ঘড়িতে তখন রাত ৪টা ৪৫ মিনিট। হঠাৎ ঘুম ভেঙে গেল। আশ্বিনের শেষ, কার্তিকের শুরু। শীত যেন ধীরে ধীরে ঘরের দরজায় কড়া নাড়ছে। ঘরের কোণে জমেছে হালকা কুয়াশার আবেশ। ঘুমঘুম চোখে শরীরে কাঁথা জড়িয়ে নিলাম। আবার চোখ বন্ধ করতেই গভীর ঘুমে হারিয়ে গেলাম।
ঘণ্টা দুয়েক পর ঘুম ভাঙল। কানে ভেসে আসছে পাখির কিচিরমিচির শব্দ। মাটির ঘরের ছোট ছোট ফাঁক দিয়ে মৃদু আলো এসে পড়েছে বিছানায়। চারদিকে এক শান্ত, কোলাহলমুক্ত পরিবেশ। মাঝেমধ্যে গরুর ডাক, হাঁসের প্যাঁকপ্যাঁক শব্দও শোনা যাচ্ছে। শহরের ব্যস্ত জীবনে এমন সকাল যেন কল্পনাতেই সীমাবদ্ধ।
শীতের সকালের মিষ্টি রোদ শরীরে বেশ আরাম এনে দিচ্ছে। বিছানায় বসেই হাতে মুঠোফোন নিয়ে প্রথম আলোর পত্রিকা পড়তে শুরু করলাম। যদিও পুরো পত্রিকা পড়ার অভ্যাস এখনো গড়ে ওঠেনি, তবু প্রতিদিন অন্তত শিরোনামগুলো একবার চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করি। বাড়িতে সবাই আছে, তাই এমনভাবে জোরে জোরে শিরোনাম পড়ছি, যেন সবাই খবরগুলো শুনতে পায়। পাশেই দাদা বসে মনোযোগ দিয়ে শুনছেন।
একটির পর একটি শিরোনাম পড়ছি।
তীব্র যানজটে অতিষ্ঠ শহরের মানুষ। ধুলোবালিতে বাড়ছে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার প্রকোপ। সড়ক দুর্ঘটনায় আহত তিনজন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে বিপর্যয়। সমুদ্র উপকূলে জোয়ার-ভাটার তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যটকদের সমুদ্রে নামতে এবং জেলেদের মাছ ধরতে নিষেধাজ্ঞা।
তবে দুটি শিরোনাম আমার বিবেককে ভীষণভাবে নাড়িয়ে দিল।
আশি-ঊর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যুর সাত দিন পর মরদেহ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ। পরে জানা গেল, তাঁর ছেলে বিসিএস ক্যাডার, মেয়ে অস্ট্রেলিয়াপ্রবাসী।
পরক্ষণেই আরেকটি শিরোনাম চোখে পড়ল— অর্থাভাবে পড়াশোনা বন্ধ হয়ে গেছে রফিক নামের এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীর।
কিছুক্ষণ চুপ করে রইলাম। একই সমাজে কেউ সন্তানদের উচ্চশিক্ষিত করে প্রতিষ্ঠিত করেছেন, অথচ জীবনের শেষ সময়ে তাঁর পাশে কেউ নেই। আবার কেউ সামান্য অর্থের অভাবে নিজের শিক্ষাজীবনটুকুও ধরে রাখতে পারছেন না। কী অদ্ভুত বৈপরীত্য আমাদের সমাজে!
পত্রিকা পড়া শেষ করে নাস্তা করতে বসলাম। মা খাবার নিয়ে এলেন। বাড়ির গাছের পাকা কলা, ধানের খই আর গরুর খাঁটি দুধ। কলাগুলো ভীষণ মিষ্টি। খইয়ের সঙ্গে দুধ মিশিয়ে খাওয়ার যে কী অপূর্ব স্বাদ, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
খেতে খেতে মনে পড়ল, বাড়ি ছেড়ে ক্যাম্পাসে গেলে সকালের নাশতায় এমন টাটকা খাবার আর পাওয়া যাবে তো? মনে পড়ে গেল হলের ক্যান্টিনের কথা। যে ক্যান্টিনে প্রতিদিন শত শত শিক্ষার্থী নাশতা করে, সেখানকার খাবারেও কখনো পাওয়া যায় পচা আলু, কখনো খাবারের সঙ্গে মিশে থাকে পোকামাকড়। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে কবে ক্যান্টিন কর্তৃপক্ষের বিবেক জাগ্রত হবে, সেই অপেক্ষায় থাকি।
নাস্তা সেরে বাইরে হাঁটতে বের হলাম। খালি পায়ে গ্রামের মেঠোপথ পেরিয়ে আলপথ ধরে হাঁটছি। দুপাশে বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ। হাজারো কৃষকের স্বপ্ন বোনা হয়েছে সেই মাঠের বুকে। চারদিকে সবুজের সমারোহ। ধানের ফলনও বেশ ভালো হয়েছে দেখে মনটা ভরে গেল।
কিছুদূর এগোতেই করিম চাচার সঙ্গে দেখা।
চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
—কৃষিকাজ করে আর কোনো লাভ হয় না বাপু!
আমি বললাম,
—কেন চাচা? সরকার তো কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে।
চাচা একটু হেসে বললেন,
—আমরা কৃষক কার্ড পাব কি না, তা-ই তো জানি না। আমাদের জন্য সার, কীটনাশক আর ডিজেলের দাম কম রাখলেই হয়। আর শেষ পর্যন্ত কৃষক কার্ডের সুবিধা গ্রামের পাতি নেতারাই বেশি পাবে কি না, সেই ভয়ও আছে।
আমি বললাম,
—চাচা, ধানের দাম তো বেশ ভালোই মনে হচ্ছে।
চাচা এবার একটু বিরক্তির সুরে বললেন,
—নারে বাপু, যে পরিমাণ খরচ হয়, সেই তুলনায় ধানের দাম অনেক কম। এত কষ্ট করে ফসল ফলিয়ে লাভ থাকে না। এসব কৃষিকাজ করে আর পোষায় না।
চাচার কথা শুনে কিছুক্ষণ নীরব হয়ে রইলাম। সত্যিই তো, ফসল ফলানোর পেছনে কৃষকের শ্রম, সময় ও অর্থ—সবকিছুই ব্যয় হয়। অথচ ধান ঘরে তোলার মৌসুমে অনেক সময় মধ্যস্বত্বভোগী ও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। কম দামে কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত করা হয়, পরে সেই ধানই বেশি দামে বাজারে বিক্রি করা হয়।
ভাবলাম, কৃষকের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা, কৃষিপণ্য সংরক্ষণের উপযুক্ত অবকাঠামো এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে হয়তো তাঁদের জীবনমান কিছুটা হলেও উন্নত হতো। কৃষকের মুখে হাসি না থাকলে দেশের খাদ্যনিরাপত্তা কতটা নিশ্চিত থাকবে?
কৃষিক্ষেত ঘুরে রাস্তার পাশে দাঁড়ালাম। কী মৃদু বাতাস! মনে হচ্ছে, বুকভরে নির্মল বাতাস নিচ্ছি। রাস্তায় যানজট নেই বললেই চলে। দু-চারটি গাড়ি চলাচল করছে। হঠাৎ মনে হলো, দেশের প্রতিটি শহরের রাস্তা ও পরিবেশ যদি এমন নির্মল করা যেত, তাহলে হয়তো সংবাদপত্রের শিরোনাম থেকে যানজট ও ধুলাবালির খবরগুলো একদিন হারিয়ে যেত।
রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছি। আশ্বিন-কার্তিক মাস। গ্রামে এ সময়টায় অভাবের ছায়া কিছুটা দীর্ঘ হয়। কৃষিকাজে ব্যস্ততা কমে আসে, মানুষের হাতেও তেমন কাজ থাকে না।
অনেক দিন পর গ্রামে এসেছি। তাই পথে দেখা হওয়া পরিচিত মানুষগুলোর সঙ্গে কুশল বিনিময় করছি। কে কেমন আছে, কার সংসারে কী চলছে, সবার খোঁজখবর নিচ্ছি। তারাও আমার ভালো-মন্দ জানতে চাইছে। তাদের আন্তরিকতা, হাসিমুখ আর কথাবার্তায় মনটা ভরে উঠছে।
তাদের সুখ-দুঃখের গল্প শুনতে শুনতে কখন যে আমি একেকজনের কাছে খোলা বাক্সে পরিণত হয়েছি, নিজেও বুঝতে পারিনি। সেই বাক্সে জমা হচ্ছে শত জীবনের শত রকম গল্প। কেউ হাসছে, কেউ হাসির আড়ালে লুকিয়ে রেখেছে দীর্ঘদিনের কষ্ট, কেউবা খুলে বলছে বুকের ভেতর জমে থাকা বেদনার কথা।
আমি নীরব শ্রোতা। একের পর এক গল্প শুনছি। কারও দুঃখের কথা শুনে সান্ত্বনা দিচ্ছি, কারও হতাশার মাঝে আশার আলো জ্বালানোর চেষ্টা করছি।
গ্রামের বয়স্ক মানুষদের সঙ্গে গল্প করতে আমার বেশ ভালো লাগে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের স্মৃতির ঝুলি যেমন ভারী হয়, তেমনি বাড়তে থাকে সুখ-দুঃখের গল্প। সন্তানরা বড় হয়ে যে যার মতো ব্যস্ত হয়ে পড়ে। সংসারের দায়িত্ব, জীবিকার তাগিদ কিংবা দূরত্ব—সব মিলিয়ে বৃদ্ধ বয়সে অনেকের সঙ্গী হয়ে ওঠে নিঃসঙ্গতা।
বাড়ির গেটে পৌঁছাতেই কানে এল কান্নার আওয়াজ। চারদিকে তাকিয়ে দেখি, মানুষজন ছোটাছুটি করছে। কী হয়েছে, প্রথমে বুঝতে পারলাম না।
মা জানালেন, শফিক চাচা ভীষণ অসুস্থ।
দ্রুত তাঁর বাড়িতে গেলাম। চাচা বিছানায় শুয়ে আছেন। আশপাশে মানুষের ভিড়। কেউ খালি গায়ে ছুটে এসেছেন, কারও পায়ে এখনো লেগে আছে মাঠের কাদামাটি। কয়েকজন আলোচনা করছেন, কী হয়েছে, কোথায় নিয়ে যাওয়া যায়, কোন হাসপাতালে নিলে ভালো হবে।
সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ পর একটি গাড়ি এল। পরিচিত কোনো চিকিৎসক না থাকায় তাঁকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হলো।
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, আজ যদি এই গ্রামে একজন এমবিবিএস চিকিৎসক থাকতেন! কিংবা একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকত! তাহলে হয়তো অসুস্থ মানুষটিকে নিয়ে এতটা অনিশ্চয়তায় পড়তে হতো না। হয়তো একদিন এই গ্রামেরই কোনো সন্তান চিকিৎসক হবে, গ্রামের মানুষের জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে। ধীরে ধীরে বদলে যাবে গ্রামটি।
কিন্তু সেই স্বপ্নের পথে কত বাধা!
একজন ভালো চিকিৎসক কিংবা নার্স তৈরির স্বপ্ন বুনতে না বুনতেই পরিবারের আর্থিক অসচ্ছলতায় কোনো গ্রামের ছেলের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। কোনো মেয়ে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার আগেই বখাটেদের উৎপাত, নিরাপত্তাহীনতা কিংবা পরিবারের আর্থিক সংকটের কারণে বাল্যবিবাহের শিকার হয়। যৌতুকের অর্থ জোগাড় করতে গিয়ে মেয়ের বাবার ঘাম ঝরে, চোখে জমে ক্লান্তি। তবুও সেই বাবা চান, তাঁর মেয়েটি যেন স্বামীর সংসারে অন্তত দুধে-ভাতে থাকে।
কারও বিপদে কিংবা অসুস্থতায় গ্রামের মানুষ যেভাবে একে অন্যের পাশে ছুটে আসে, তা আমাকে নতুন করে ভাবতে শেখায়। ব্যস্ত শহরে হয়তো উন্নত চিকিৎসক, হাসপাতাল ও আধুনিক যন্ত্রপাতি পাওয়া যায়; কিন্তু কারও বিপদে এভাবে সবাইকে একসঙ্গে ছুটে আসতে খুব কমই দেখা যায়। গ্রামের মানুষের এই আন্তরিকতা সত্যিই অন্য রকম।
দুপুরের ক্লান্তি শেষে ঘুমিয়ে পড়লাম। বিকেলে গ্রামের বাজারে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল। তাই প্যান্ট-টি-শার্ট পরে বেরিয়ে পড়লাম।
বাজারের এক পাশে বেশ ভিড় জমেছে। কৌতূহল নিয়ে ভিড়ের মধ্যে মাথা উঁচু করে তাকাতেই দেখলাম, একজন সাপুড়ে সাপের খেলা দেখাচ্ছেন। পাশে গাছের শিকড় ও নানা ধরনের ভেষজ উপকরণ বিক্রি করছেন।
এসব চিকিৎসায় আমার তেমন বিশ্বাস নেই। কিন্তু গ্রামের অনেক দরিদ্র মানুষ এসবের ওপর নির্ভর করেন। অর্থের অভাবে যাদের কাছে চিকিৎসকের পরামর্শ নেওয়া কিংবা ওষুধ কেনা কঠিন, তারা সামান্য টাকায় আরোগ্য লাভের আশায় এসব শিকড়-বাকড় কিনে নেন। চিকিৎসাসেবার অভাব ও দারিদ্র্য যে মানুষকে কতটা অসহায় করে তুলতে পারে, দৃশ্যটি তারই একটি উদাহরণ।
বাজারে মাছ-মাংসের দোকানগুলোতেও তেমন ভিড় নেই। কিছুক্ষণ মুদি দোকানি করিম চাচার সঙ্গে গল্প হলো। হাসিমুখে তিনি বললেন,
—গ্রামের মানুষ এখন নাকি লবণ খাওয়াও কমিয়ে দিয়েছে!
আমি অবাক হয়ে কারণ জানতে চাইলাম।
চাচা বললেন,
—আর বলিস না বাপু, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে, তাতে মানুষ এখন হিসাব করে খরচ করছে। সংসার চালাতেই হিমশিম খাচ্ছে সবাই।
কথাটি শুনে মনে হলো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব এখন আর শুধু শহরের মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। গ্রামের সাধারণ মানুষও প্রতিদিনের জীবনযুদ্ধে ক্রমেই বেশি অসহায় হয়ে পড়ছে।
সন্ধ্যা পেরিয়ে রাত নামল। গ্রামের বাজারগুলো সাধারণত রাত আটটা কিংবা নয়টার মধ্যেই বন্ধ হয়ে যায়। আশপাশের দোকানগুলোও বন্ধ হতে শুরু করেছে। আমিও টর্চলাইট হাতে বাড়ির পথে রওনা দিলাম।
জোছনার আলোয় গ্রামের মেঠোপথে অনেক দিন হাঁটা হয়নি। কত দিন ধরেই মনে মনে ইচ্ছে পুষে রেখেছিলাম—কবে বাড়ি ফিরব, নির্জন মেঠোপথ ধরে একা হাঁটব, জোনাকির আলোয় পথ চিনব, ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে শুনতে রাতের সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলব!
অবশেষে সেই প্রত্যাশা পূরণ হলো।
বাড়িতে ফিরে দেখি, মা ভাত নিয়ে বসে আছেন। হাত-মুখ ধুয়ে খেতে বসলাম। মাকে বললাম,
—মা, তুমি যখন থাকবে না, তখন এই ভাত নিয়ে আমার জন্য কে অপেক্ষা করবে?
মা শুধু মৃদু হাসলেন। কোনো উত্তর দিলেন না।
মনে মনে ভাবলাম, প্রতিটি মা-ই তো চান তার সন্তানকে আগলে রাখতে, তার ভালো-মন্দের খোঁজ নিতে, নিজের হাতে রান্না করে কিছু খাওয়াতে। মায়ের হাতের রান্নার স্বাদ কি কখনো ভোলা যায়?
খাওয়া প্রায় শেষ। হঠাৎ মা প্রশ্ন করলেন,
—তুই বড় হয়ে ঢাকার ওই বিসিএস ক্যাডারের মতো আমাকে ফেলে রেখে যাবি না তো?
মায়ের প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। কী উত্তর দেব, ভেবে পেলাম না।
একটু হেসে বললাম,
—মা, তোমাকে আজ আমি ফেলে গেলে, কাল যদি আমার সন্তানও আমাকে ফেলে চলে যায়? আর আমি তো এখনো বিসিএস ক্যাডারই হইনি!
মা আবারও হাসলেন। কিন্তু তাঁর হাসির আড়ালে কী যেন একটা ভয় লুকিয়ে আছে বলে মনে হলো। হয়তো সন্তান বড় হয়ে দূরে চলে যাওয়ার ভয়, হয়তো বৃদ্ধ বয়সে একা হয়ে পড়ার আশঙ্কা।
ভাত খেয়ে নরম বিছানায় শুয়ে পড়লাম। আমাদের গ্রামটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় ঘরের ভেতরে তেমন মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। তাই শহরের মতো ঘুমানোর আগে ফোন নিয়ে পড়ে থাকার সুযোগ হলো না।
শুয়ে আছি। গ্রামের মানুষের গল্প, নিজের ভবিষ্যৎ, বাবা-মায়ের বৃদ্ধ বয়স—কত কিছুই না ভাবছি। ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছি, নিজেও জানি না।
ঘুমের মধ্যে হঠাৎ কানে ভেসে এল মুয়াজ্জিনের কণ্ঠ। মসজিদের মাইকে উচ্চারিত হচ্ছে, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
ঘুম ভেঙে গেল।
কিছুক্ষণ পর জানতে পারলাম, শফিক চাচা আর বেঁচে নেই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি পাড়ি জমিয়েছেন পরপারের পথে।
কিছুক্ষণ পর বিছানা ছেড়ে উঠে মাকে জিজ্ঞেস করলাম,
—বাবা কোথায়?
মা জানালেন, বাবা কবর খুঁড়তে গেছেন। আমাদের গ্রামে কেউ মারা গেলে বাবা সাধারণত কবর তৈরির কাজে এগিয়ে যান। আজও তার ব্যতিক্রম হয়নি।
আমিও দ্রুত সেখানে চলে গেলাম।
কবর খোঁড়া শেষ। দাফনের জন্য বাঁশ প্রস্তুত করা হচ্ছে। আমিও এগিয়ে গিয়ে বাঁশের বেড়া তৈরির কাজে সাহায্য করলাম। প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী কাজ করছেন। কেউ কবরের কাজে ব্যস্ত, কেউ বাঁশ প্রস্তুত করছেন, কেউবা পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন।
শফিক চাচার বাড়িতে মানুষের ঢল নেমেছে। একজনের পর একজন এসে উপস্থিত হচ্ছেন। উঠানে, বারান্দায়, বাড়ির আশপাশে—সবখানেই মানুষের ভিড়।
মনে মনে ভাবলাম, শফিক চাচা বেঁচে থাকতে এই মানুষগুলোর কতজন তাঁর খোঁজখবর নিয়েছেন, তা জানি না। অথচ মৃত্যুর শেষ দিনে তাঁকে একনজর দেখতে, তাঁর পরিবারের পাশে দাঁড়াতে সবাই ছুটে এসেছেন।
গ্রামের মানুষের আজ কোনো কাজ নেই, কোনো ব্যস্ততা নেই। সবাই যেন নিজেদের কাজ ফেলে শফিক চাচার পরিবারের শোকের অংশীদার হয়েছেন। কেউ সমবেদনা জানাচ্ছেন, কেউ পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন, কেউবা নীরবে পাশে বসে আছেন।
এখানে দুঃখ শুধু একজন মানুষের নয়; পুরো গ্রামের। একজনের শোক যেন সবার শোক হয়ে উঠেছে।
ভাবতে লাগলাম, শহরের জীবন কি এমন? শহরে কেউ মারা গেলে হয়তো খবরটি জানার আগেই মানুষ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কারও অসুস্থতা কিংবা মৃত্যুর খবর শোনার পরও অনেকের পক্ষে ছুটে যাওয়া সম্ভব হয় না। সময়ের অভাব, দূরত্ব কিংবা নাগরিক জীবনের ব্যস্ততা—সব মিলিয়ে মানুষ যেন ক্রমেই একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।
গ্রামের জীবনে অভাব আছে, চিকিৎসার সংকট আছে, শিক্ষার সীমাবদ্ধতা আছে, কৃষকের বঞ্চনা আছে। আছে অসংখ্য অপূর্ণতা। তবুও এখানে মানুষের পাশে মানুষ দাঁড়ায়। বিপদে একে অন্যের হাত ধরে। কারও মৃত্যুতে সবাই একসঙ্গে কাঁদে।
হয়তো গ্রাম আমাদের সবকিছু দিতে পারে না, কিন্তু এমন কিছু দিতে পারে, যা আধুনিক শহরের চাকচিক্যেও অনেক সময় পাওয়া যায় না—মানুষের আন্তরিকতা, ভালোবাসা আর পারস্পরিক দায়বদ্ধতা।
শহরে ফিরে আবার হয়তো যানজটের ভিড়ে দাঁড়াব, ব্যস্ততার মধ্যে হারিয়ে যাব, ক্যাম্পাসের ক্লাস, পড়াশোনা আর ভবিষ্যৎ গড়ার স্বপ্নের দিকে ছুটতে হবে। কিন্তু সেই স্বপ্নের পথে হাঁটতে গিয়ে যেন শেকড়কে ভুলে না যাই।
কারণ, জীবনে বড় হওয়া মানে শুধু বড় কোনো পদে আসীন হওয়া নয়; বড় হওয়া মানে নিজের বাবা-মায়ের পাশে থাকা, গ্রামের অসহায় মানুষগুলোর কথা মনে রাখা, মানুষের বিপদে এগিয়ে আসা।
মেঠোপথের এই একটি দিন আমাকে যেন নতুন করে চিনিয়েছে আমার গ্রামকে, আমার মানুষগুলোকে, এমনকি নিজেকেও।
দিন শেষে উপলব্ধি হলো, মানুষ যত দূরেই যাক, তার শেকড় পড়ে থাকে সেই মাটিতেই—যে মাটি তাকে একদিন হাঁটতে শিখিয়েছিল।
- মোঃ বিপ্লব আল হোসাইনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8/বৃহস্পতিবার, নভেম্বর 14, 2024
- মোঃ বিপ্লব আল হোসাইনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8/বৃহস্পতিবার, ডিসেম্বর 12, 2024
- মোঃ বিপ্লব আল হোসাইনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8/রবিবার, জানুয়ারি 19, 2025
- মোঃ বিপ্লব আল হোসাইনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8/বৃহস্পতিবার, ডিসেম্বর 11, 2025
- মোঃ বিপ্লব আল হোসাইনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 12, 2026












