সেপ্টেম্বর 22, 2026

উপসম্পাদকীয় – মে ২০২৫

বছর ঘুরে মে মাস আসে। মে মাস শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক, নিরাপত্তার পক্ষে সংগ্রামের প্রতীক। মে আমাদের মনে করিয়ে দেয়—উন্নয়নের রথচাকা তখনই এগোয়, যখন শ্রমের প্রতি থাকে নিখাদ সম্মান।

কিন্তু রাষ্ট্রের কাছ থেকে কতটুকু সম্মান আর নিরাপত্তা পায় শ্রমিকেরা?

রানা প্লাজা ধসের এক যুগ গত হয়ে যাওয়ার পরেও এখনও শেষ হয়নি বিচারকাজ। কবে শেষ হবে, তা স্বয়ং প্রশাসনও জানে না। দুর্ঘটনার নামে নজিরবিহীন সেই হত্যাযজ্ঞের এই নজিরবিহীন বিচারহীনতা এ দেশে নতুন নয়। কংক্রিটের নিচে চাপা পড়া শত শত প্রাণ আর দুঃসহ ক্ষতের স্মৃতি—এতগুলো বছর ধরে বয়ে বেড়ানো আহত শ্রমিকেরা আজও আশায় দিন গোনে ন্যায়বিচারের।

ঘামে গড়া স্বপ্ন, রক্তে লেখা ইতিহাস—শ্রমিকের প্রাণপণ সংগ্রামে দাঁড়িয়ে আছে আমাদের সভ্যতার ইমারত। তাদের অদম্য শ্রমে দাঁড়িয়ে আছে বাংলাদেশের প্রতিটি সেতু, প্রতিটি কলকারখানা, প্রতিটি খেতের সোনালি ফসল।

দেশ গড়ার এ লড়াকু কারিগরদের জীবনমান উন্নয়নে প্রয়োজন যথাসময়ে ন্যায্য মজুরি নিশ্চিত করা। প্রয়োজন নিরাপদ কর্মপরিবেশ। অবহেলা নয়—প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতার বিকাশ। আর প্রয়োজন সব শ্রমিকের জন্য অবিচ্ছেদ্য সামাজিক নিরাপত্তার জাল। চাই শ্রমিক নিরাপত্তা আইনের কঠোর বাস্তবায়ন।

শ্রমের মর্যাদায় জেগে উঠুক বাংলাদেশ। শ্রমিকের ঘামে ভেজা এই পৃথিবী হোক আরও মানবিক, আরও সুরক্ষিত।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-২০১৭

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ