নভেম্বর 6, 2026

রাত ১২ টা ১০ মিনিট। কমলাপুর রেলস্টেশন এর প্লাটফর্ম নাম্বার তিনে দাঁড়িয়ে আছি। পাশে বসে থাকা অজানা একজন মধ্যবয়স্ক লোক অনবরত চা-সিগারেট খেয়েই যাচ্ছে। আমিও খুব আগ্রহ নিয়ে গুনছি লোকটা কয় কাপ চা আর কয়টা সিগারেট শেষ করতে পারে। আমি সাধারণত এমন জায়গায় নিজের মনোযোগ নষ্ট করি না কিন্তু লোকটি হকারের কাছে যেভাবে সিগারেটটি চাইলো সেটি আমার মনোযোগ কেড়েছিলো। লোকটি আচমকাই বলে উঠেছিল, “ওই লাকি।” আমি অবাক হয়ে ভাবতে থাকি, বাহ! মানুষেরও কতো কতো সুন্দর নাম হতে পারে! পরক্ষনেই দেখি হকার দৌড়ে এসে লোকটির হাতে একটা সাদা সিগারেট দিয়ে দিল। সিগারেট এর উপরে লিখা ছিল লাকি স্ট্রাইক। এরপর থেকেই চোখ ভরা কৌতুহল নিয়ে লোকটির ধুম্র এবং চা উৎসব দেখছি। 

যাইহোক, আমাকে প্রায় এক ঘন্টা দাঁড় করিয়ে রেখে, আমার পঞ্চগড় এক্সপ্রেস চলে এসেছে। প্রতিবারের মত এইবারও আমি কেবিনে সিট নেই। বিশ্ববিদ্যালয় বন্ধের পরে আর অপেক্ষা করতে পারিনি, এই জঞ্জালে ভরা ৪র্থ শ্রেনীর যাদুর শহরকে আমার একদিনের জন্যও সহ্য হয়না। তাই টিকেট কেটে উঠে পড়ি আমার বাড়ি পঞ্চগড়ের উদ্দেশ্যে। অনেকদিন পর মা-বাবা আর ছোট বোনের সাথে দেখা হওয়ার আনন্দ বলে বুঝানো সম্ভব নয়। 

খুঁজে খুঁজে আমার কেবিন নম্বরটি বের করলাম। ১২-বি, ডান দিকের নিচের স্লিপারটি আমার। মহা খুশিতে নিজের ব্যাগ উড়িয়ে দিয়ে স্লিপারে শুয়ে পড়লাম।

কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। ভাবলাম যে, আমার পুরো কেবিনটি খালি যাবে কিনা! ভাবনা শেষ হওয়ার সাথে সাথেই তিনজন মানুষ একই সাথে প্রবেশ করল আমার কেবিনে। আমি রীতিমত ভয় পেয়ে লাফ দিয়ে উঠলাম।

সাদাসিধে একটি পরিবার, গায়ে সোয়েটার পড়া, বিশাল বড় ভুঁড়ি এবং ওসমানী মোছওয়ালা ভদ্রলোককে দেখে বুঝলাম উনিই হচ্ছে পরিবারের কর্তা। মোটা ওসমানী সাহেবের পাশেই তার স্ত্রী দাঁড়িয়ে, যে কিনা স্বাস্থ্যে তাকেই নকল করেছে। দুইজনকে দেখেই আমি সালাম দিলাম, দেখলাম দুজনই খুব খুশি হয়ে আমার দিকে তাকালেন। 

“তুমি কোথায় যাচ্ছো, হে? একদম শেষ মুহুর্তে এসে ট্রেনটা ধরেছি, নাহলে তো আজকের মত শেষ।”—বলেই নিজে নিজে হেসে উঠলো লোকটা।  

“তোমার জন্যই তো দেরিটা হয়েছে, তুমিই নড়াচড়া করো না। আমি তো ভেবেছিলাম তুমি ঘুমিয়েই যাবে।”—এই কথা বলে হাসিতে যোগ দিল তার স্ত্রী।  

আমি উনাদের দিকে কিছুক্ষণ বোকার মত তাকিয়ে থেকে বুঝতে পারলাম যে, আমার যাত্রা তাহলে এতোটাও শুভ হচ্ছে না আজকে।

“আম্মু কেক খাবো।”

পিছে তাকিয়ে দেখি, চোখ ধাঁধানো প্রস্থের একটি বারো-চৌদ্দ বছরের ছেলে। বাবুটা যে বাবা-মায়ের আদর্শ সন্তান দেখেই বুঝতে পারলাম। আমার তাদের থেকে বেশি চিন্তা হচ্ছিল সেই গাড়িটি নিয়ে, যেটি দিয়ে তারা এসেছিলেন। 

“হ্যাঁ বাবা, খাবে তো।”

বলেই একটা কেকের প্যাকেট ছিঁড়ে তাকে ধরিয়ে দিলেন এবং আরেকটা কেকের প্যাকেট আমার হাতে ধরিয়ে দিলেন। যখনি বললাম আমি খাবো না, তখনই প্যাকেটটা ছিঁড়ে দিলেন।

এরপর কেটে গেল ঘন্টা তিনেক। উনাদের অনবরত কথা শুনছি এবং জীবনের কাহিনী শুনছি। এনারা একজন আরেকজন কে ভালোবেসে কত কাঠখড় পুড়িয়ে বিয়ে করেছিলেন, এরপর এনাদের বাচ্চার গল্প শুনছি, বাচ্চার ক্লাসের সিয়ামের মা কেন অন্য গার্ডিয়ানদের সাথে কথা বলে না সেইটিও শুনছি। শুনে যা বুঝলাম লোকটির নাম হলো মান্নান হায়দার, তাঁর স্ত্রীর নাম হলো তাসনীম হায়দার। এনারা যাচ্ছেন নাটোর, নাটোরে তাঁদের বাড়ি বকুলতলায়, যদিও নাটোরের বাড়িতে কেও থাকে না, তাঁরাই মাঝে মাঝে ঘুরতে চলে যায়। সুন্দর করে ফার্ম হাউজ বানিয়ে রেখেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই পুরো সময় জুড়ে এনারা আমার কোন বায়োডাটা জানেন না। না জানার কারন খুবই কঠিন কিছু নয়। একটি অতি সাধারণ কথোপকথনের উদাহরণ দেই,

“তো বাবা, তুমি ঢাকায় কোথায় পড়ালেখা করো?” 

“জি আজ্ঞে, আঙ্কেল, ঢাকা … “ কথা শেষ করার আগেই উনি বলে উঠলেন—  

“ও আচ্ছা, ঢাকায় পড়াশুনা করছো, খুব ভালো, আমার ছেলে মন্টূও ঢাকায় পড়াশুনা করছে, আমিও করেছি, তোমার আন্টিও করেছে, ঢাকায় এতো মাছের দাম, কিনাই যায়না।“

আমি জানিনা পড়ালেখার সাথে মাছের কি  সম্পর্ক, কিন্তু এই ভদ্রলোক এবং তার স্ত্রী যেভাবে দক্ষতার সাথে কথার বিষয় পরিবর্তন করলেন, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। 

“এই যা, এসে পরেছি তো,” বলে উঠে দাঁড়ালেন লোকটি। ঘুমন্ত মন্টূকে টেনে-হিঁচড়ে উঠালেন। ভদ্রমহিলা ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বের হতে যাচ্ছিলেন, যাওয়ার আগে তাঁদের বাড়ির ঠিকানা দিয়ে বললেন, যদি কখনো নাটোর ঘুরতে আসি, তাহলে তাঁদের সাথে যেন দেখা করি অবশ্যই। তাঁরা যখন চলে গেল তখন খানিকটা খারাপই লাগছিলো।  

আমার পঞ্চগড় পৌঁছাতে আরও ছয় ঘন্টার মত সময় লেগে গেল। পুরোটা সময় জুড়ে আমি তাঁদের কথাই ভাবলাম। স্টেশনে নেমে বাসায় যেতে আরো লাগলো এক ঘন্টার মত। বাসায় গিয়ে সবার আগে দিলাম একটি ঘুম।

“কিরে! উঠ, বিকাল ৪টা বাজে।”

আমি চোখ খুললাম। আসলেই বিকাল ৪টা বাজে।  উঠে খাবার খেলাম, মায়ের হাতে বানানো অমৃত চা কাপে হাতে নিয়ে বাবার রুমে গেলাম। আমার বাবা সরকারী স্কুলের হেডমাস্টার। তাঁর অনেকগুলো শখের মধ্যে একটি হলো খবরের কাগজের জরুরি সব খবর কেটে ডায়েরির পাতায় তারিখসহ আটকে রাখা, এবং আমি যতবারই আসি ডায়েরির সব খবর পরে শেষ করে ফেলি। 

ডায়েরীর একটা পাতাতে আমার চোখ আটকে গেল। ২৩ সেপ্টেম্বর ২০২৫ ,আজ থেকে প্রায় দুমাস আগের খবর। খবরটা পড়ে আমার হাত কেঁপে উঠলো, চায়ের কাপটি হাত থেকে নিচে পরে গেল। সারা শরীর জুড়ে স্নায়ু ভেঙ্গে গেল, চোখে সবকিছু আবছা দেখা শুরু করলাম।  সজোরে চিৎকার দিয়ে মাকে ডাকলাম। চিৎকার শুনে মা আর বোন ছুটে এলো আমার কাছে। কি হয়েছে জিজ্ঞেস করাতে তাদের শুধু খবরটা দেখালাম। খবরে বড় বড় করে লেখা, 

“নাটোর হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো একটি পরিবার, দুর্ঘটনায় নিহতরা হলেন বকুলতলার মান্নান হায়াদার (৪৫), তাসনীম হায়দার(৪৩), মান্নানের ছেলে মন্টূ হায়দার(১৪)।”

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp