সালটা ২০১৪, ফেব্রুয়ারী মাস; শীতের রেশ তখনও বেশ। শ্যাওলা রঙের একটা জ্যাকেট গায়ে জড়িয়ে ক্যাম্পাসে ঘোরাঘুরি করতাম। পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষের ছাত্র, লিনিয়ার এলজাবরার ৪-৫ পৃষ্ঠার দুর্বোধ্য অংক ডেডলাইনের ২ দিন আগে জমা দিয়ে কালিপদ স্যারের কাছে গুড পাওয়া একজন মনোযোগী ফ্রন্টবেঞ্চার। আহা!
সে সময়ই মুরশীদা খানম ম্যামের সাথে পরিচয়; আমাদের ঐতিহাসিক পিকনিকে। ফার্স্ট ইয়ারের বাসে ম্যাম আমাদের সফরসঙ্গীও ছিলেন। প্রচণ্ড ভয় পেতাম তখন ম্যাম আশেপাশ দিয়ে গেলে, কখন কী করি আর কী বলে ফেলেন উনি। যাই হোক, এভাবে কেটে গেলো ২ বছর।
তৃতীয় বর্ষে ম্যামের ক্লাস পেলাম যথারীতি। তখন আমি গর্বিত ব্যাকবেঞ্চার; পড়া বুঝি আর না বুঝি, গভীর মনোযোগ সহকারে হা করে ক্লাস পার করতাম। সারাদিন ডুবে থাকতাম খেলাধুলা, আড্ডা আর গানে। ম্যাডাম একদিন আমাকে ডেকে বললেন, শুধু মাঠে গিয়ে পড়ে থাকো রাহাত, একটু লেখাপড়া করতে তো পারো! পড়াশোনা নিয়ে ম্যাডাম আমাকে আর কিছু কোনোদিন বলেন নাই। ম্যাডামকে ঐদিন বলতে পারিনি আমি, যে ছেলেটা ছোটবেলা দেয়ালে বল ছুঁড়ে সেই ফিরে আসা বলে নিজেই ব্যাট চালিয়ে মনের খোরাক মেটাতো, তার কাছে মাঠ টা কতো আপন মনে হতে পারে। হয়তো ম্যাম বুঝতে পেরেছিলেন, তাই হয়তো কিছু বলেননি।
আর হ্যাঁ এটা সত্যি, বিশ্ববিদ্যালয় জীবনে আমি আমাকে ভিন্নভাবে খুঁজে পেয়েছি; দ্য মোস্ট বিউটিফুল ইয়ার্স অফ মাই লাইফ এ্যান্ড আই এ্যাম সো প্রাউড অফ ইট।
ডিপার্টমেন্টে বিভিন্ন অনুষ্ঠান লেগেই থাকতো, অংশগ্রহণও করতাম। বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাডাম দায়িত্বে থাকতেন; এদিক থেকে ম্যাডামের খুব প্রিয়ভাজন ছিলাম আমি আর তূর্য (আমার ব্যাচমেট)। খুব ধীর স্থিরভাবে কথা বলতেন উনি, শব্দচয়নে আপোষহীন। আমার-তূর্যর গান খুব পছন্দ করতেন ম্যাম।
একটু এলোমেলো ভাবে বলছি আসলে, এলোমেলো ভাবেই স্মৃতিগুলো আওড়াচ্ছি আসলে।
মুরশীদা ম্যামের সাথে শেষবার দেখা হলো প্যাপাইরাসের একটা আয়োজনে ডিপার্টমেন্টে গিয়েছিলাম তখন। অনেকদিন পর ম্যামের সাথে দেখা, সালাম দিলাম; বললাম-“ম্যাম, কেমন আছেন?” উনি একটু অবাক দৃষ্টিতে সহাস্যে বললেন- “রাহাত, এতোদিন পর। তোমরা তো আসোই না। চাকরি করছো?” মৃদুস্বরে বোকা হাসিতে জ্বি বললাম। ম্যাম রুমে ডাকলেন, বসতে বললেন। এই প্রথম ম্যামের রুমে গিয়ে চেয়ারে বসলাম, একটু প্রজাপতি নড়াচড়া করছিলো পেটে, মিথ্যা বলবো না। বললাম, “ম্যাম আপনি এতো শুকিয়ে গেছেন কেন? শরীর ভালো আপনার?” বললেন একটু অসুস্থ। উনার কার্ড এগিয়ে দিয়ে বললেন, “এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, তুমি নক করো আমাকে রাহাত।” আমিও একটু তাড়ায় ছিলাম, সম্মতি জানিয়ে ফেরবার সময় বললাম, “ভালো থাকবেন ম্যাম, নিজের যত্ন নিয়েন।”
ম্যাডামকে আর নক দেয়া হয়নি, হবেও না। আক্ষেপ নেই তেমনটাও, শেষ স্মৃতিটা ভালো ছিলো উনার সাথে। ভালো স্মৃতি গুলো ধারন করে বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছি অবিরাম। ম্যাম ওপারে ভালো থাকুন। আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন, আমীন।
ওহ! আরেকটা কথা জানিয়ে রাখি, ১ম বর্ষে লিনিয়ার এলজাবরা কোর্সে আমি পাশ করতে পারি নাই, ইম্প্রুভমেন্ট পরীক্ষায় বসতে হয়েছিলো।
- রাহাত হাসান প্রিয়https://www.thepapyrus.org/author/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f/মঙ্গলবার, এপ্রিল 16, 2019
- রাহাত হাসান প্রিয়https://www.thepapyrus.org/author/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f/শনিবার, এপ্রিল 18, 2020
- রাহাত হাসান প্রিয়https://www.thepapyrus.org/author/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f/বৃহস্পতিবার, জুলাই 9, 2020










