নভেম্বর 2, 2026

দিশারি – মিসির আলি UNSOLVED (ফ্যান ফিকশন)

দরজার কড়া নাড়লাম দুবার। কখনো দুবার কড়া নাড়তে হয়না, একবার নাড়লেই মিসির আলী দরজা খুলে ফেলেন। কিন্তু আজকে খুললেন না। কেন সেটি বুঝার আগেই খট করে একটি শব্দ হল।

দরজা খুললেন মিসির আলি।

“ব্যস্ত ছিলেন নাকি?”

“আলবাত, বারান্দায় দাঁড়িয়ে চা আর সিগারেট একসাথে খাচ্ছিলাম। চা এবং সিগারেট একসাথে দাঁড়িয়ে খেলেই কেবল সব চেয়ে বেশি তৃপ্তি পাওয়া যায়, আর যেহেতু টং এর স্বাদ নিতে চাচ্ছি তাই কালামকে বলেছি জোড়ে জোড়ে চায়ের কাপে চামচ দিয়ে শব্দ করতে।”

এই কথা শুনে কিছুক্ষন মিসির আলির দিকে তাকিয়ে রইলাম। কি যেন বলতে এসেছিলাম ভুলে গেলাম নিমিষেই।

“কি বলতে আসলেন বলে ফেলুন।” বললেন মিসির আলি।

“হ্যাঁ, এই ভুলেই গিয়েছিলাম। আমার অফিসের কর্মচারী রমিজ মুন্সির বড় ভাই রহিম মুন্সি আপনার সাথে দেখা করতে এসেছে। আমার বাসায় এখন বসা। আপনি বললে নিয়ে আসতে পারি।”

“আমার সাথে দেখা করতে কেনো আসবে? আপনি নিয়ে এসেছেন?”

“আমি নিয়ে আসিনি। উনি নিজে নিজেই চলে এসেছেন।”

“আচ্ছা আপনি নিয়ে আসুন, এরপর কথা বলবো।” বললেন মিসির আলি।

নিয়ে আসলাম রহিম মুন্সিকে, বেটে খাটো, শ্যাম বর্ণের লোকটা। মাথায় একটি চরমনাই ঘরানার টুপি এবং গায়ে জুব্বা। খুব সম্ভবত কোন মসজিদের ইমামতি করেন তিনি।

লোকটাকে দেখেই মিসির আলি খুব ব্যাস্ত হয়ে গেল। হম্বিতম্বি করে বসালেন তাকে।

“আপনি দেখতে একদম আমার বাবার মতো। অনেক দিন পর এমন কাওকে দেখলাম। আসলে মানুষ যদি পরিচিত কারো চেহারার মত কাওকে দেখে ফেলে, তাহলে সে নিজেকে আর সামলাতে পারে না। মানব মস্তিষ্কের রিসিপ্টর নিউরন বড়ই আজব। এখন বলুন, শুনলাম আপনি আমার সাথে দেখা করতে চান।”

রহিম মুন্সি অবাক হয়ে তাকিয়ে রইল। ইহ জগতে ফিরতেই বলে উঠলো,

“রহিম মুন্সি নাম। আব্বায় আদর কইরা ডাকতো রহিম্মা। সোডো কালেরতে আমার অনেক শখ আসিলো খুব বুঝদার মানুষের লোগে কিছু কথা কমু, এরপর আপনার নাম হুনলাম স্যার, আপনার কাসে কি পান হইবো?”

“না আমার কাছে পান হবে না। কিন্তু আনিয়ে দিচ্ছি, এই কালাম একটু পান নিয়ে আসোতো।” ডেকে বললেন মিসির আলি।

কালাম দৌড়ে বাহিরে গেল।

“এখন বলেন রহিম সাহেব, আপনি কেন বুঝদার লোকের খোঁজ করছেন? আমি আপনাকে কি বুঝদার লোকের সন্ধান দিবো? এইতো যার বাড়িতে বসে ছিলেন উনিই বা কি কম বুঝদার?”

আমি মিসির আলির দিকে তাকিয়ে রইলাম।

রহিম মুন্সি জিব কেটে বলে উঠলো, “ইয়া মাওলা কন কি! সবাই বুঝদার, সবাই বুঝদার।”

“আচ্ছা তাহলে বলে ফেলুন কি বলবেন।”

“আমি কিসূ কইবার আহি নাই, স্যার। আমি আপনারে একটা জিনিস দেখাইবার লেইগা আইসি। কিন্তু এইটা এখন দেখানো যাইবো না। দেখতে হইলে আমার লগে আইতে হইবো।” বলেই হেসে উঠলেন রহিম মুন্সি।

“চলেন কথায় নিয়ে যাবেন।”

“একটু বসেন স্যার, পোলাডারে পান আনতে পাঠাইসেন, পানডা খাইয়াই যাই।”

রহিম মুন্সীর কথা শুনে বসে রইলাম দুজনে, যেন আমরা তার মেহমান এবং আমাদের মেহমানদারী করছেন উনি। বাহাতে মস্ত বড় ছাতাটি ধরে রেখে মিসির আলির দেয়ালে টাঙ্গানো অজানা নামের কোন এক বিমা কোম্পানির ক্যালেন্ডারের দিকে তাকিয়ে আছেন। ক্যালেন্ডারে ইংল্যান্ড এর স্টোনহেঞ্জ এর ছবি। কিছুক্ষন পরেই কালাম পান নিয়ে এলো। পান মুখে দিয়েই বের হয়ে গেলাম আমরা তিনজন।

২

মিসির আলি একটি সিগারেট ধরিয়ে হেঁটে চলেছেন। সবার সামনে রহিম মুন্সি তার ছাতাটি মাটিতে ঠক ঠক টোকা দিতে দিতে আগাচ্ছে। আমি অত্যন্ত বিরক্তির সাথে তাদের পিছে হাঁটছি। বিরক্ত হওয়ারই কথা কেননা লোকটা যা শুনানো সেটা বিশ্বাস করার যোগ্য নয়, অহেতুক গাঁজাখুরি কথার উপর বিশ্বাস করে মিসির আলি কেন যে হাঁটছেন, সেটি উনিই জানেন। মিসির আলি একবার বলেছেন, মানুষকে যেই কাজ বিরক্ত করে, সেই কাজ থেকে সে বের হতে পারেনা।

রহিম মুন্সীর মতে, উনি পায়ে হেঁটে যেকোনো জায়গায় যাতে পারেন। এই যেকোনো জায়গা কিন্তু বাড়ির পাশের মুদি দোকান নয়, যেকোনো জায়গায় অর্থ যেকোনো জায়গা। আমার মাথায় রক্ত উঠে যাওয়ার মতো অবস্থায় দেখলাম মিসির আলি শান্ত আছেন। মিসির আলির এই অতিমানবিক গুন সবার মধ্যে দেখা যায়না।

মিসির আলি বললেন, “আমরা কিভাবে বিশ্বাস করবো, আপনি আমাদের যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন?”

“চলেন তাইলে। নিয়া যাই আপনাদের।”

এরপর থেকে বাহিরে ২০ মিনিট ধরে হাঁটছি। হয়তো মিসির আলির মনে হয়েছে লোকটি মিথ্যা কথা বলছে না, তাই হেঁটে চলেছেন। অনেক অলিগলি চিপা দিয়ে হেঁটে চলেছি। অনেক দিন ধরে ঢাকাতে থাকি। সব অলিগলি চিনে ফেলবো সেই অহমিকা আমার নেই। তাই বলে একটি রাস্তাও চিনতে পারবো না, তা কখনোই ভাবতে পারিনি।

হাঁটা শুরুর আগে একটি শর্ত জুড়ে দিয়েছিল মুন্সি, যে তার সাথে কোনো কথাই বলা যাবে না। চুপচাপ থাকা লাগবে। নিজেরাও কথা যেন না বলি। 

৩

পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছতে থাকলো মিসির আলি। আমি জানি উনিও চরম ধাক্কা খেয়েছেন আমার মতই, চোখের সামনে যা দেখছি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কাঁপা কাঁপা হাতে চোখ পরিস্কার করে আবার দেখার চেষ্টা করলাম। না, এইটা মোটেও স্বপ্ন না। চোখের সামনে বিশাল মাঠের মাঝে বিভিন্ন উপায়ে রাখা বিশাল বড় কিছু পাথর সূর্যের দিকে মুখ করে রাখা। পাথর গুলো গোল হয়ে আছে, কিছু পাথর এর উপর আবার কিছু পাথর আনুভুমিকভাবে রাখা। জায়গাটির নাম হলো স্টোনহেজ। লন্ডন থেকে কয়েকমাইল দূরে এই ঐতিহাসিক স্থাপনা।

আমি কোনো ইতিহাসবেত্তা নই, না কোনো ভৌগলিক। তবুও বলতে পারি জায়গাটি আমার দেশ থেকে হাজার মাইল দূরে। তীব্র গরমে পায়ের তলার ঘাসগুলো নুইয়ে পরছে, পুর্ব দিক থেকে বয়ে যাওয়া বাতাসের ঝাপ্টা পঞ্চ-ইন্দ্রিয়কে জাগিয়ে দিল। এখনোও বিশ্বাস করতে পারছি না কোথায় এলাম।

রহিম মুন্সি আবার হাঁটা শুরু করলেন। আমরাও হাঁটলাম। ঘড়ির কাটায় ৩০ মিনিট পার করলাম পথে হেঁটেই। আশেপাশের পরিবেশ কখন পাল্টিয়ে গেল তা আমার মস্তিস্ক খেয়াল করতে পারেনি। কোনো এক জাদুর পথ ধরে হেটে যায় লোকটি, অচেনা পথ, যেই পথের অস্তিত আমার ধারনার বাহিরে। যতক্ষণ পথে ছিলাম, মিসির আলিকে একটি কথাও বলতে শুনিনি।

তীব্র মাথা ঘুরছিলো, খাটে গা না এলিয়ে দিয়ে পারলাম না। কপালে হাত দিয়ে দেখলাম গা গরম হয়ে যাচ্ছে। রহিম মুন্সি তেমন কিছু না বলেও বিদায় নিয়ে নিল। বিদায় নেওয়ার আগে মিসির আলিকে তার ঠিকানা দিয়ে গেল। আমি মিসির আলিকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করার আগেই তিনি বলে উঠলেন, “আজ কিছু জিজ্ঞেস করতে হবে না। আপনার শরীর ভালো নেই। আপনি বাড়ি যান। আপনার প্রশ্নের উত্তর আমার কাছে নেই আপাতত।”

৪

দুদিন তীব্র জ্বর ছিল। জ্বর থেকে মোটামুটি সুস্থ হয়েই মিসির আলির সাথে সাক্ষাত করতে গেলাম তার বাসায়। গিয়ে দেখি দরজা খোলা, অন্ধকার ঘরের চারিদিকে সিগেরেটের ধোয়ার সব ঝাপসা হয়ে আছে।

“মিসির আলী সাহেব, আপনি কি আছেন?”

“জি আছি, বসুন।”

অন্ধকার ঘরে একটু দুরেই সোফায় বসে আছেন তিনি। ভাবলাম পায়ের উপর পা তুলে আছেন। কিন্তু আলো জ্বালাতেই ধারনাটি ভুল প্রমানিত হলো।

“আপনার শরীর এখন কেমন আছে? ভালো অনুভব করছেন?” বললেন মিসির আলী।

“সুস্থ হয়েছি।”

“আমি জানি আপনি কেনো এসেছেন। রহিম মুন্সির ব্যাপারে জানতে এসেছেন, তাইতো? আমিও জানার চেষ্টা করেছিলাম আরো। তাই গত পরশু আমি গিয়েছিলাম তার ঠিকানায়।”

“তারপর? কি বুঝতে পারলেন, আমরা যে সেইদিন…”

“আমি বলেছিলাম তাকে, যে আমাকে শেষ আরেকটি বারের মত নিয়ে যেতে একটি বিশেষ জায়গায়। জায়গাটি একান্তই আমার চেনা আবার অচেনাও। ছোটকালে আমি একবার হারিয়ে গিয়ে সেই জায়গা খুঁজে বের করেছিলাম। এরপর যদিও খুব কষ্ট করে বাড়ি ফিরে এসেছিলাম। সেই থেকে ৫ বছর চেষ্টা করেও জায়গাটি আর খুঁজে বের করতে পারিনি। তারপর হাল ছেড়ে দেই।”

“তাহলে রহিম মুন্সি কি আপনাকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল?”

“না নিতে পারেনি। নিতে পারলে আমি এর ব্যাখ্যা হিসেবে দিতাম, যে রহিম মুন্সি ম্যাস হ্যালুসিনেশনে খুবই দক্ষ। ম্যাস হ্যালুসিন্যাশন কয়েক ধরনের হয়ে থাকে। ১৮০৩ সালে হ্যামারস্মিথ নামক জায়গায় পুরো গ্রামবাসি একসাথে ভুত দেখা শুরু করে আবার দিল্লিতেই বিচ্ছিন্ন দুটি ঘটনা ঘটে। একটি হলো- মাঙ্কি ম্যান কেস, যেখানে একজন লোক দিল্লিতে বানরমানব দেখে এবং এই কথা ছড়াছড়ির পর সবাই দেখতে থাকে। কিন্তু পরে জানা যায় এমন কিছুর অস্তিত্ব ছিলোই না। আরেকটি হলো, বুরারী ডেথ অফ দিল্লি, যেখানে একসাথে ১০ জন মানুষ সুইসাইড করে। আসলে এইগুলোর শুরু হয় কিন্তু একজন মানুষ থেকেই। সে যাইহোক, এইকথা গুলো রহিম মুন্সির সাথে যাচ্ছে না। আমি ভেবেছিলাম উনি হ্যালুসিনেশন এতই দক্ষ যে আমাদের একসাথে হ্যালুসিনেট করেছে। কিন্তু উনি মোটেই আমাদের হ্যালুসিনেট করেনি। সেইদিন আমাদের সাথে যা হয়েছে সেটি বাস্তবেই হয়েছে। আসলে রহিম মুন্সি কেবল সেই সকল জায়গাতেই নিতে পারবে যেই জায়গা উনি নিজের চোখে দেখেছে। যেমন এই দেখুন আমার ক্যালেন্ডার।”

হাতের ইশারায় ক্যালেন্ডারের দিকে দেখালো মিসির আলি। জুন ২০২৬ লিখা এবং উপরেই দেওয়া সেইদিনের আমাদের চোখের সামনের দৃশ্যটি। স্টোনহেজ।

মিসির আলি উঠে তার ড্রয়ার থেকে একটি ফাইল বের করলো। তাতে লেখা ছিল “UNSOLVED”। যে সব রহস্যের তিনি মীমাংসা করতে পারেননি, তার প্রতিটির বিবরণ।

লিখলেন,

RM
বয়সঃ অজানা
স্টোনহেজ
অজানা পথের দিশারী
……..

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp