা শুরু করলো। যারা বাইরে গেছিল তারা বলা শুরু করলো, কই দেখলাম না তো! তখনই মাথায় আসলো  বাসার আসার সাথে সাথেই প্রতিবেশির বলা কথা, যে মিকি এই দুইদিন বাসায় খেতে ঠিকমতো আসেনি।জিনিসটা এমন না ও এর আগে এমন কিছু করেনি। এর আগেও টানা তিনদিন কোথায় চলে গেছিলো কী জানি। সেই তিনদিনের প্রতিদিনই আমি  দূরের জায়গাগুলো হেঁটে যাওয়া শুরু করেছিলাম। চারপাশ দেখতাম আর যেতাম।তৃতীয় দিন ও যখন ফিরে এসেছিল সবাই ওকে এমনভাবে বকা দিচ্ছিলো না! বাইরে কেউ শুনে আলাদা করতেই পারতো না যে বকাটা অরিকে না মিকিকে দেওয়া হচ্ছে। 

কিছু জিনিস আপনারা চরম সত্য জেনেও যখন সেটাতে স্বীকার করতে চান না তখন সেটা কে কী বলা হয় আমার জানা নেই। কিন্তু সেদিন আম্মু যখন এমনটা করেছিল সেটা কেন জানি আমাকে সেটা মানসিকভাবে অনেক বিরক্ত করেছিল। আম্মু হয়তো নিজেকে বরাবর বোঝানোর চেষ্টা করছিল সে যেটা দেখেছে সেটা সত্য নয়।নিজের বোঝা কমানোর জন্য আম্মু হৈ-হুল্লোড়ের মধ্যে বলে বসলো, “আজকে আসার সময় না মোড়ের ঐখানে একটা বিড়াল পড়ে থাকতে দেখেছিলাম। ” চারপাশের সবজায়গা খোঁজা শেষ হওয়ার পর আম্মুর কথাটা শুনে কেমন মনে হয়েছিল এখন বলতে পারবো না। মোড় খানিকটা দূর হওয়ায় হেটে যেতে গিয়ে সবার মুখে এমনকি আমার বিড়াল অপছন্দকারী খালামুনিকেও বলতে শুনলাম, আরেহ দেখবি ওটা মিকি না।

সত্যকে অস্বীকার হাজারবার পরিবর্তন করতে চাইলেই কী আর সত্যটা পরিবর্তন করতে পারা যায়?

তখন আম্মুর কথাটা মনে পড়লো,”প্রতিটি প্রাণীকে তার স্বাভাবিক বাসস্থানে থাকতে দিতে হয়।”

ওর মৃত্যুর কারণটা কখনো জানতে পারিনি।

আচ্ছা ও কী আমাকে কখনো ক্ষমা করতে পারবে না?

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp