অক্টোবর 16, 2026

অনেকদিন পর প্যাপাইরাসের কোনো অনুষ্ঠান। অক্টোবর ২০২৪-এর পর দেখতে দেখতে কেটে গেছে দুই বছর, আবার অক্টোবর ২০২৬-এ এসে এমন একটা আয়োজন হলো। স্বাভাবিকভাবেই, জুনিয়রদের অনেক পরিশ্রম এবং বিভাগের শিক্ষকদের আন্তরিকতায় এই আয়োজনটা সম্ভব হয়েছে। তাদের ব্যস্ততা, দৌড়ঝাঁপ আর আয়োজনের পেছনের ছোট ছোট মুহূর্তগুলো দেখে নিজের প্যাপাইরাসের অনুষ্ঠান আয়োজনের দিনগুলোর কথাও মনে পড়ছিল। মনে হচ্ছিল, সময়টা বদলেছে, মানুষগুলো বদলেছে, কিন্তু প্যাপাইরাসকে ঘিরে সেই ভালো লাগাটা ঠিকই রয়ে গেছে।

আমি খুব ছোট করে প্যাপাইরাসকে একটা কথাই বলতে পারি, “ধন্যবাদ, প্যাপাইরাস।”

আমাকে সহ আরও অনেককে প্যাপাইরাসের সঙ্গে যুক্ত থাকার জন্য এই অনুষ্ঠানে সার্টিফিকেট দেওয়া হলো। প্যাপাইরাসের এই দীর্ঘ পথচলার খুব ছোট একটি অংশের সঙ্গে যুক্ত থেকে আমি যতটুকু এর জন্য করতে পেরেছি, তার চেয়ে অনেক বেশি কিছু এই প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে। এমন অনেক কিছু করেছি, অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়েছি, অনেক অভিজ্ঞতা পেয়েছি— যেগুলো প্যাপাইরাসের সঙ্গে যুক্ত না হলে হয়তো কখনোই করা হয়ে উঠত না।

প্যাপাইরাসের সঙ্গে পরিচয় থেকে শুরু করে এর বিভিন্ন কাজে যুক্ত থাকার সময়টুকুতে অনেক স্মৃতি জমেছে। নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, সিনিয়রদের স্নেহ পেয়েছি, জুনিয়রদের ভালোবাসা পেয়েছি। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের একটা সুন্দর সময়ের সঙ্গে প্যাপাইরাস খুব স্বাভাবিকভাবেই জড়িয়ে গেছে। এই সবকিছুর জন্য প্যাপাইরাসকে অনেক অনেক ধন্যবাদ।

২০১৯ সাল থেকে এখন পর্যন্ত প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার নিয়মিতভাবে প্যাপাইরাস প্রকাশিত হয়ে আসছে। আশা করি, এই পথচলা আরও অনেক বছর ধরে একইভাবে চলতে থাকবে। আর আমিও প্যাপাইরাসের সামনের দিনগুলোতে কোনো না কোনো ভাবে এর সঙ্গে যুক্ত থাকতে পারব। ধন্যবাদ, প্যাপাইরাস।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৯-২০

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp