নভেম্বর 7, 2026

মাননীয় পথপ্রদর্শক,
খুব সন্তর্পণে তোমাকে যখন
অন্য কারো দিকে ঝুঁকে পড়তে দেখি,
দলবদ্ধ পাখির সারিতে আমি তখন
এক অনাহূত—পরিযায়ী এক পাখি।
বসন্তের বাতাসে এখন বিষাদ ভাসে,
বিভ্রান্ত, উদাসীন মন কি শান্তি পাবে?

পেছন পেছন এই অপূর্ণ শোভাযাত্রায় সামিল থেকে,
শুকনো দৃষ্টিতে বিবর্ণ, বিবশ স্বপ্ন দেখা,
এবং সম্মুখবর্তী উড্ডীন আনন্দকে
হাততালি প্রদর্শন ছাড়া,
আমার আর কিছুই করার নেই—আমি মানি।
তবে, মানে না এই অস্থির মস্তিষ্ক।

মাননীয় পথপ্রদর্শক,
আমি কি তবে আধো পথে থেমে যাওয়া এক পথিক?
হয়তো হারিয়েছি,
কিন্তু তোমার উদাসীনতায় দৃষ্টি ফিরিয়ে নেওয়া?
তা কি করে পারি?
গ্রীষ্মের প্রখর রোদ থেকে কালবৈশাখীর ঝড়,
মাটির ভ্যাপসা গন্ধ, পাহাড়ি ঝর্ণার গুঞ্জন,
মন মাতানো ফুলের সুবাস—
সব পথেই যদি সঙ্গী হলে,
তবে আজ কেন
বসন্তের বাসন্তীকে বিষাদিনী করলে?
বাসন্তী—ইহা মানতে নারাজ!

মাননীয় পথপ্রদর্শক,
বিদায় দাও মোরে এই অচেনা পথ হতে।
আমি ফিরে যেতে চাই আমার পরিচিত পথে।
আজ আসি তবে…

শিক্ষার্থী | মৎস্যবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp