নভেম্বর 10, 2026

উপসম্পাদকীয় – মার্চ ২০২৬

যুদ্ধ-সংঘাতের মধ্য দিয়ে মার্কিন তালুকের পকেট রমরমা করার এক অভিনব তরিকার মশলা প্রয়োগ করে ইরানের প্রধান ধর্মীয় নেতাকে মেরে ফেলা যেন আমেরিকার জন্য মৌমাছির চাকে খোঁচা দেয়া! যে ভূমিতে এক খামেনি মারা গেলে আরেক খামেনি আসে, যে রাষ্ট্রে শিশু থেকে বয়োবৃদ্ধ সকলের স্বপ্ন শহীদ হওয়া, সেখানে যেন খামেনিকে শহীদ করে তারই স্বপ্ন পূরণ করে গেল আমেরিকা। ইরানের সকল মিসাইল ধ্বংস করার উদ্দেশ্যে যুদ্ধ ঘোষণা করলেও এখন আমেরিকারই টানা পোড়েন অবস্থা। অন্যদিকে ইরান প্রতিদিনই বুঝিয়ে দিচ্ছে, ভুল গণনা পকেট ফুটোও করে দিতে সক্ষম।

ট্রাম্প থামবে নাকি থামবে না এই দোদুল্যমানতা যতদিন না থামবে ততদিন অর্থনৈতিক মন্দাসহ পৃথিবী অনেকগুলো অনিশ্চিত সংকটের দিকে ক্রমান্বয়ে ধাবিত হতে থাকবে। যুদ্ধের প্রথমেই ধারণা করা হলো, এটাই বোধ হয় তৃতীয় বিশ্বযুদ্ধ! তবে রাশিয়া আর চীনের সমর্থন ইরান পেলেও চীনের পররাষ্ট্র নীতির কারণে সে কখনোই এ যুদ্ধে জড়াত না এবং রাশিয়া – ইউক্রেনের যুদ্ধ শেষে রাশিয়ারও যুদ্ধে জড়ানোর মতো সম্ভাবনা ছিলো না। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মার্কিন ঘাঁটিতে মুহুর্মুহু আক্রমণে আমেরিকা কেবল দর্শকের ভূমিকা পালন করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও ইরান বুঝিয়ে দিচ্ছে যে মার্কিন তোষামোদি তাদের বিশেষ একটা গতি করতে পারবে না।

এর মাঝে আবার কাতারের “ভুলবশত” মার্কিন যুদ্ধবিমান ভূ-পাতিত করা এবং ইরানের যুদ্ধ বিমানের আঁকা ছবিকে আঘাত করতে কোটি টাকার মিসাইল নষ্ট করার মত কিছু হাস্যকর ঘটনা ইরান-আমেরিকার এই গুরুগম্ভীর যুদ্ধে রসের সঞ্চার করেছে।

বাংলাদেশের মিসাইল না থাকলেও, আছে যুদ্ধে অংশগ্রহণ করার প্রবল আগ্রহ। তাই তো পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহ করার যুদ্ধে সাধারণ জনজীবন ব্যহত হচ্ছে। গাড়ি আর মোটর বাইকের লাইন ক্রমাগত দীর্ঘ হয়ে অনর্থক ট্রাফিক জ্যামের সৃষ্টি করছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। যতই সরকারি নিশ্চয়তা আসুক না কেন, আমাদের জ্বালানি পর্যাপ্ত আছে। তবুও হুজুগে বাঙালির তেল সংরক্ষণের ক্ষমতা দেখে অবাক হওয়া ছাড়া উপায়ন্তর নেই। মধ্যপ্রাচ্যের তেলের খনিগুলোর মত বিশাল না হলেও, প্রতিটা বাড়িতেই যে শিশির-সম তেলের খনি তৈরি করতে সক্ষম হয়েছি এতেই আমরা বাহবা পাবার দাবি রাখি। তবে এ খবর যেনো ট্রাম্পের কান পর্যন্ত না যায়!

ইরান-আমেরিকার যুদ্ধের মাঝে আমাদের প্রাণের বইমেলা শুরু হয়েছে, নিষ্প্রাণ, জনমানবহীন। একে তো রোজা, তার উপর ইফতার খেয়ে মানুষজন যে বইমেলা ঘুরতে যাবে সেটার ও সুযোগ নেই। রাত নয়টা বাজতে না বাজতেই বইমেলার প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হয়। অনেক দর্শনার্থী দুর থেকে এসেও ভোগান্তির শিকার হয়। রমজান মাসে যেহেতু বইমেলা হচ্ছেই, বাংলাদেশের হালের ট্রেন্ড “নাইট মার্কেট”-এর মত ইফতার থেকে সেহরি পর্যন্ত বইমেলা হলে, গুটকতক সাধারণ মানুষ যারাই বইমেলায় যাচ্ছে তাদের অন্তত ফেরত আসতে হত না, আবার একুশ বইমেলার জনপ্রিয়তাও তুঙ্গে থাকত।

যখন শান্তি কিংবা যুদ্ধ মুষ্টিমেয় শক্তির ইচ্ছার অংশ তখন উন্নয়নশীল দেশে দাঁড়িয়ে শান্তির আশা করাই যেনো বাহুল্য। তবুও আমরা আশা রাখি, বিশ্বে শান্তি বিরাজ করবে, মানুষ অযথা বাড়াবাড়ি না করে সুবিবেচনা মজুদ করবে এবং আমাদের প্রাণের একুশে বইমেলা আবারও তার জৌলুস ফিরে পাবে।

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp