নভেম্বর 2, 2026

“আচ্ছা, তুমি প্রকৃত সুখ কিসে খুঁজে পাও?”

“প্রকৃত সুখ, সেটা আবার কী? তোমার এখনও মনে হয় সুখ বলে কিছু মহাবিশ্বে আছে?”

“কে বলেছে নেই? সুখ সবকিছুতেই থাকে। তুমি সেটা খুঁজে পাচ্ছো কিনা, সেটা তোমার ব্যাপার। আচ্ছা, তোমরা এই যান্ত্রিক শহরের মানুষজন সুখ কোথায় পাও, বলো তো?”

“হঠাৎ এ প্রশ্ন করলে যে?”

“এবার বলি শোনো— যেমন ধরো, আমি ছুটিতে বাসায় যাই। ট্রেনের টিকিটটা কাটতে পারলে আমি খুশি হই। কোনদিন কী করবো সেটা ঠিক করতে পারলেই আমার খুশির অন্ত থাকে না। ট্রেনে গিয়ে জানলার পাশে বসে যখনই ট্রেনটা ছেড়ে দেয়, আমি খুশি হই!”

“উফ্, বাবাহ্! তুমি দেখি সবকিছুতেই খুশি হও।”

“আরেহ? তুমিই তো আমার সাথে যাও না মায়ের কাছে। আবার আমার খুশির দিকে নজর দাও? হুঁ! এখন আমার আসল প্রশ্নের উত্তর দাও।”

তুবার কথা বলা আমার ভীষণ পছন্দের, কিন্তু ওর এই প্রশ্নটা কেন জানি আজকে আমার ঠিক পছন্দ হলো না। সুখ হোক বা ইংরেজির ‘হ্যাপিনেস’— এই শব্দগুলো কোনোটাই কেন জানি আমার আজকাল ভালো লাগে না। শুনলেই বিরক্ত লাগে।

“এই অনুভূতিহীন, কী হলো তোমার?”

আসলেই কেমন জানি অনুভূতিহীন হয়ে গেছি। কিছুদিন আগেও গভীর চেতনা কাজ করতো; এই নয়ন দুটিকে অশ্রু দিয়ে যেত। এই ছোট দেহের উপরের শক্তিশালী বস্তুটা— কেউ কিছু বললেই চট করে টনক নড়িয়ে দিত। কী এমন পরিবর্তন হয়ে গেছে, এখনো জানি না। কেউ কি এই প্রশ্নের উত্তর জানেন?

“বুঝলাম, তুমি কিছু বলবে না। চলো, একটা জায়গায় যাই।”

তুবা সবকিছুর মধ্যে যে এত আনন্দ খুঁজে পায়— আচ্ছা, ও কি আসলেই আনন্দিত, নাকি ইহা কেবলই একটি মুখোশ?

সে আমাকে একটা আলোকসজ্জা করা খাবারের দোকানে নিয়ে গেল। জায়গাটার হাবভাব দেখেই বোঝা আর বাকি থাকলো না— এখানে নিত্যদিনের খাবার পাওয়া যায় না বটে।

তুবার মতে, ভালো খাবার মন ভালো করে। ইহা সত্য কিনা জানি না। আমি ভালো খাবারের সন্ধান কখনো করতাম না— এমন বললে বোধহয় মিথ্যা বলা হবে। কিন্তু এইসব জায়গা আমার অত্যন্ত অপছন্দের। “কেন?” জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবো, কিংবা কী জানি— হয়তো পারবো না!

আজ আরও একটা জিনিস খেয়াল করলাম— অপছন্দের কাজকর্ম মানুষ বোধহয় পছন্দের মানুষের জন্যই করে থাকে। এই ধরেন, চাকরি করা।

“খাবার আসতে কিছু সময় বাকি আছে। চলো, একে অপরকে চোখের সামনে না দেখে পাশাপাশি বসে দেখি!”

আমি না বললে আমাকে বুঝতো না— বিষয়টা এমন না। কিন্তু আমার মুখের সেই কঠোর অনুভূতিটাই দেখলাম তাকে আঘাত পেতে একবিন্দু সময়ও লাগলো না।

তবুও সে শান্ত মেজাজে খাবার খাওয়া শুরু করল। সে অভিযোগ জানায়নি। সে খাবারের মাঝে নিজেকে মগ্ন করার চেষ্টা করেছে— সে বোধ হয় তাতে সফল হয়েছে।

কিছুক্ষণ পর তাকে দেখে মনে হচ্ছিল, খাবারটা তাকে আসলেই আনন্দ দিচ্ছে।

খাবার শেষে আবার সে তার গল্পের আমেজে মেতে উঠেছিল— ঠিক যেন অত্যন্ত খুশি একজন মানুষ সে!

কিছুদূর হাঁটার পর ষষ্ঠ ইন্দ্রিয় বলুন বা বিবেক বলুন, নিজের মধ্যে কী যেন ক্ষমা চাইতে তাগিদ দিল। তাকে দাঁড় করিয়ে একগুচ্ছ দোলনচাঁপা নিয়ে ক্ষমা না চেয়ে বোকার মতো জিজ্ঞেস করলাম, “তুমি ঠিক আছো তো?”

তার সে অশ্রু আমাকে সেদিন অনুভূতিহীনতা থেকে মুক্তি দিয়ে এক বিরাট প্রশান্তি দিয়েছিল। সেই থেকে আমি তার প্রতি একটু বেশিই কৃতজ্ঞ থাকি আজকাল।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp