অক্টোবর 16, 2026

সংখ্যার জগতে, অনুভূতির গল্পে: ঢাকা বিশ্ববিদ্যালয়

পরিসংখ্যান বিভাগে আমার পথচলা:

পরিসংখ্যান বিভাগে এসে প্রথমে ভাবতাম হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছি। কিন্তু সময় অতিবাহিত হওয়ার ক্রমে আস্তে আস্তে বুঝতে পারলাম, সৃষ্টিকর্তা জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সঠিক পথ দেখানোর জন্যেই আমাকে পরিসংখ্যান বিভাগে এনেছেন।

বিভাগের প্রতিটি শ্রদ্ধেয় প্রফেসর এবং লেকচারার প্রতিটি শিক্ষার্থীর সাথে বন্ধুত্বসূলভ আচরণ করে থাকেন, জীবনে কিভাবে সঠিকভাবে বুদ্ধিমত্তার সাথে অগ্রসর হওয়া যায় সে সর্ম্পকে ধারণা প্রদান করেন। উনারা আমাদের শেখান কিভাবে “Probability model” এর সাপেক্ষে, শত অনিশ্চয়তার মধ্যেও বিভীষিকাময় এই জীবনে এগিয়ে চলা যায়। আরো শিখিয়েছেন, “Linear Regression” এর প্রেক্ষিতে কিভাবে জীবনের উন্নতির ধারাবাহিকতা বজায় রাখা যায়। পরিসংখ্যান বিভাগে পড়াশোনা করে আমি জানতে পেরেছি, কিভাবে “Variance ” এর মতো নিজের জীবনের পরিবর্তনশীলতাকে বিশ্লেষণ করা যায়। “Correlation” এর সাপেক্ষে জানতে পেরেছি, জীবনের সকল সর্ম্পকের তাৎপর্য। জানতে পেরেছি “Regression” এর মাধ্যমে জীবেনর অভিজ্ঞতা থেকে সম্ভাব্য ভবিষ্যৎ অনুমান করার  এক বিশেষ প্রবণতা। এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের শিক্ষক-শিক্ষিকাগণ প্রতিনিয়ত শিখিয়ে জীবনের সকল মুহূর্তকেই সহজ করে তুলেছেন।

শিক্ষকদের পাশাপাশি বিভাগের সিনিয়ররাও আমাদের প্রতি স্নেহপূর্ণ আচরণ করে থাকেন। তাঁদের তত্ত্বাবধানে আমরা পরিসংখ্যান বিভাগের সকল সম্ভাব্য তথ্যের  অনুসন্ধান এবং বিভাগের সকল বিশেষ দিনে একসাথে মিলে  আনন্দ উপভোগ করতে পারি। এরই সাথে বিভাগের স্টাফ ভাইদের সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক ব্যবহারে আমরা মুগ্ধ। তাদের প্রতিটি পরশ এবং নিখুঁত সহযোগিতা আমাদের পথ চলাকে সহজ করে তুলেছে। পরিসংখ্যান বিভাগে রয়েছে সেমিনার ও লাইব্রেরি; যেখানে আমরা পড়াশোনা করতে পারি এবং জানতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাফল্যময়

পরিসংখ্যানবিদদের বিভিন্ন সাফল্য সম্বন্ধে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, পরিসংখ্যান বিভাগে তথ্য এবং সংখ্যা নিয়ে আলোচনা ছাড়াও চর্চা হয়ে থাকে সাহিত্যিক চিন্তা ভাবনার। আর এই সুযোগ আমাদের প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে “দ্যা প্যাপাইরাস”। যেখানে নিত্য নতুন চিন্তাধারা, সাহিত্যচর্চা, কবিতা, প্রবন্ধ, গল্প ইত্যাদি বিষয়ে জ্ঞানের বহিঃপ্রকাশ এবং প্রসার ঘটানোর  এক অনবদ্য সুযোগ রয়েছে। আমাদের এই পরিসংখ্যান বিভাগে রয়েছে “QMH STATISTICS CLUB” নামক একটি পরিসংখ্যান বিষয়ক ক্লাব। যেখান থেকে আমরা একই সাথে শিখতে এবং অনুভব করতে পারি পরিসংখ্যানকে।

সর্বোপরি এটাই বলতে চাই, পরিসংখ্যান শুধু লেখচিত্র এবং সংখ্যার গল্প নয়। পরিসংখ্যান হলো সেই সংখ্যার আড়ালে লুকিয়ে থাকা এক সুন্দর এবং উপভোগযোগ্য বাস্তবতা আর সম্ভাবনার গল্প। ঢাকা বিশ্ববিদ্যলয়ের এই পরিসংখ্যান বিভাগে আমাদের অর্থাৎ ১ম বর্ষের সকল শিক্ষার্থীর যাত্রা শুরু মাত্র।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp