নভেম্বর 7, 2026

শেষরাত থেকে তুমুল বৃষ্টি! থামার লেশমাত্র নেই। ভোররাতে যেই একটু বিরতি নিল, অমনি শুরু হলো মুষলধারে। অথচ আকাশের গর্জন শোনা যাচ্ছে না। মনে হয়, যেন অজানা কোনো কারণে নীরবে কেঁদে চলেছে আকাশ। কিন্তু সুবিশাল এই আসমানের কীসের এত কষ্ট, যার জন্য মেঘের বজ্রনিনাদও রীতিমতো চুপটি মেরে গিয়েছে?

রাহাতের ক্লাস আছে সকাল ৮ টায়—আজ এনাটমির উপর লেকচার। ঢাকা মেডিকেলে ভর্তির পর থেকে জীবনটা অন্যরকম হয়ে গিয়েছে রাহাতের। পরিবর্তনটা ইতিবাচক-নেতিবাচক এর একপ্রকার মিশেল হলেও খাপ খাওয়াতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। প্রথম বর্ষ শেষের দ্বারপ্রান্তে পৌঁছালেও আজও দেখলে মনে হবে, যেন এখনো খাপ খাওয়াচ্ছে। এই সমঝোতার ইতি কোথায়, কিংবা আদৌ কোনো ইতি আছে কিনা, তা জানা নেই তার।

আজ কেন যেন ক্লাসে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না হওয়ার একটা কারণ অবশ্য বৃষ্টি, তবে আসল কারণ অবশ্য তা নয়। আসল কারণ টা যে কী, তা বুঝতে পারছে না সে। তবে ইচ্ছে যখন করছে না, তখন আজ ক্লাস কামাইয়ের চিন্তাটাও মগজকে ঘিরে ধরলো প্রচণ্ডরূপে!

ইশিতা, নিধি, হিমেল, নিয়াজ সহ গ্রুপের সবাই হয়তো যাবে, কারণ এনাটমি টপিক টা নতুন এবং একইসাথে নাকি অনেক ইন্টারেস্টিং! ওদের কারো থেকে লেকচার টা তুলে নিলেই হবে।

বর্ষাকালীন এই সময়টা চট্টগ্রামে থাকতে পারলে বেশ হতো। সে চট্টগ্রামের ছেলে, ঢাকায় সাবলেট ভাড়া থেকে ঢামেকে পড়ছে। আজ যেহেতু বাঙ্কের সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, তখন একটু বাইরে বৃষ্টিবিলাস করে আসা যাক!

চট্টগ্রাম হলে এতক্ষণে এলাকার ভাই-ব্রাদারদের নিয়ে এক দফা ওয়াকআউট হয়ে যেত। এখন একা বেরূতে হবে জেনেও কিন্তু মনে মনে খুশিই হয় সে। অনেক সময় নিজের সাথে একান্তে সময় কাটানো দরকার হয়। সারাদিন ক্লাস আর অফিসিয়াল কাজকর্ম করতে করতে নিজের খোঁজখবর নেওয়ার সময় হয় না বললেই চলে। তার উপর সে আবার মেডিকেলের স্টুডেন্ট!

ছাতা নিয়েই বেরিয়ে পড়া হলো। বেরিয়েই সামনে পড়ল মতি মিয়ার চায়ের দোকান। রোজ বিকেলে ভার্সিটির পর দিনের সূচনা থেকে যবনিকার বিশ্লেষণ হয় এখানে। কিন্তু আজ দোকান বন্ধ—কারণ টা অজানা। কাউকে কি জিজ্ঞেস করবে? ইচ্ছে করছে না।

সে হাঁটা ধরল। এই বৃষ্টিতে রাস্তায় তেমন কোনো যানবাহন নেই। রিকশা কিছু আছে, দৌঁড়িয়ে ছুটছে যাত্রীর গন্তব্যের পানে। আশেপাশের দোকান পাট তেমন খোলেনি, জমজমাট ও নয়। যে কয়টা খোলা আছে, মনে হচ্ছে কেবল মালিকের দায়সারা থেকে মুক্তি কিংবা পেটের দায়!

ফাঁকা রাস্তায় হাঁটার মজাই আলাদা! ছাতা না থাকলে আর একটু রিল্যাক্স ভাবে হাঁটা যেত।

শহরে এমনিতেই গাছপালা কম, তার উপর যে কয়টা আছে, সেগুলোরও মরা-মরা অবস্থা, তবে এই বৃষ্টি যে রীতিমতো সেগুলোতে প্রাণের সঞ্চার করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। 

পাখপাখালিরা তাদের পরিবার সহ উঁচু গাছের কোনো এক মগডালে বসে গল্পের আসর বসিয়েছে হয়তো। কারণ এই বৃষ্টিতে বাইরে বের হওয়ার জো নেই। গাছের ফলগুলো যেন বলছে—ওহে ময়না, আমি আর একটু হৃষ্টপুষ্ট হয়ে নি এই সুযোগে!

বৃষ্টির তেজ ধীরে ধীরে কমছে, আকাশও ক্রমেই পরিষ্কার হচ্ছে। বাঙ্ক যখন দিয়েছেই, আজ হাঁটতে হাঁটতে রেলস্টেশন পর্যন্ত চলে যাওয়া যাক!

যা ভাবা তাই কাজ। ইট-পাথরের আধোক্ষয়ী, বৃষ্টিতে সপসপে রাস্তা করে হেঁটেই রাহাত স্টেশনের পানে ছুটল। খানাখন্দের অন্ত নেই রাস্তায়—পানি জমে ক্রমশই মরণফাঁদে পরিণত হয়েছে, যা মুক্তপায়ে মনোযোগবিহীন হাঁটার পথে প্রধান অন্তরায়!

রাহাত এখন একমনে হাঁটতে লাগলল। এতদিকে মনোযোগ দিয়ে হাঁটা আর ঘটনা গুলোকে গল্পের আকারে কাব্যিক রূপ দেওয়া অর্থহীন! সে কবি, সাহিত্যিক তো নয়। হাঁটার আনন্দ কোনোভাবেই ম্লান করা যাবে না! হাঁটতে হাঁটতেই এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় সে! একইসাথে বৃষ্টিও যেন 

আজকের মতো আর ধরণী সিক্ত করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিদায় নেয়।

হাঁটতে হাঁটতে একসময় রাহাত পৌঁছে যায় স্টেশনে, শেষ গন্তব্যে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, মাগরিবের আজান পড়তে পৌনে ১ ঘণ্টার মতো বাকি আছে। এই গোধূলিতে আকাশের মুক্ত বাতাসে উড়ে উড়ে নিজেদের শান্তির নীড়ে ফিরে যেতে দেখা যায় বাবুই-চড়ুইদের। এদের শেষবেলার কিচিরমিচিরে শহুরে জীবন গ্রামীণ জীবনের রূপ ধারণ করার একটা বৃথা চেষ্টা করে!

মানুষজনও আজকের মতো জীবিকার ইস্তফা ঘটিয়ে প্রিয়জনের নিকট ফিরে যায়। কেউ কেউ আবার বাদামওয়ালার নিকট থেকে বাদামও কিনছে—সখিনীর জন্য হয়তো! 

আগামীকাল থেকে আবার শুরু নিত্যদিনের ভ্রমণ। এনাটমির নতুন নতুন শব্দ আলপিনের মতো বিণুনি গাঁথবে মাথায়! চিকিৎসক হওয়া অবধি যা সহ্য করে যেতে হবেই—যার কোনো অন্ত নেই।

চলে আসে বেলা শেষের ট্রেন। উঠে হারিয়ে যেতে 

মন চায় অন্তহীন দিগন্তের পানে। কিন্তু হায়! এই রেলগাড়ীর যাত্রী যে সে নয়, তার আসন অবৈধভাবে আগেই দখল করে নিয়েছে ‘জীবনযুদ্ধ’ নামের যাত্রী! টিকিট বিক্রয় ও শেষ! 

করার কিছুই নেই—ফিরে যে আসতেই হবে বিষাদযুক্ত রণক্ষেত্রের এই মঞ্চে। এরপর একদিন চিরস্থায়ী যবনিকাপাত ঘটবে। তারপর?

তারপর অন্তহীন, কেবলই অন্তহীন…………..

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp