নভেম্বর 6, 2026

কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম

জাপানের কিয়োটো শহরের হিগাশি হোনগাঞ্জি মন্দিরের পাশের রাস্তা ধরে কিছুটা সামনে রয়েছে ‘কামোগাওয়া ডাইনার’। এই ছোট্ট কিন্তু পরিপাটি রেস্তোরাঁটি চালান নাগারে কামোগাওয়া আর তার মেয়ে কোয়িশি। রেস্তোরাঁটির বাইরে কোনো সাইনবোর্ড নেই, এমনকি কোনো মেন্যুও নেই। অকল্পনীয় স্বাদের খাবার আর অমায়িক আপ্যায়ণে এই রেস্তোরাঁর কোনো তুলনাই নেই। তবে অনেক গ্রাহকেরাই এই রেস্তোরাঁয় আসেন আরেকটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। রেস্তোরাঁর পেছনের দরজা দিয়ে বের হয়ে একটু আগালেই একটা অফিস ঘর। সেই ঘরের দরজায় লেখা ‘কামোগাওয়া ডিটেকটিভ এজেন্সি’। বাবা-মেয়ের জুটি খাদ্য পরিবেশনের বাইরে ‘খাদ্য গোয়েন্দা’ হিসেবেও একটি বিশেষ পরিসেবার সাথে যুক্ত। তাদের বুদ্ধিদীপ্ত অনুসন্ধান গ্রাহকদের অতীত থেকে বিশেষ একটি খাবার খুঁজে আনে, যার সাথে উঠে আসে কিছু ভুলে যাওয়া স্মৃতি।

এখানে আসা প্রতিটি মানুষের গল্পের প্রেক্ষাপট আলাদা হলেও তাদের গন্তব্য এক- কেউ হারিয়ে ফেলা ভালোবাসার স্মৃতি খুঁজতে আসে, কেউ ফিরে যেতে চায় শৈশবের কোনো নির্দিষ্ট দুপুরে, আবার কেউ হয়তো শুধু জানতে চায় কেনো একটা স্বাদ এতদিন ধরে তাকে তাড়া করে বেড়াচ্ছে। নাগারে কামোগাওয়া আর কোয়িশি খুব বেশি প্রশ্ন করেন না, কিন্তু তারা জানেন গ্রাহকদের অনুরোধ করা এই খাবার তাদের স্মৃতির দরজা খোলার একটি চাবি। অপরাধ নেই, কোনো অপরাধী নেই, তবুও এখানে গোয়েন্দাগিরি আছে, এবং সেই অনুসন্ধানের লক্ষ্য একটি নির্দিষ্ট স্বাদকে পুনরুদ্ধার করা। পুরোনো রেসিপি, ভুলে যাওয়া উপকরণ, কিংবা একটি অস্পষ্ট স্মৃতির টুকরো এসবকিছুকে জোড়া লাগিয়ে তারা খুঁজে বের করেন সেই কাঙ্ক্ষিত খাবারটি। এই বইটির বৈশিষ্ট্য হলো এর ভাষা সহজ, গল্পগুলো ছোট, কিন্তু প্রতিটি গল্পের ভেতরে লুকিয়ে থাকে গভীর মানবিকতা। এখানে অনেক বড় নাটকীয়তা নেই, তবুও প্রতিটি গল্পেই এক ধরনের আবেগ কাজ করে। প্রতিটি গল্পের মাঝেই জাপানি সংস্কৃতির নান্দনিকতা আর খাবারের প্রতি তাদের গভীর অনুরাগের পরিচয় পাওয়া যায়।

বইয়ের প্রতিটি অধ্যায় শেষে পূর্ণতার আবেশ থেকে যায়। নাগারের একটি উক্তির সাথে এই রিভিউটি শেষ করছি, ‘আমি বিশ্বাস করি আমাদের তাদের সাথেই সাক্ষাতের সুযোগ হয়, যাদের সাথে আমাদের সাক্ষাৎ হওয়া লেখা আছে। বইটির অনুবাদক ফারহানা জাহানও চেয়েছেন এই বইটিও যেন এমন মানুষদের কাছেই পৌঁছে যায়।

বইটির মূল নাম: The Kamogawa Food Detectives
লেখক: হিসাশি কাশিওয়াই (Hisashi Kashiwai)
অনুবাদ: ফারহানা জাহান
শিরোনাম প্রকাশন

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৯-২০

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp