সেপ্টেম্বর 23, 2026

এবার ফিরাও মোরে
সেই নীল আকাশের মাঝে,
এবার ফিরাও মোরে
সেই দূর দিগন্তের কাছে।

এবার ফিরাও মোরে, সেই সবুজ ধানক্ষেতে
যেখানে সবুজের ঢেউ বয়,
যেখানে পাখিদের গান হয়,
যেখানে হলুদ শাড়ি পরে ক্ষেত
লজ্জায় কথা না কয়।

এবার ফিরাও মোরে সেই গ্ৰাম্য লোকের মাঝে
যেখানে নেই কোনো ভাবনা,
নেই কোনোকিছু না পাওয়ার বেদনা।
যেখানে নেই কোনো অসুস্থ প্রতিযোগিতা,
নেই কোনো অলসতা।

যেখানে রয়েছে অপার সুখ,
অন্যকে সাহায্য করার মানসিকতা,
যেখানে রয়েছে স্বার্থহীন মনোভাব
সুখ, শান্তি আর মায়া-মমতা।

এবার ফিরাও মোরে
দালান-কোঠায় আবদ্ধ, জরাগ্ৰস্ত সেই নগর থেকে
যেখানে শুধু প্রতিযোগিতা,
একে অন্যকে পেছনে ফেলার মানসিকতা।

এবার ফিরাও মোরে
সেই অতৃপ্ত লোভ থেকে
যে কখনই হয় না পূর্ণ।
কেবল চাওয়া আর চাওয়া যার স্বভাব,
যে জীবনের সকল সম্পর্ককে করেছে চূর্ণ বিচূর্ণ।

এবার ফিরাও মোরে
সেই অবিদ্যা থেকে
যেখানে নেই কোনো বিদ্যার আভাস,
নেই স্বজ্ঞান লাভের কোনো প্রয়াস।

যেখানে শুধুই প্রতিযোগিতা আর প্রতিযোগিতা
জ্ঞান লাভের প্রতিযোগিতা,
জ্ঞান লুকানোর প্রতিযোগিতা,
জ্ঞান বিতরণের প্রতিযোগিতা।
এ শুধুই প্রতিযোগিতা
যে নয় তৃপ্ত, সর্বদা ক্ষুব্ধ ।

অজ্ঞাত এক লক্ষ্যে ছুটে চলছে সমগ্ৰ পৃথিবী
যেখানে শুধুই এগিয়ে চলা
ফেলে আসা সুখের প্রতি নেই কোনো নজর।
শুধু চাই, আরো চাই
কিন্তু, কী পেতে চাই, কোথায় যেতে চাই,
কীসের জন্য ছুটে চলেছি সেই গভীর অন্ধকারে
নেই, জানা নেই।

আমি ক্লান্ত, অবসন্ন
পৃথিবীর সাথে তাল মেলাতে,
সেই আধুনিকত্বের সাথে তাল মেলাতে
আমি ক্লান্ত, অবসন্ন হয়ে পড়েছি।

তাই, এবার ফিরিয়ে নাও মোরে,
নিয়ে নাও,
নিয়ে নাও তোমার শিক্ষিত, চালাক
আর স্বার্থপর সমাজ।
ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও আমার
যা আছে তাতেই তুষ্ট বোকা সমাজ।

Student | Department: Soil, Water & Environment
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ