নভেম্বর 10, 2026

আমার যুদ্ধ ছিল নিজের সাথে, নিজের আধভাঙা প্রাসাদের সাথে, নিজের মরিচা ধরা ঢালের সাথে। যুদ্ধের শেষে কিছু সুন্দর শুরু হয়। আমার জন্য সেটি আপাদমস্তক সুন্দর না হলেও, সেই সুন্দর আমার কাছে চিরঅভিরাম চিরঅধরা। আজ দিনেরশেষে সাদা মেঘের ভেলার দিকে তাকিয়ে মনে করছি সেই দিনগুলোর কথা। ডায়রির পাতায় একটা কবিতা দেখে মনে পড়ে গেল একটি বিশেষ অধ্যায়ের,

তখন বসন্তের শুরু, উইস্টেরিয়া গাছের বাগানে আমি বসে আছি। প্রায়ই আমার এই জায়গায় বসা হয় । সোনালী আকাশ, এদিক ওদিক থেকে ছোট বড় রবিন, মকিংবার্ড আরো নাম না জানা পাখির আওয়াজ, কিছুদুর সামনে একটি লেক। লেকে স্থির পানির সুর, পাতার ঝরে যাওয়ার শব্দ। সবকিছু বাগানটিকে দিব্যি বাঁচিয়ে রেখেছিল।

“ আপনি সকালে কফি খেতে পছন্দ করেন নাকি রাতে?”

“সকালেই পছন্দ করি,সকালে ঘুম থেকে উঠেই আমার এক কাপ কফি লাগে, আপনি বলুন আপনি কখন?”

প্রশ্নটি যাকে করলাম তার নাম অরোরা। এই পার্কেই অরোরার সাথে আমার দেখা। অন্যরকম সৌন্দর্য লুকিয়ে রাখে মেয়েটি। মায়াবতী, রুপবতী যাই বলি না কেন, তার কাছে সব বিশেষণই যেন কম পড়ে যায়। মাঝারি চুলে সমুদ্রের ঢেউ মিশে যায়, চোখজোড়া গভীর, সমুদ্রের চেয়েও গভীর। তার হাসির বর্ণনা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। শুধু এইটুকুই বলতে পারি, তার হাসি প্রথম যেদিন দেখেছিলাম, মনে হয়েছিল যেন প্রশান্ত সাগরে হারিয়ে যাওয়া এক নাবিক তার জীবনের কূল খুজেঁ পেয়েছে। সে বরফের দেশের অরোরার মতই সুন্দর। সদ্য এফ্রোডিটি যেন কৃপা করে নিজের কোনো অবতারকে পাঠিয়েছেন।

সবে মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হল। নর্থশায়ারে একটি ছোট বাড়িতে থাকি আমি এবং আমার বিশ্বস্ত ব্রাইয়ার্ড জাতের কুকুর টমি। যুদ্ধে আমি অ্যালাইড ফোর্সের হয়ে লড়াই করেছি। যুদ্ধ শেষে সরকারের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছিলাম যদিও মুল্য সরূপ আমার বাম কানের শ্রবণশক্তি এবং দৌড়ানোর ক্ষমতা চিরতরে হারাতে হয়।

সময় পেলেই নর্থশায়ারের পাশে ব্রকউড পার্কে গিয়ে বসে থাকি। ওখানে গিয়ে বই পড়ি অথবা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করি। কখনো তেমন করে কারো সাথে কথা হয়নি। কিন্তু একদিন অরোরা এলো, আমি কিছুদিন খেয়াল করে নিজেই কথা বলার চেষ্টা করলাম তার সাথে। কথা বলে বুঝলাম সে আইরিশ নয়। তার কথায় অনেকটা নর্থব্রিটেনের ধাচ ছিল। কথা বলার পর জানতে পারি, যুদ্ধের সময় সে এবং তার পরিবার মারসিসাইড থেকে আয়ারল্যান্ড আসে । এখন যেহেতু যুদ্ধ শেষ তাই তার পরিবার আবার সেই মারসিসাইড যাওয়ার বন্দোবস্ত করছে।

অরোরার সাথে কথা হচ্ছে আজ প্রায় দুসপ্তাহ হল। দুসপ্তাহে আমি দুটো জিনিস বুঝলাম। এক হচ্ছে অরোরা খুব কথা বলতে পছন্দ করে এবং আরেকটি হচ্ছে আমি তার কথা শুনতে পছন্দ করি। মারসিসাইড থেকে শুরু করে যুদ্ধের সকল মুহুর্ত, সবই আমি শুনে যাই। আমি কখনো ভালো শ্রোতা হতে পারবো সেটি অরোরা না থাকলে জানতেই পারতাম না। আসলে শুধু আমি নই বরং বাগানের উইস্টেরিয়া গাছের পাতাগুলো, সদ্য কলি হওয়া সাইবেরিয়ান আইরিস ফুলগুলো, ধীরে ধীরে বয়ে যাওয়া লেকের শান্ত পানির স্রোত সবই মুগ্ধ হয়ে যায় তার কোমল কন্ঠ শুনে। প্রকৃতি তার কাছেই ফিরে আসে বারবার শতবার।

একবার কোথা থেকে একটা বক্স নিয়ে এসে আমার হাতে দিয়ে বলল,

“নিন এইটা খান, এইটা আপনার জন্য।”

আমি জিজ্ঞেস করলাম, “কী এইটা?”

“এইটা হচ্ছে বিখ্যাত ব্রাম্ব্রাক, আপনাদের আইরিস দের প্রিয় রুটি।”

আমি কিচ্ছুক্ষন অবাক হয়ে তাকিয়ে রইলাম।

“ধন্যবাদ, আমার জন্য বানিয়ে আনলেন যে?”

“অনেক দিন ধরে বেকিং করি না, তাই ভাবলাম কিছু একটা বানাই, খেয়ে বলুনতো কেমন হয়েছে?”

ব্রাম্ব্রাকটি খেয়ে বুঝলাম এটি আসলে ব্রাম্ব্রাক হয়নি। কিন্তু যাই হয়েছে আমার খুব ভালো লেগেছে। আমি মোটেই এমন নই। কিন্তু, তাও আমার এমন লাগছে। এক বসাতেই পুরোটা খেয়ে ফেললাম। খাওয়ার পর দেখলাম, অরোরা আমার দিকে তাকিয়ে হাসছে।

আমি বললাম, “আসলেই অনেক ভালো হয়েছে, ধন্যবাদ।”

এরপর তিনদিন আমি শুধুই ব্রাম্ব্রাক এর কথাই ভেবেছি। একবার নিজে থেকে আইরিশ মাটন স্টু বানিয়ে নিয়ে গিয়েছিলাম।

এইভাবেই দিন যেতে লাগলো, সময় চলে যেতে লাগলো। প্রতিদিনই দেখা হচ্ছে অরোরার সাথে। উইস্টেরিয়া গাছের নিচে প্রতিদিন বসে কথা হয়, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। ধীরে ধীরে আমি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়লাম। অজান্তেই নিজে নিজে ভেবে হাসতাম, আবার কখনো কখনো ভাবুক হয়ে যেতাম। একদিন হুট করেই অরোরা জিজ্ঞেস করে বসলো ,

“আপনি বিয়ে করছেন না কেন?”

আমি অনেকটা অপ্রস্তুত হয়ে গেলাম, বলতে চাচ্ছিলাম অরোরার মত কাউকে পাইনি তো তাই বিয়ে করিনি। কিন্তু পরে বললাম,

“আমি আসলে জানি না আমি কেন বিয়ে করছি না, মনে হয় খুজেঁ পাচ্ছি না”।

অরোরা জোরে হেসে বলল,

“খুজুঁন, খুজঁছেন না কেন, বেশি দূরে তো নেই।”

বাসায় গিয়ে ভাবলাম আসলেই আমার অরোরা কে বলে দেওয়া উচিত। বারান্দার সামনে আমার প্রিয় কিছু লিলি ফুলের গাছ ছিল। ঠিক করলাম লিলি ফুল ফুটলেই তাকে বলে দিব মনের কথা। হয়তো কিছু মাস পরেই ফুটে যাবে আমার প্রিয় লিলি, চাঁদ শুনবে আমার মনের কথা।

একদিন সুন্দর ভোর এলো, পরিষ্কার আকাশ, আয়ারল্যান্ড এর বিশুদ্ধ বায়ু আর পাশে মি. ও্যাকারের বাসা থেকে লোভনীয় স্টিওয়ের সুঘ্রান। টমি কে খাবার দিয়ে বেরিয়ে পরলাম পার্কের দিকে। পথে যাওয়ার সময় লিলি গাছগুলো দেখে গেলাম। দেখে বুঝলাম যে, ঠিক আছে এখনো তাহলে আমার সময় আছে।

পার্কে গিয়ে সেই প্রিয় বেঞ্চে বসে পড়লাম, অপেক্ষা করতে থাকি। সময় যায়, গাছের পাতা ঝরে যেতে থাকে, লেকের পানি বয়ে যেতে থাকে কিন্তু অরোরা আজকে আসে না। পরের দিনও অরোরা আসে না। প্রায় ৬ মাস ১২ দিন ধরে পার্কে যেতাম, অপেক্ষা করতাম কিন্তু অরোরার দেখা আর পেলাম না।

একদিন ভোর বেলায় ডাকপিয়ন একটি চিঠি দিয়ে গেল। চিঠির খামে লিখা,

ফ্রম অরোরা, ৩৩, নাথানফোর্ট, মারসিসাইড।

চিঠিটা তাড়াহুড়ো করে খুললাম, চিঠিতে যা লিখা ছিল তা হল।

“প্রিয় মিস্টার ব্রায়েন,

আশা করি ভালো আছেন। আমাকে ক্ষমা করবেন আপনাকে জানিয়ে আসতে পারিনি। হয়তো জানিয়ে আসার মত অবস্থা আমার ছিল না। আপনার জন্য আমার নর্থশায়ারের দিনগুলো খুব ভালো কেটেছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি জীবনে দূরের কাউকে খুজেঁ পাবেন, যেহেতু কাছের কাউকে দেখতেই পেলেন না। ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা।

ইতি,

অরোরা”

অরোরার চিঠিটা পেয়ে কিছুক্ষন বসে রইলাম। কিছুই ভাবতে পারলাম না, কিছুই বলতে পারলাম না। দিগন্তের মেঘগুলোর মত ভেসে যাচ্ছিলো আমার চিন্তা, ফায়ারপ্লেস থেকে আসা ধোয়াগুলোর মতই উড়ে যাচ্ছিল আমার দীর্ঘশ্বাস।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp