নভেম্বর 10, 2026

আমাদের শ্রেষ্ঠত্বের ভ্রম

আমরা মানুষ সত্যিই এক বিস্ময়কর প্রাণী। আল্লাহর সৃষ্ট লক্ষ-কোটি জীবের এই জগতে মানুষও নিছক একটি প্রাণী মাত্র; কিন্তু তবু নিজেদের শ্রেষ্ঠ ভাবা— এই ধারণাটি যেন মানুষের মজ্জাগত বৈশিষ্ট্য। পৃথিবীর অসংখ্য প্রাণী-উদ্ভিদের সঙ্গে একই প্রকৃতির অংশ হয়েও মানুষ নিজেকে আলাদা, অনন্য এবং প্রভাবশালী মনে করতে পছন্দ করে। এই শ্রেষ্ঠত্বের অনুভূতিই কখনো কখনো আমাদের আচরণকে অস্বাভাবিক, নির্মম ও অমানবিক করে তোলে।

আজকের পৃথিবীর দিকে তাকালে দেখা যায়, ক্ষমতার জন্য মানুষ কত নিষ্ঠুর হতে পারে। কেউ নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্যে দিনের পর দিন নির্বিচারে মানুষ হত্যা করছে, কেউ ভূমি-দখলের নেশায় হাজারো নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আবার কেউ সামান্য রাজনৈতিক বা অর্থনৈতিক মতবিরোধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতি বিপর্যস্ত করে ফেলে, যার ভোগান্তি ভোগ করে পৃথিবীর লক্ষ-কোটি নিরীহ মানুষ। এমনকি বহু সময় কোনো কারণ ছাড়াই হত্যা করা হয় প্রাণী-পাখি— কখনো মাত্র মানুষ ইচ্ছেমতো তৈরি করা সীমারেখা অতিক্রম করেছে বলে। সৃষ্টির শ্রেষ্ঠ জীবের এহেন আচরণ সত্যিই প্রশ্ন তোলে— শ্রেষ্ঠত্ব কি ক্ষমতার ব্যবহারে, নাকি বিবেচনা ও নৈতিকতায়?

কিন্তু মানুষের এই অহংকারের আসল সত্য প্রকাশ পায় তখনই, যখন আমরা একটু থেমে প্রকৃতির দিকে তাকাই। অসীম মহাবিশ্বের তুলনায় মানুষ যে কতটা ক্ষুদ্র, অতি সামান্য, তা উপলব্ধি করতে এক মুহূর্তই যথেষ্ট। বিলিয়ন বিলিয়ন নক্ষত্রপুঞ্জ, গ্রহ-উপগ্রহ, গ্যালাক্সির মাঝে মানুষের অস্তিত্ব যেন এক বিন্দুর চেয়েও নগণ্য। অথচ এমন ক্ষুদ্র এক সত্তাকে ঘিরেই আমাদের অহংকার, প্রতিযোগিতা, লোভ, দ্বন্দ্ব— সবই পৃথিবীর শান্তি ও ভারসাম্যকে নষ্ট করে।

প্রকৃতপক্ষে, আমাদের মনে রাখা উচিত— এই পৃথিবী শুধু মানুষের নয়। প্রতিটি প্রাণী, উদ্ভিদ, কীটপতঙ্গ, এমনকি অণুজীব— সবাই এই প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। যে পরম যত্নে প্রকৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে জীববৈচিত্র্যকে লালন করছে, সেই সুসমন্বিত ব্যবস্থার একটা ছোট অংশ মাত্র মানুষ। কিন্তু মানুষ যখন নিজেকে প্রকৃতির বাইরে একটি ব্যতিক্রমী সত্তা মনে করতে থাকে, তখনই শুরু হয় ভারসাম্যহীনতা। বন উজাড়, নদী-দূষণ, প্রাণীজগতের বিলুপ্তি, জলবায়ু পরিবর্তন— সবই মানুষের সেই ভুল ধারণার ফল, যেখানে মানুষ নিজেকে শাসক মনে করে, অভিভাবক নয়।

সত্যিই, পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে আমাদের প্রথমেই দরকার মানসিকতার পরিবর্তন। শ্রেষ্ঠত্বের দম্ভ বাদ দিয়ে আমাদের বুঝতে হবে যে, আমরা প্রকৃতির ওপর কর্তৃত্ব করার জন্য জন্মাইনি। বরং প্রকৃতির সঙ্গে সমন্বয় করে বাঁচার মধ্যেই প্রকৃত সৌন্দর্য। মানুষ যদি ভাবতে শেখে যে সে প্রকৃতির শুধু একজন সদস্য, শাসক নয়— তাহলেই সে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে। তখন সে বুঝতে পারবে, বৃক্ষ নিধন মানে নিজেরই ভবিষ্যৎ ধ্বংস, প্রাণী হত্যা মানে নিজস্ব পরিবেশগত ভারসাম্যের ক্ষতি, দূষণ মানে নিজেদের জন্যই বিপদকে ডেকে আনা।

যেদিন এই উপলব্ধি মানুষের হৃদয়ে সত্যিকারের জাগ্রত হবে, সেদিন পৃথিবী হয়ে উঠবে সত্যিই একটি শান্ত, সুন্দর, ভারসাম্যপূর্ণ আবাসস্থল— সব জীবের জন্য, সব প্রাণের জন্য।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৯-২০

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp