নভেম্বর 11, 2026

ঢাকা শহরের সকালটা আজও ব্যস্ত। রাস্তায় মানুষের ভিড়, বাসের হর্ন, ফুটপাতের দোকানের কোলাহল– সবকিছু মিলিয়ে বিশাল এক বিশৃঙ্খলা। সেই বিশাল বিশৃঙ্খলতার মাঝেও এক ছোট্ট রুমে বসে আছে মাহী, পুরো নাম ফাহমিদুল ইসলাম মাহী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে সে সদ্য পাশ করেছে। হাতে খসখস করে বই উল্টানোর শব্দ, সামনে ব্যাসিক ভিউ, পাশে অগ্রদূত, আর তার পাশে নোটবুক ভর্তি টুকে রাখা ছোটো ছোটো তথ্য। চেহারায় ক্লান্তি, কিন্তু চোখে একধরনের আগুন, চেষ্টা, জেদ, স্বপ্ন আর বেঁচে থাকার তাগিদ। এখন তার প্রতিদিনের রুটিন সকালে উঠে লাইব্রেরীতে যাওয়া; রাত ১০টায় মেসে ফিরে একটু সাম্প্রতিক খবরে চোখ বুলানো, এরপর ঘুম। সকালে আবার সেই আগের দিনের রুটিন।

প্রতিদিন বাবা-মার একই প্রশ্ন,

–কখন চাকরি হবে বাবা? ওমুকের ব্যাটার তো চাকরি হলো, তোর বন্ধুর তো চাকরি হওয়ার পর বিয়েও হলো। তোর কবে হবে? কবে একটু শান্তি পাবো?

বন্ধুদের কেউ ব্যাংকে, কেউ বেসরকারিতে চাকরি পেয়ে গেছে। মাহী শুধু হাসি দিয়ে বলে,

–চেষ্টা করছি। ইনশাআল্লাহ হবে।

কিন্তু তার নিজের বুকের ভিতরে ভয় একটাই; এই রাস্তাটা কি কখনো শেষ হবে? সবচেয়ে বড় ভয় এভাবে অপেক্ষা করতে থাকলে যদি কাজলকে হারায়?

ওহ, বলাই তো হলো না– কাজল হলো মাহীর দীর্ঘ ৮ বছরের শক্তি, সাহস, আর প্রেরণা। কাজল বরিশালে থাকে; সেখানেই এক কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করে। সে খুব নরম স্বভাবের, কথা বলে অনেক কম, বাবা-মায়ের বাধ্য মেয়ে কিন্তু ভালোবাসার মানুষের কাছে সত্যিকারের ভরসা করার মতো এক নারী। দূরে থেকেও তাদের সম্পর্ক শহরের যেকোনো কাছাকাছি থাকা প্রেমিকযুগলের চেয়ে বেশি শক্ত। দীর্ঘ এই ৮ বছরে তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, কারণ কেউই কাউকে হারাতে চায় না। তাদের মাঝে আছে বিশ্বাস আর দুজন মিলে এক হওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা। দুজনার মাঝের ভালোবাসা এতটাই সহজ, এতটাই স্বচ্ছ যে সেখানে শয়তান জায়গা পায় না, তাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য।

প্রতিদিন রাতে কাজলের কল আসে,

–মাহী, আজকে কী পড়ছ?

–আজকে তো অনেক কিছু পড়লাম, কিন্তু মনে নাই কিছুই। আমার দ্বারা কিচ্ছু হবেনা।

বলার পর মাহী অনেকটা ভেঙে পড়ে।

–তুমি পারবা। আমি আছিতো।

এই লাইনেই দিনের সব ক্লান্তি উড়ে যায় মাহীর। মাহী জানে,কাজল তার শক্তি, তার অনুপ্রেরণা, তার ভালো থাকার একমাত্র উপায়। কাজলও জানে– মাহী শুধু তার প্রেমিক না, তার ভবিষ্যৎ, তার স্বপ্ন, তার শান্তি, তার আশ্রয়।

বিসিএসের বিস্তার পড়াশোনা। কী পড়বে আর কী বাদ দিবে, এসব একসাথে গুছিয়ে পড়া আরও কঠিন। মাহী অনেক চেষ্টা করে; পড়াশুনার মাঝে কোনো ঘাটতি রাখে না। খাওয়া, গোসলের চিন্তাও ভুলে যায় মাঝে মাঝে, তার মাঝে কোনো ক্লান্তিও নেই। সে অনেক ভালো প্রিপারেশন নেয়, আবেদন করে এবং এর মাঝে পরীক্ষাও দেয়। পরীক্ষার ফলাফল আসে কিন্তু তালিকায় তার রোল নম্বর দেখা যায় না। একবার নয়, দুইবারও নয়, তিনবার চেষ্টা করেও সে বিসিএস এর প্রিলিমিনারিই পাস করতে পারেনি।

প্রতিবার ফলাফল বের হওয়ার পর মাহী ফোন বন্ধ করে দেয়। চোখে জল আসে না, কিন্তু বুকটা আগুন হয়ে থাকে। সে আর নিজের ওপর সরকারি চাকরির ভরসা রাখতে পারল না। ধীরে ধীরে উপায় না পেয়ে একদিন সিদ্ধান্ত নিয়েই ফেলল; বিদেশ গিয়ে উচ্চতর ডিগ্রি করার চেষ্টা করবে। সেই জন্য আইইএলটিএস সম্পন্ন করতে নিজেকে প্রস্তুত করলো এবং আইইএলটিএস সম্পন্ন করে ফেললো। এরপর শুরু করলো বিদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে আবেদন করা। ডকুমেন্ট জোগাড়, স্টেটমেন্ট অফ পারপাস লেখা, প্রফেসরদের রিকমেন্ডেশন– সব জোগাড় করতে অনেক কষ্ট করতে হলো তার। কারণ সময় অনেক কম; দ্রুত সব করতে হবে, কিন্তু কাজ তখনো অনেক বাকি।

একদিন সকালে মাহী ইমেইল চেক করতে গিয়ে চমকে উঠল। USA- এর একটি বিশ্ববিদ্যালয় থেকে তার অ্যাডমিশন আর স্কলারশিপ- দুটোই মিলে গেছে! স্বপ্নের শুরু যেন চোখের সামনে। আনন্দে কাঁপা কাঁপা হাতে সে কাজলকে ফোন দিলো। ফোন ধরতেই মাহী বলল,

–কাজল…আমার USA-তে হয়ে গেছে! আমি অফার পেয়ে গেছি!

কাজল প্রথমে অবাক হলো, তারপর আনন্দে কান্না করে দিলো। এই আনন্দক্ষণগুলো জীবনে খুব কম সময়ই আসে। আনন্দে-আবেগমাখা স্বরে সে বললো,

–মাহী, দেখছো তুমি পারছো! আমি জানতাম তুমি পারবা!

কিন্তু আনন্দের মূহূর্ত বেশিক্ষণ টিকলো না। কাজলের পরিবার খবর পাওয়ার পর স্পষ্ট জানিয়ে দিলো–বিদেশে গেলেই ছেলেরা বদলে যায় আর দেশে আসে না। বিদেশ ফেরত ছেলের সাথে মেয়েকে বিয়ে দেব না। কাজল অনেক বুঝালো কিন্তু তার বাবার এক কথা। কোনোভাবেই মা-বাবাকে সে রাজী করাতে পারলো না। আর এইদিকে ঘনিয়ে আসতে লাগলো মাহীর বিদেশে যাওয়ার দিন।

কাজল অনেক ভেঙে পড়ল এবং এই খবর শুনে মাহী স্তব্ধ হয়ে গেল। কিন্তু তারা দুজনেই পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে চায় না। কারণ তাদের সম্পর্কটা এত সুন্দর, এত পবিত্র যে এতে কোনো তিক্ততা আনতে চায় না কেউই। তারা অপেক্ষা করবে কিন্তু বাবা-মায়ের মনে কষ্ট দিয়ে কিচ্ছু করবে না। অনেক ভেবে কাজল কান্নাস্বরে মাহীকে ফোন দিয়ে বলল,

–মাহী, তুমি যাও। তোমার স্বপ্নটা তোমারই। আমি তোমার অপেক্ষা করবো।

মাহীর বুকটা হাহাকার করে উঠল। কিন্তু সে জানত, কাজলই তার সত্যিকারের ভরসা। কিন্তু তাকে ছাড়া সে থাকবে কিভাবে? এসব চাপা কষ্ট নিয়েই সে USA যাওয়ার জন্য সবকিছু প্রস্তুত করতে থাকলো। কোনো এক রাতের ফ্লাইটে সে চলে গেলো। কিন্তু যাওয়ার আগে, শত ব্যস্ততার মাঝেও, কাজলের সাথে দেখা করে আসলো। কাজলকে সে শুধু জানিয়ে রাখলো– “তুমি অপেক্ষা করো আমি আসবো।”

USA-তে গিয়ে মাহী সম্পূর্ণ অন্য জগতে পড়ে গেল। নতুন ভাষা, নতুন লোক, নতুন সংস্কৃতি, কঠিন পড়াশোনা– সব মিলিয়ে ভয়াবহ চাপ। রাতে একা একা হোস্টেলের জানালা দিয়ে তাকিয়ে থাকে, ঢাকার আকাশের কথা মনে পড়ে।
কাজলের কথাও মনে পড়ে। প্রতিদিন মেসেজ আসে,

–খেয়েছো তো? আজ কেমন কাটলো সারাটা দিন? তোমার শরীর ভালো তো?

এই মেসেজগুলো তাকে নতুন করে শক্তি দিত, অনুপ্রেরণা দিতো। মাহী ক্লাস, রিসার্চ, পার্টটাইম চাকরি– সব সামলে নিজের ভিতর থেকে সাহস জোগাড় করতে থাকে। কারণ তার মনে ছিল একটাই কথা, আমাকে ফিরে যেতে হবে কাজলের কাছে।

এইদিকে বরিশালে কাজলও বসে ছিল না। পরিবারকে ধীরে ধীরে বোঝানো শুরু করলো। মাহীর ভালোবাসা, তার পড়াশোনা, তার স্বপ্ন সব বুঝানো শুরু করলো তার বাবা-মাকে। ধীরে ধীরে তার বাবা-মায়ের মন একটু নরম হলো। কিন্তু পুরোপুরি না। তবুও ক্রমাগত সময়ের সাথে সাথে তাদের কঠোরতা কমতে থাকল।

একদিন কাজলের বাবা বললেন,

–ছেলেটা দেশে আসুক, ভালা হইলে আপত্তি করুমনা।

এই ছোট্ট কথাটুকুই কাজলের হৃদয়ে নতুন আশা জাগালো।

দেখতে দেখতে এক বছর শেষ। মাস্টার্স কোর্স শেষ করে মাহী দেশে ফিরল কিছুদিনের জন্য। আবার যেতে হবে কিছুদিন পর। তার মনে হচ্ছিল, কাজলের সাথে দেখা হয় না প্রায় শত বছর ধরে। সে স্থির করলো বরিশালে যাবে। কাজলকে সে জানালো সে আসবে। কাজল তার বাবা-মাকে জানাল। কাজল খুশিতে আত্মহারা হয়ে গেল। সে স্থির করলো লঞ্চ টার্মিনালে যাবে, কিন্তু মাহীকে বলবে না–সারপ্রাইজ দিবে।

শীতের এক রাতে বরিশালে যাওয়ার পথে লঞ্চের ডেকে দাঁড়িয়ে মাহী কাজলের কথা ভাবছিলো। হাওয়া লাগছিল মুখে, কিন্তু মনে ও বুকে ছিল তার উত্তেজনা আর ভালো লাগা। চোখের সামনে সে দেখতে পাচ্ছিলো বরিশাল লঞ্চঘাটে কাজল দাঁড়িয়ে আছে। শাড়ি পরা, চোখে উৎকণ্ঠা আর আনন্দ মেশানো দৃষ্টি। ঘাটে কাজলের বাবা-মাও এসেছেন। এবার তাদের মুখেও খুশির আভা, হাসিমাখা মুখে তাকিয়ে আছে মাহীর দিকে। মাহী লঞ্চের সিঁড়ি বেয়ে নামছে আর সবাই তাকে দেখছে।

হঠাৎ অনেক চিল্লাচিল্লির কারণে মাহীর স্বপ্ন ভেঙে গেলো; সে বাস্তবে ফিরে এলো। সে দেখলো লঞ্চে দাঁউ দাঁউ করে আগুন জ্বলছে। ইঞ্জিনরুমে থাকা জ্বালানি তেল থেকে আগুন ধরেছে, সবাই অনেক ছোটাছুটি করছে; ভয়ে কেউ পানিতে লাফ দিচ্ছে কিন্তু কারো বেঁচে ফেরার সম্ভাবনা নেই, কারন লঞ্চ এখন মেঘনা নদীর মাঝখানে। এখানে পানিতে লাফ দিলেও মরণ, আবার লঞ্চে থাকলেও আগুনে পুড়ে মরণ।

মাহীর সামনে এখন দাঁউ দাঁউ করে জ্বলা আগুন আর সেই আগুনে ভেসে আছে কাজলের ছবি। কাজল মাহীকে ডাকছে, মাহী ভাবছে- “আমাকে কাজলের কাছে যেতে হবে।” মাহী কিছু না ভেবে পানিতে লাফিয়ে পড়লো। সাঁতার কাটার জন্য হাত-পা নাড়াচ্ছে, কিন্তু সে এগােতে পারছে না; শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। যুদ্ধে আর নিজেকে টিকিয়ে রাখতে পারছে না, ধীরে ধীরে তার হাত-পা থেমে গেলো, থেমে গেলো তার অদম্য চেষ্টা আর কাজলকে কাছে পাওয়ার আকুতি।

আর ওইদিকে ঘাটের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কাজল– “কখন এসে ভিড়বে মাহীর লঞ্চ?”

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp