পুরনো সাইকেল দিয়ে জীবন কতদূর চলে যেতে পারে—কখনো ভাবিই নি। ছোটবেলা থেকে সাইকেল চালাতে ভালোবাসতাম; স্কুলের রাস্তাগুলো, গ্রামের সবুজ পথ—সবকিছুই যেন আমার দুই চাকার এই বন্ধুর উপর ভর করে দেখা। অথচ আজ সেই সাইকেলই যেন বিরক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। বাতাসের বিপরীতে সাইকেল চালানোর কষ্ট, তা শুধু সেই মানুষই বোঝে, যে কখনো মাথা নিচু করে প্যাডেল চালিয়েছে।
প্রেমিকার সঙ্গে কখনো সাইকেল ভ্রমণের সৌভাগ্য হয়নি। তবু মেনে নিতে হয়—অভিযোগ যতই থাকুক, পৃথিবীতে সাইকেলের চেয়ে সহজ, প্রিয় আর কোনো বাহন নেই। কবির কথার মতো, সাইকেলের গল্প জানলে তবেই বোঝা যায় তার মহত্ব।
আধুনিক যুগে যন্ত্র বেড়েছে, কিন্তু সেই যন্ত্রই তৈরি করেছে যন্ত্রণা। প্রতিদিন শহরের শব্দ, ধুলো, ব্যস্ততা—আমার জীবনে একরাশ বিরক্তি নিয়ে আসে। তাই সিদ্ধান্ত নিলাম, ঢাকায় যাবো। ট্রেনের টিকিট কেটে, ভোরবেলা সেই পুরনো সাইকেল চেপেই বের হলাম স্টেশনের দিকে। রাস্তায় ভিড়, চারপাশে সেই চিরচেনা গ্রাম—সবুজ, মাটি, মানুষ—আমার মন বারবার টেনে নিচ্ছিল।
সময় খুব বেশি ছিল না। শেষ পর্যন্ত ট্রেনটি মিস করলাম—মাত্র কয়েক মিনিটের জন্য। মেজাজ খারাপ হলেও মন ভালো করতে কয়েকজন বন্ধুকে ফোন দিলাম। কেউ ধরলো না। একজন ধরেও বলল, এই রোদের দিনে বের হবে না। শহর ঘোরা আর হলো না।
বাড়ি থেকে ফোন—“বাসে চলে যা।”
আমি বললাম, “ট্রেনের ভাড়ার টাকাটা কে দিবে?”
উত্তর এলো, “জীবনে কত কিছুই তো মিস করবি। এটা তো একটা ট্রেনই ছিল।”
মনে শক্ত করে ফেললাম। এক অনুষ্ঠানে গেলাম, যদিও যাওয়ার ইচ্ছে ছিল না। শেষে বাসে চেপে ঢাকায় এলাম। বহুদিন পর কয়েকজন পরিচিত মুখ দেখলাম। কিন্তু এক অচেনা রমণী, যে আগে দেখি শুধু দূর থেকে—হঠাৎ বন্ধুত্বের হাত বাড়ালো। আমিও নিরব সম্মতি দিলাম।
কবি মনে মনে বলল—“একজন সুন্দরী রমণী যদি বন্ধুত্বের হাত বাড়ায়, তার মায়ায় না পড়ে থাকা যায় কিভাবে?”
তবে অন্য এক কবি তো বলে—ছেলে-মেয়ে নাকি বন্ধু হতে পারে না!
এভাবেই শুরু হলো আমাদের নীরব বিতর্ক—বন্ধুত্বে কি ভালোবাসা লুকিয়ে থাকে? নাকি ভালোবাসা এসে বন্ধুত্বকে জটিল করে তোলে?
চাঁদরাতে আমাদের কথোপকথন বাড়তেই থাকল। রমণী বন্ধুত্বে অটল; ভালোবাসার প্রশ্নে নীরব। আর আমার ভেতরে ভালোবাসা যেন বাড়তেই লাগলো। তর্ক জমল, যুক্তি হলো অনেক, কিন্তু বিচারক ছাড়া রায় কোথা থেকে আসে?
তবু কবি তার কথাই মেনে নিল। তার কাছে বন্ধুত্বও কম কিছু নয়।
গল্প এখানেই শেষ নয়। একদিন বাড়ি ফেরার পথে, প্রবল আকাঙ্ক্ষা জাগলো রমণীকে দেখার। ছুটে গেলাম স্টেশনে। তাড়াহুড়োয় ভুল ট্রেনে উঠে পড়লাম। আসলে ভুল নয়—জেনেবুঝে উঠেছিলাম। টিকিটের দাম বাঁচাতে কয়েক স্টেশন পর নেমে আবার টিকিট কাটার পরিকল্পনা ছিল। অভাব তো কবির নিত্যসাথী।
কয়েক স্টেশন পর নেমে অন্য ট্রেনের অপেক্ষায় বসে রইলাম। মানুষ আসছে-যাচ্ছে, কিন্তু কারও সঙ্গে কথা হলো না। মন শুধু সেই রমণীর কথাই ভাবছে।
নতুন ট্রেন এলো। সিট পেলাম। পাশের সিটে দু’জন ভদ্রলোক এসে বললেন—একটু কষ্ট হলেও তারা একসঙ্গে বসতে চান। কবি সম্মতি দিল। তাদের বন্ধুত্বের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। হিজড়া সম্প্রদায়ের ডাকেই ঘুম ভাঙল। পকেট ফাঁকা দেখে তারা কিছু না বলেই চলে গেল। হয়তো লাজুক তরুণ ভেবেই।
যমুনা সেতু পার হওয়ার সাথে সাথে আবার গল্প শুরু হলো—রাজনীতি, সমাজ, মানুষের ভাগ্য—সবই যেন ট্রেনের শব্দে মিলেমিশে যাচ্ছে। আর আমার মনে সেই একটাই মুখ—সে রমণী, যাকে একদিন ভালো লেগেছিল, যার চোখে নিজের প্রতিচ্ছবি দেখেছিলাম। তাকে হারিয়েছি—তবু মনে হয়, খুঁজে নেবো অন্য পারে।
হঠাৎ মনে পড়ল, আরেকজনকেও আমার ভালো লেগেছিল—এক টিশার্ট আর ফুলপ্যান্ট পরা ছেলে। তার চোখেও কিছু ছিল, যা আমাকে থামিয়ে দিয়েছিল। বলতে পারিনি। বুঝাতে পারিনি। হারিয়ে গিয়েছিলাম।
তাহলে কি আমি-ই ছিলাম সেই রমণী?
আমি যে ভুল ট্রেনে উঠেছিলাম, সেটা কি সত্যিই ভুল ছিল? নাকি কারো মুখ এক ঝলক দেখার জন্য সচেতন ভুল?
জীবন এমনই—সবসময় ঠিক পথে চলে না। কিছু যাত্রা ভুল ট্রেনে হয়েও ঠিক জায়গায় পৌঁছায়; কিছু সঠিক ট্রেনে থেকেও ভুল মানুষকে হারিয়ে ফেলে। কিছু বন্ধুত্ব—ভালোবাসা হতে হতে আবার বন্ধুত্বেই ফিরে যায়।
আর আমি?
আমি এখনো সেই পুরনো সাইকেল চালাই। শহরের যান্ত্রিক আলোর প্রতি মন টানে না। ফিরে যেতে চাই সেই নিস্তব্ধ সবুজে—যেখানে প্রেম ছিল নীরব, অভাব ছিল সত্য, আর ভালোবাসা ছিল কল্পনার মতোই স্পষ্ট।
এভাবেই চলতে থাকে আমাদের জীবন—
ভুল ট্রেন, ভুল সময়, ভুল মানুষ…
তবু একটুকরো ঠিক অনুভূতি নিয়ে।
- মোঃ বিপ্লব আল হোসাইনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8/বৃহস্পতিবার, নভেম্বর 14, 2024
- মোঃ বিপ্লব আল হোসাইনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8/বৃহস্পতিবার, ডিসেম্বর 12, 2024
- মোঃ বিপ্লব আল হোসাইনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8/রবিবার, জানুয়ারি 19, 2025
- মোঃ বিপ্লব আল হোসাইনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 12, 2026
- মোঃ বিপ্লব আল হোসাইনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8/বৃহস্পতিবার, মার্চ 12, 2026












