প্রিয় প্যাপাইরাস,
কেমন আছ? উত্তর দিবে না? রাগ হয়েছে খুব? কেন খবর নিলাম না এই ভাবছো? ওহ্! অভিমান করেছ? ভাঙাতে হবে তাহলে; কীভাবে ভাঙাব বল শুধু, আমি প্রস্তুত।
“অপেক্ষায়
অপেক্ষারা
অপেক্ষিতই থেকে যায়,
কিছু আসা-শুধুই না আসার নামান্তর।”
কথাগুলো আমার লেখা না। পেয়েছিলাম একটা জায়গায়; ভালো লেগেছিল বলে রেখে দিয়েছিলাম। কিন্তু ভাবি নাই তোমাকে বলতে হবে। বাধ্য করলে বলতে শেষে, তাই বললাম। আমি তো অপেক্ষায় ছিলাম তোমার কাছ থেকে কোনো এক ফিরতি চিঠির। ঠিক দুই বছর আগে যে চিঠিটা পাঠিয়েছিলাম, পড়েছিলে কি? সত্যি বলবে?
জানি, তোমার আমার চিঠি পড়ার ফুরসতই হয় নি। না, না, এ আমি অভিমানে অভিযোগ করছি না তোমায় নিয়ে। বলছি তোমার ধাবমানতাকে পর্যবেক্ষণ করে।
মজার ব্যাপার কী জানো? আজও পহেলা সেপ্টেম্বর, আন্তর্জাতিক চিঠি দিবসে বসে তোমায় চিঠি লিখছি। ডাকটিকিট, পিয়নের হাঁকের সাথে সক্ষ্যতা এখন অবদি না জন্মালেও তোমায় গল্প শোনানো এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। আর তোমার চিঠির উত্তরের অপেক্ষায় আমার তোমাতে প্রকাশ হওয়া ছন্দে-সুরে-আবেগে ভরপুর গল্প, কবিতা, সংলাপ পড়ার ইচ্ছে হয়েছে প্রবল। ক্রমশ বেড়ে চলেছে মানুষের ভাবের সাথে আবেগের মিলন ঘটিয়ে আসল ভাবাবেগ বুঝতে এক অতৃপ্ত আত্মার হাহাকার। কত মানুষের অনুভূতি, অনুরাগ, অনুযোগ প্রকাশ করে বিধ্বস্ত জীবনে আনন্দ ফিরাও তুমি; ভেবেই ভালো লাগে আমার। কীভাবে পারো এগুলো?
তোমার মাঝে শান্তি খুঁজে নিতে ১৯৯৯ সালে তোমার হাতে হাত রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। ছোট হতে থাকা পৃথিবীর সাথে তাল মিলাতে ২০১৯ এ তোমার অনলাইন অগ্রযাত্রায় আজ শুধু পরিসংখ্যানের শিক্ষক শিক্ষার্থীরা যে শুধু নিজেকে খুঁজতে, বুঝতে তোমার কাছে গল্প, কবিতা, ভ্রমণকাহিনী পাঠাচ্ছে, তা নয়। অন্য বিভাগের শিক্ষার্থী, শিক্ষকেরাও তোমাতে আবিষ্কার করেছে নিজেদের। শৈল্পিকতার ছোঁয়ায় তোমায় সাজিয়ে চলেছে নবরূপে, নবআঙ্গিকে। এমনকি ক্রমশ তুমি হয়ে উঠছ ভিন্ন ভিন্ন স্কুল, কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মনের ভাব প্রকাশের দিনলিপি, বেঁচে থাকার জন্য আনন্দের খোরাক।
আমি আজ তাজ্জব এই ভেবে গত জুন মাস থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় প্রতিমাসেই Graduate of the University of Bucharest, Romania এর Gabriela Marin তোমাতে তাঁর আবেগ, আক্ষেপ প্রকাশ করছে। তুমি আজ সীমাবদ্ধ নও শুধু পরিসংখ্যান বিভাগের mean, median, mode, standard deviation এর হরেক রকমের জটিল-কুটিল হিসাব-নিকাশে। তুমি আজ দেশ পেরিয়ে বিদেশের বহু মানুষের সুখ দুঃখের পাঁচালী।
কীভাবে পারো সবার জীবনের আনন্দ, রোমাঞ্চ, আক্ষেপ শুনে, নতুন করে এগিয়ে চলার প্রেরণা যোগাতে? আমাকে শিখাবে? বানাবে আমায় তোমার শিষ্য?
এই, আচ্ছা, ভালো কথা। প্রথমটুকু পড়ে কি তুমি আমায় অভিমানী ভাবছিলে? নাকি খুঁজে খুঁজে দোষ বের করা দজ্জাল পাঠক ভাবছিলে? আমি কিন্তু তার মাঝের কোনোটাই না। আমি তোমার কাছে মানুষের বন্ধু হওয়ার দিক্ষা নিতে চাওয়া অপেক্ষমান বক্তা বা লেখক বা পাঠক; এক কথায় তুমি আমায় যা ভাববে তাই। আর তুমি যদি আমায় আমার পরিচয় জানতে চাও, তবে আমি বলব ধরে নাও তুমি নীলা, আমি প্রেমিক। গানের সুরে অনেকটা আমি এমন:
“আমি এক গরিব প্রেমিক নীলা
আমার আর কিচ্ছু করার নেই,
আমি এক বেকার প্রেমিক নীলা
তোমাকে কিচ্ছু দেবার নেই।”
হা হা হা! হাসি পাচ্ছে বুঝি? তোমায় গান শুনলাম এই ভাঙা ভাঙা লেখায় তাই? হেসো না, মায়া আছে ঐ কথায়; খুঁজে নিও সময় করে।
পুরোটা লিখা পড়ার সময় তোমার না হলেও আমাকে দিক্ষা দেওয়ার সময় তোমার কবে হবে তা অবশ্যই জানিও।
অনেক কিছু বলে ফেললাম আবার তোমায়। আজ আর নয়। অপেক্ষায় থাকব তোমার উত্তরের।
ইতি,
তোমাতে মেতে থাকা একজন
- নুঝাত নাজিয়াhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a7%81%e0%a6%9d%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/বৃহস্পতিবার, ডিসেম্বর 8, 2022
- নুঝাত নাজিয়াhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a7%81%e0%a6%9d%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 9, 2023
- নুঝাত নাজিয়াhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a7%81%e0%a6%9d%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/বৃহস্পতিবার, জুন 8, 2023
- নুঝাত নাজিয়াhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a7%81%e0%a6%9d%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/বৃহস্পতিবার, আগস্ট 10, 2023
- নুঝাত নাজিয়াhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a8%e0%a7%81%e0%a6%9d%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/বৃহস্পতিবার, সেপ্টেম্বর 14, 2023












