কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলে যেতে হয়। গ্রামে গ্রামে ঘুরি। দূর যাত্রায় বেশির ভাগ সময় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। আগে প্রায় প্রতিটি বাসেই মিষ্টি-মধুর নানা ধরনের গান বাজানো হতো। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনতাম, উপভোগ করতাম। চল্লিশোর্ধ অনেকেরই বাসযাত্রার এমন স্মৃতি আছে। কিন্তু এখন আর সেই সংস্কৃতি নেই। বাসে গান বাজে না। কেউ কেউ ব্যক্তিগতভাবে শোনে, আর বাকিরা মোবাইল ফোন স্ক্রল করে সময় পার করে। পাশাপাশি বসে থেকেও কেউ কারও দিকে তাকায় না – সবার চোখ থাকে নিচে, মোবাইলের স্ক্রিনে। অথচ সহযাত্রীর সঙ্গে দু’টা কথা বললেই যাত্রাটা হয়তো কম একা লাগত।
আমার বাসায়ও মাঝে মাঝে এমন হয়- পরিবারের সবাই একসঙ্গে বসে আছি, হয়তো টিভি চলছে, কিন্তু কারও মনোযোগ সেখানে নেই। সবাই যার যার মোবাইলে স্ক্রল করছি। কেউ কারও সঙ্গে কথা বলছি না। এমন ঘটনা এখন প্রায়ই ঘটে।
বন্ধুরা একসঙ্গে বসে আছে – অল্প কথা, বেশি স্ক্রল। এখন এই দৃশ্য প্রত্যন্ত গ্রামের মাঠ, চায়ের দোকান থেকে শুরু করে বড় শহরের পার্ক বা রেস্তোরাঁ – সবখানেই একই। অথচ একটু বেশি কথা বললে, আমরা হয়তো আরও কাছে আসতে পারতাম, আরও বেশি ভালোবাসা তৈরি হতো।
আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে স্ক্রল করছি, মেট্রোতে দাঁড়িয়ে স্ক্রল করছি, মিটিংয়ে বসেও করছি। রাতে ঘুম না এলে স্ক্রল করছি, কাজের ফাঁকেও করছি। একের পর এক ভিডিও, ছবি, স্ট্যাটাস – সময় কেটে যাচ্ছে, কিন্তু কারও সঙ্গে কথা বলা হচ্ছে না।
স্ক্রলিং আমাদের ব্যস্ত রাখে, কিন্তু কাছাকাছি আনে না। এখানে আমরা অনেক জীবন দেখি, হাসি-কান্না দেখি, কিন্তু নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখি। কারও সাফল্য দেখি, নিজের ক্লান্তি চেপে যাই। তুলনা বাড়ে, সংযোগ কমে। মজার বিষয় হলো – যখন একা লাগে, তখনই আমরা বেশি স্ক্রল করি। ভাবি, এতে নিঃসঙ্গতা কমবে। কিন্তু ফোনটা নামালেই বোঝা যায়, শূন্যতাটা যেন আরও বড় হয়েছে। আমাদের ভাবতে হবে – একাকিত্ব দূর করতে গিয়ে আমরা কি নিঃসঙ্গতাকে আরও বাড়িয়ে দিচ্ছি?
অনেক মানুষের মাঝে থেকেও আমরা এখন অনেকটাই নিঃসঙ্গ। এটা প্রযুক্তির দোষ নয়; বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তি থেকে পুরোপুরি দূরে থাকাও সম্ভব নয়। সমস্যা আমাদের অভ্যাসে। নীরবতা এড়াতে গিয়ে আমরা সম্পর্কই এড়িয়ে যাচ্ছি। অথচ মানুষ তো কথা, মনোযোগ আর স্পর্শই চায়।
সমাধান হয়তো খুব কঠিন নয়। মাঝে মাঝে ফোনটা নামিয়ে রাখা, পাশে থাকা মানুষটার দিকে তাকানো, একটু গল্প, খুনসুটি করা বা একটু চুপ করে থাকা – এই ছোট মুহূর্তগুলোই আমাদের আবার একা না থাকার অনুভূতি দিতে পারে।
প্রয়োজনে বা অপ্রয়োজনে ছুটে চলার এই সময়ে নিঃসঙ্গতা মানুষের জীবনের এক নির্মম বাস্তবতা হয়ে উঠছে। কিন্তু আজকের নিঃসঙ্গতা শুধু একা থাকার নাম নয় – কখনো কখনো এটি বিরতিহীন স্ক্রল করে যাওয়ার নামও।
সদস্য, সম্পাদনা পর্ষদ, প্যাপাইরাস
প্রাক্তন শিক্ষার্থী
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সেশন:১৯৯৯-২০০০
- কাজী আজাদ উজ জামানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%9c-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, মার্চ 14, 2024
- কাজী আজাদ উজ জামানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%9c-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 13, 2025
- কাজী আজাদ উজ জামানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%9c-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, ডিসেম্বর 11, 2025
- কাজী আজাদ উজ জামানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%9c-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, অক্টোবর 15, 2026











