সেপ্টেম্বর 28, 2026

নিঃশব্দে আবিষ্কার

বহুদিন পর এলাম হেথায়, সেই পাড়ে
যেথায় তোমায় দেখেছিলাম, চেয়েছিলাম যারে।
তোমায় খুঁজেছিলাম শত ব্যস্ততার মাঝে,
কতো দিনে রাতে, কতো সন্ধ্যা-সাঁঝে।

হঠাৎ সেদিন,
যখন গোধূলির আলো, পড়লো এসে পুকুর পাড়ে
যখন ফুলের সুবাস, আসলো ভেসে বারে বারে।
যখন মাতাল হাওয়া, দুললো পাতায়, ডালে ডালে,
আলোর ছটা, ঝলমলিয়ে উঠলো যেই তালে তালে।
আমি শান্ত হয়ে, স্তব্ধ হয়ে দেখেছিলাম তোমায়,
আকুল হয়ে চেয়েছিলাম, পেয়েছিলাম আমায়।
তুমি আমার মাঝেই লুকিয়ে ছিলে,
হৃদয়ের এক কোণে।
যখন পড়লো আলো, ঘুচলো আঁধার,
তোমায় পেলাম সেই ক্ষণে।

এই পুকুর পাড়ে,
তোমার সাথে কত্ত স্মৃতি দুঃখ, সুখের;
কতো আনন্দ আর বেদনার, কতো হাসি-কান্নার,
কতো সুর আর ছন্দের।।

এই পুকুর পাড়ে,
তোমার সাথে আমার কথা কাঠফাঁটা দুপুরে,
চারদিক থমথম, ঢেউ ছিল না পুকুরে।
তোমার সাথে আমার নৃত্য বর্ষায় বাদলে,
তুমি হলে পূর্ণ, নব রূপে, নব আদলে।
তোমার সাথে আমার দেখা স্নিগ্ধ শরৎ সন্ধ্যায়,
পূর্ণ শশী, গাছের ছায়ায়, কতো মধুর মায়ায়।
কুয়াশার চাদর যখন পড়লো শীতের ভোরে,
আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম, এক অপার্থিব ঘোরে।

এ সেই পুকুর পাড়,
যেথায় জমেছে কতো স্মৃতি কতো অনুরাগ,
হাজারো প্রাণের মিলনস্থল, এই তো শুভ প্রয়াগ।
তুমি আজো আছো, কালও থেকো, প্রিয় পুকুর ঘাট,
তুমি আমারই মনের, খেলাঘরের, এ জীবনের এক পাঠ।

Student | Department: Soil, Water & Environment
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ