নভেম্বর 8, 2026

উঁচু পাহাড়গুলো যেন আকাশটাকে ধরে রেখেছে। হাঁটার পথটা ভারী দুর্গম, প্রতিটি কদমের সাথে মাটি দুই ইঞ্চি করে নিচে নেমে যাচ্ছে। বড় বড় গাছ গুলো যেন রোদের আলোকে দূর থেকেই বিদায় দিয়ে দিচ্ছে। এই জায়গায় ট্র্যাকিং করা বেশ কঠিন। 

 ঘন নিস্তব্দতার মাঝে দূর থেকে শোনা যাচ্ছে এক অজানা পাখির আওয়াজ। মাঝে মাঝে বড় কোন প্রানীর শব্দ শোনা যায়। ঝোপের পাশে কিছু একটা দ্রুত বেগে চলে গেল, চমকে উঠে রজার।

“কি ছিল ওটা?”

সাধারণ গড়নের ছেলে রজার কোস্টা। রোগা এবং সুস্বাস্থ্যের মাঝে তার অবস্থান। চোখে কালো চিকন ফ্রেমের চশমা। চুল গুলো পরিপাটি করে সাজানো, একটি “napoleon” লিখা টি-শার্ট এবং কালো মোটা জিন্স পরে হেটে চলেছে বান্দরবানের গহিন জঙ্গলে।

“হয়তো কিছু না। হয়তো কোন সাপ হবে।“ বললো রাফিন।

এই গহিন বনে রজার একা নয়, তার সাথে আছে তার বন্ধু রাফিন। কদমছাট দেওয়া রোগা ছেলে, গায়ে যে ২০৬ টি হাড় আছে এটাই উপরওয়ালার তীব্র কৃপা ।

“রাফিন দেখ, প্লিজ একটু খেয়াল রাখিস। আমার আবার সাপ-বিচ্ছু অনেক ভয় লাগে।“

“তোর যদি সাপ-বিচ্ছু ভয়ই লাগে তাহলে এইখানেই বা আসলি কেন? হয়তো আমরা এখন বাসায় বসে ভালো কিছু করতাম। হয়তো কোন লাভ হত।“

নিজের চশমাটা খুলে টি-শার্টে মুছতে মুছতে বললো রাফিন। কিছুদিন পরে ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা রাফিন এবং রজারের, দুইজনই চিন্তিত। কিন্তু এই চিন্তা অহেতুক, বিশাল সাহারা থেকে দুই কেজি বালু সরিয়ে ফেলার মতই। দুইজনই সিলেবাস শেষ করেছে বেশ কয়েকবার। সেই ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত প্রতিবার ক্লাসে প্রথম হত রাফিন এবং দ্বিতীয় রজার। এই ৪ বছরের পরিচয়ে অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে এই দুইজন। ক্লাসের সবার কাছে মানিকজোড় আর নিজেদের কাছে ভাই এর সমান।

“বাসায় থাকতে আর ভালো লাগছিল না, সবাই ট্যুর দিচ্ছে তাই তোকে নিয়ে চলে আসলাম এই জঙ্গলে। একটা ভালো রিফ্রেসমেন্ট হয়ে যাবে” – বলল রজার ।

“আচ্ছা ভালো করেছিস। রিফ্রেসমেন্ট আসলেই দরকার কিন্তু আমরা হেঁটে হেঁটে কতদূর চলে আসলাম কিছুই বুঝে উঠতে পারছি না!“

রাফিন যখন তার মুদ্রাদোষ “হয়তো” না বলে একটানা কথা বলে ফেলে, তখন ভেবে নিতে হয় আসলেই কোন এক চিন্তায় পড়েছে সে ।

“আচ্ছা রজার, দেখতো তোর মোবাইলে নেটওয়ার্ক কাজ করছে নাকি? হয়তো আমার নেটওয়ার্ক পুরো ডেড।”


“আমারও নেটওয়ার্ক নেই রে। সন্ধ্যা হওয়ার আগে কোন এক লোকালয় খুঁজে বের করতেই হবে। নাহলে বিপদ!“

“আচ্ছা তুই চিন্তা করিস না। আমার মনে হয় এই পাহাড় এর পরেই কোন এক পাড়া পাবো, হয়তো সেইখানে রাত কাটানো যাবে।“

চিন্তার ভাঁজ কপালে দ্বিগুন করে সামনে হাঁটতে থাকলো দুইজন। অনিশ্চয়তার পথ, যতদুর দেখা যায় কেবল ঘন হয়ে আসা ঝোঁপঝাড়, কর্দমাক্ত মাটি আর মশার অবিরাম কাঁমড় । ওরা বুঝতে পারছিল যে, ওরা কোন এক উঁচু জায়গায় উঠেছে, পাহাড়ের উপর। শুনেছে পাহাড়েই অনেক আদিবাসি ছোটখাটো লোকালয় তৈরি করে রাখে। তাদের আয়ের উৎসের মধ্যে একটি হলো পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের রাতে বাসা ভাড়া দেওয়া। রজার ও রাফিন তাই প্ল্যান করেছিল যে, সকালে খেয়ে বের হয়ে সারাদিন পাহাড়ে ট্র্যাকিং করবে এবং বিকাল হলে কোন এক লোকালয়ে গিয়ে বাসা ভাড়া নিয়ে অথবা পাহাড়ের জুম ঘরে রাতটা কোনো মতে পার করবে। তাই সকালে নাস্তা করেই বের হয়ে গিয়েছিল রজার এবং রাফিন। পাহাড়ের টানে তাদের হৃদয় স্পন্দিত হয়েছিল খুব দ্রুত বেগে। প্রতিটি সিস্টোল-ডায়াস্টোলে আনন্দ, উত্তেজনা, প্রফুল্লতা।

কিন্তু বেলা গড়াবার ৭ ঘন্টা পরেই সব উল্টে গেল। এইবার প্রতিটি সিস্টোল-ডায়াস্টোলে ভয়, ভয় এবং ভয়। ঢাকা থেকে বাসে করে চকরিয়া নেমে ৮০ টাকা ভাড়ায় চাঁদের গাড়ি দিয়ে দুজন এসেছিল মিরিঞ্জা বাজারে। মিরিঞ্জা বাজার থেকে শুরু হয়েছিল তাদের পাহাড়ের পথে যাত্রা।

 মিরিঞ্জা বাজারের একজন লোকালের সাথে কথা বলে জানতে পারে, পুর্বের রাস্তাটি ধরে ১ ঘন্টা হাঁটলে তারা পাহাড়ের উপর থেকেই মোরং পাড়া দেখতে পাবে। মোরং পাড়া থেকে আবার জিজ্ঞেস করে তাদের মিরিঞ্জা ভ্যালির পথে যেতে হবে। মিরিঞ্জা ভ্যালির অপরূপ সৌন্দর্যকে একবার অনুভব করার নেশায় তাদের মোট চারটি পা ১ ঘন্টা পরেই ঠিক মোরং পাড়ার সন্ধান দিল। তখন ঘড়ির কাটায় দুপুর ১২টা। মোরং পাড়ায় কিছু সময় বিশ্রাম এবং খাওয়া-দাওয়ার পাঠ চুকিয়ে তারা দুইজনই রওনা হল মিরিঞ্জা ভ্যালি দিকে। কিন্তু এইখানেই বিধিবাম, কোন এক জার্সি পরা পাহাড়ি ছেলের এসে বলে,

“আপনারা যখন মিরিঞ্জা ভ্যালি যাচ্ছেন তাহলে তুমারতুং পাহাড় দিয়ে যান। পুর্বের পথ ধরে আধা ঘন্টা হাঁটলেই একটি বিশাল গাছ দেখবেন। আমরা একে বলি “মরিমাং” দেবীর গাছ। সেইদিক থেকে বামে হেটে গেলেই পাবেন তুমারতুং পাহাড়। পাহাড়ের ওপারেই ব্যাটারি পাড়া। হাঁটার পথ অর্ধেক হয়ে যাবে, যদি হাঁটার ইচ্ছা নাও হয়, তাহলে সামনে ব্যাটারি পাড়ায় থেকে যাবেন। সেইখানে রাত কাটাতে পারবেন।“

হাসতে হাসতে এই কথা গুলো বলছিল ছেলেটা। কিন্তু ছেলেটার কথা শুনে, ওরা দুইজন ছেলেটার দেখানো পথেই যখন যেতে থাকলো তখন ছেলেটার হাসি আরোও চওড়া হলো।

“ওই ছেলেটার কথাটা শুনে বড্ড ভুল করেছি। এইভাবে মিথ্যা গুলো কিভাবে বলতে পারলো সে!“

“একটা কথাতো সত্য বলেছিল, কোন এক দেবীর গাছ দেখলাম।“

“এই মোমেন্টে এসে দেবীর কথা মনে পরছে তোর রাফিন। ৪ ঘন্টা ধরে হাটছি, কোনো তুমারতুং পাহাড়, ব্যাটারি পাড়া কিছুই পাচ্ছি না। অন্ধকার নেমে আসছে।“

“ভয় পাস না। আমার বিশ্বাস এইটাই তুমারতুং। এইটার পরেই ব্যাটারি পাড়া। “

আঁধার প্রায় নেমে গেছে, বাঁশঝাড় এর ভিতর দিয়ে হেঁটে চলেছে দুজন। অজানা পোঁকার শব্দ, পাখির আওয়াজ এবং দূর থেকে ঝর্ণার গড়িয়ে পরা জলের মাঝেই ভয়ানক নিরবতা খুঁজে পাচ্ছে তারা। পায়ের আঘাতে বাঁশপাতা ভাঙ্গার শব্দ যেন শিহরিত করছে তাদের সমস্ত ইন্দ্রিয়।

হাঁটতে হাঁটতে যখন তারা আশাহীন হয়ে পরে, তখনই আশার পরশমনি হয়ে উঠে কতগুলো ছালার ঘর। প্রতিটির ঘরের সামনে মশাল রাখা। মশালে জলছে আগুন, গা-ছিম অন্ধকারে লাল আভা, গুমোট গন্ধ এবং প্রতিটি ঘরের সামনে আঁকা একটি দেবীর ছবি। গা-ছিমছিম অন্ধকারের মাঝে কিছুটা ভয় পেল দুজন।

কিন্তু দেবী মায়াবতী, দেবীর আকর্ষণ তীব্রতার তরঙ্গ ভেসে বেড়াচ্ছে বাতাসে। ভালো করে দেখলে বোঝা যাবে দেবীর ছবিগুলো রক্ত দিয়ে আঁকা। যে এঁকেছে সে নিশ্চয়ই ভালো আঁকিয়ে কারণ খুব সূক্ষ্মতা নজরে পরে। চিত্রের দিকে তাকালে মনে হবে দেবী নিজেও তাকিয়ে আছে মায়াবী চোখে।

রজার এবং রাফিন দুজনেই দেবীর চিত্রের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষন। নিঃশব্দ, নিরব এই পরিবেশে দুজনেই হারিয়ে যায় এক অন্য জগতে, এক অজানা মোহের সাগরে।

 “আপনারা কারা? এত রাতে এইখানে কি করছেন?”

শব্দ শুনে মোহ ভাঙ্গে দুইজনের। কি ভাবছিল তারা নিজেরাও জানে না। হয়তো জানে কিন্তু বলতে পারবে না।

লোকটি আবার প্রশ্ন করে, ” আপনারা কারা?”

লোকটির একচোখ নেই। লুঙ্গির মত কিছু একটা পরিধান করে আছে, গা দেখলে বুঝা যায় দিনের বেলা প্রচুর খাঁটাখাটুনি হয় তার। কিন্তু একটি জিনিস দেখে তারা দুজনই অবাক হলো। লোকটির বুকে একটি চিহ্ন আঁকা, ব্লেড দিয়ে চামড়া ফুটো করে আঁকা হয়েছে এই চিহ্ন। আগুনের আভায় ভয়ানক দেখাচ্ছে লোকটার বুক। এই একই চিহ্ন তারা দেবীর পায়ের কাছেও দেখেছে। এক অজানা আতঙ্ক আবার হানা দিল তাদের মধ্যে।

মুখ খুলল রজার, “আমরা ঘুরতে এসেছি, মিরিঞ্জা ভ্যালি যাবো, কিন্তু রাস্তা পাচ্ছি না। এইখানে কোথাও জুম ঘর আছে অথবা কোন ঘর কি ভাড়া দেওয়া হবে এক রাতের জন্য?”

লোকটা হাসলো। হাসির মধ্যে ছিল রহস্য। বলল তার পিছন পিছন আসতে।

রজার ও রাফিন পিছে পিছে হেটে যেতে লাগলো একটি বাড়ির দিকে। আকাশটা অন্ধকার, রাফিন উপরে তাকিয়ে দেখে কোন চাঁদ দেখা যাচ্ছে না। রজারকে জিজ্ঞেস করলো আজ অমাবস্যা কিনা। রজার হ্যাঁ-সূচক জবাব দিল।

“এইটা মুরাবাং পাড়া, আমরা কখনো কাউকে বাসা ভাড়া দেইনা। আপনারা আজকের রাতের জন্য থাকতে পারেন। এইটা আমার বাসা। ভিতরে আমার পরিবার থাকে।

ভিতর থেকে উঁকি দিল ১৫-১৬ বছর বয়সী দুইজন ছেলে। তাদের পিছে একজন বয়স্ক লোক

 বুঝা যাচ্ছে ছেলে দুটো হল লোকটার ছেলে আর বুড়ো লোকটা তার বাবা।

 “আপনারা বসেন। আজকে আপনারা আমাদের মেহমান।“

আর কিছু না বলেই ভিতরে চলে গেল লোকটা। মাটির ঘরে কনকনে ঠান্ডা অনুভব করলো তারা। বাহিরের মশালের আলোয় চারিদিক আগুনের রঙ্গে রঙ্গিন, ঘরে কোন চৌকি নেই, মাদুর বিছানো, মাদুরের ঠিক মাঝখানে একটি পিতলের থালা রাখা। থালায় রাখা কিছু পাতা, কিছু বাটা দ্রব্য এবং মুরগীর পালক। ঘরের ভিতরে কিছু একটা পোড়ানো হচ্ছে। তীব্র পোড়া গন্ধে আবছা হয়ে আসছিল তাদের চোখ।

এই সময়ে ভিতর থেকে দুইটি বড় থালা নিয়ে হাজির হলো লোকটি, দুই থালা ভাত এবং ভাতের উপর বিভিন্ন তরকারি সুন্দর করে সাজানো। যতটুকু বোঝা যায় কিছু পাহাড়ি শাকপাতা এবং বনমোরগের মাংস ভাতের উপর সুন্দর করে পরিবেশন করা।

“আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। কিছু মনে করবেন না, গরিব মানুষ বেশি কিছু করতে পারিনি।”

এই বিনয়ের সুরে অবাক হলো রজার রাফিন দুইজনই। তারাও আন্তরিকতায় গা এলিয়ে দিয়ে বলল, “আপানাকে বরং আমরা কষ্ট দিলাম।“

লোকটি এইবার জোরে জোরে হাসতে লাগলো।

তীব্র ক্ষুধায় কিছুই ভেবে পাচ্ছিলনা দুইজন। দুই থালা ভাত তাদের কাছে যেন অমৃত। এমন তৃপ্তিদায়ক খাবার তারা কখনো খাইনি। অজানা এবং আধো আলো পরিবেশে এমন অনুভূতি তারা কখনো পায়নি। ঘুমে গা এলিয়ে এলো দুইজনের। চোখের পাতাগুলো ধরে রাখা ভারী মুশকিল হয়ে পড়ল তাদের। এই ঠাণ্ডা পরিবেশ বাহিরে অজানা পোকার শব্দ, বয়ে যাওয়া নরম বাতাস তাদেরকে ঘুমের দেশে নিয়ে গেল একপলকের মধ্যেই।

২

এই তীব্র শান্তির ঘুমে ব্যাঘাত ঘটলো রজারের। আধো আধো চোখ খুলে দেখলো, তার সামনে আগুন জ্বলছে। আগুনকে গোল করে কিছু নকশা আঁকা। প্রতিটি নকশার উপরের মানুষের খুলি রাখা। আগুনের একপাশে একজন বৃদ্ধ বসে মন্ত্র পড়ছে, কি পড়ছে তা বুঝে উঠতে পারলো না রজার। বামে তাকিয়ে দেখে দুটি লোক একটি খাসির মাথা হাতে নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে রজারের দিকে এবং ডান দিকে একজন মহিলা পেয়ালা থেকে রক্ত একটি খুলির মাথায় ঢালছে ।

এই দৃশ্য দেখে সকল অনুভূতি হারিয়ে ফেলেছিল রজার, যে দৃশ্য দেখছে সেই দৃশ্যের অভিজ্ঞতা কেউ হয়তো কখনো নিতে চাইবে না। নিজের চোখের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে সে। তার নিজের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। ক্রমেই আবিস্কার করলো তার বুক থেকে রক্ত পড়ছে। রক্তে ভেসে যাচ্ছে পুরো মেঝে। বুকের মাঝে একটি চিত্র আঁকা, মরিমাং দেবীর চিত্র। কম্পমান ঠোঁটে চিৎকার করে উঠলো সে।

তার চিৎকার শুনে কক্ষে থাকা বাকি সবাই রজারের দিকে তাকালো। তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়লো, চিৎকার করা সেই হাসি, যে হাসিতে ছিল খুনের নেশা, রক্তের পিপাসা।

রজারের মনে পড়লো তার পাশে তার বন্ধু রাফিন নেই। ভয়ে মাথা ডানে বামে নাড়তে থাকলো সে। রাফিন কে সে পাচ্ছে না!

“ওকে খুজে পাবে না। ওকে মরিমাং দেবী গ্রহন করেছেন।”

বলেই হাসতে থাকলো একটি লোক। আগুনের আলোয় লোকটিকে চেনা যায়। এটি সেই লোকটি যে তার বাসায় থাকতে দিয়েছিল তাদের।

“মরিমাং দেবীর বলি হবে তোমরা, মরিমাং দেবীর চরণে তোমাদের রক্ত লাগবে। “

বলেই হাসতে হাসতে একটি দৃশ্য দেখালো লোকটি। এটি দেখে চোখ কেপে উঠলো রজারের। এটি রাফিনের দেহ, দেহ দেখতে পেল রজার কিন্তু দেহে সে রাফিনের মাথা খুজে পেলনা। রাফিনকে বলি দিয়ে দেওয়া হয়েছে! ভাবতে পারছে না রজার অথবা ভাবতে চাইছে না রজার।

“তোমার ভাগ্য অনেক ভালো ছেলে। তোমার বলি হবে ভোরের একটু আগে।”

বলেই চলে গেল লোকটি । রাফিনের নিথর দেহ পরেছিল মাটিতে। দুইজন লোক এবং মহিলা মিলে লাশটিকে টেনে বাহিরের নিয়ে গেল। এরপর বৃদ্ধ লোকটি যায় একটি বড় দা নিয়ে। বুঝতে বাকি রইলনা তারা রাফিনের লাশকে নিয়ে আর কি কি করবে।

রজার কিছু বুঝে উঠতে পারলো নাহ, তার হাত বাধা ছিল। কিন্তু পা খুলে রাখা, পা খুলে রাখার কারণ আছে। রজারের পায়ে শ খানেক কাঁটা দাগ ভর্তি। সে বুঝতে পারলো তার পায়ে নির্মম নির্যাতন করা হয়েছে। তাদের কাজ কিছুই বুঝতে পারলো না রজার। তারা ধরে নিয়েছে এই পা নিয়ে রজার আর উঠতে পারবে না।

রজার আপ্রান চেষ্টা করলো। এই আপ্রান চেষ্টা না করলে, হয়তো কিছুক্ষণ পরে তাকেও বলি হতে হবে মরিমাং দেবীর কদমে।

শেষ চেষ্টায় উঠে দাঁড়ালো রজার। তার প্রতি কদমে রক্ত ঝরছে। লাল হয়ে যাচ্ছে পুরো মেঝে। তার মনে হতে লাগলো যেন সে জীবনের শেষ পথ ধরে হেটে যাচ্ছে। সে ঘর থেকে বের হতে পারলো। বিধাতা তাকে জীবন রক্ষার শেষ সুযোগ দিল। কিন্তু বাইরে অপেক্ষায় ছিলো অচেনা অরণ্য। চাঁদের আলোয় স্তব্ধ দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন ফিসফিস করে কথা বলছে। প্রতিটি ডালে, প্রতিটি পাতায় লুকিয়ে ছিল অদৃশ্য দৃষ্টি।

রজার পিছে তাকিয়ে দেখলো। কাউকেই পেল না। রজার হেটে যাতে থাকলো, অজানা পথে অজানা রাস্তায়। হঠাৎ সে পায়ে মাটি অনুভব করতে পারলো না, পাহাড়ের ঢাল তাকে নিয়ে গেল গভীরতায়। ভুমির বুক চিরে লাল দাগ আঁকল তার শরীর। চোখ ঝাপসা হয়ে গেল—শেষবারের মতো হাত বাড়ালো সে,
কিন্তু স্পর্শ পেল শুধু ভেজা মাটির শীতলতা। সবকিছু নিস্তব্ধ হয়ে গেল।

পরের দিন নিজেকে হসপিটালে আবিষ্কার করলো সে। ভোরবেলায় তাকে একটি অল্প বয়সী ছেলে পেয়েছে পাহাড়ের ঠিক নিচে। দেখে ভয় পেয়ে যায় ছেলেটি, পরে পাড়ার মানুষজন ডেকে আনে এরপর সবাই মিলে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়।

শেষ

এরপর পুলিশি তদন্ত হয়, রজারকে পাওয়ার প্রায় আড়াই কিলো সীমানার মধ্যে রাফিনের মরদেহ পাওয়া যায়। ঢাকা থেকে রাফিন এবং রজারের পরিবারের লোকজন চলে আসে, ভেঙ্গে পড়ে রাফিনের পরিবার। রজারকে হসপিটালে থাকতে হয় আরো দুসপ্তাহ। হসপিটালেই সকল ঘটনার বর্ণনা দেয় রজার এবং পুলিশ আদিবাসি কর্তৃক হামলা বলে বিবৃতি প্রকাশ করে।

প্রায় কেটে যায় সাত মাস-ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে রজার পাড়ি দিচ্ছে দেশের বাহিরে।

“তোর জন্য সম্ভব হলো সবকিছু, সঞ্জিত।”

“টাকাটা পেয়েছি দাদা” -বলল সঞ্জিত মারমা। ৭ মাস আগে মিরিঞ্জা বাজারে দেখা হওয়া সেই ছেলেটা।

“আগে যত দিলাম তো দিলাম। এখন আবার ৫০ দিচ্ছি। তোর সাথে আরোও যারা ছিল তাদের ভাগ করে দিয়ে দিস। সাবধানে থাকবি। আমি দেশের বাহিরে চলে যাচ্ছি। আর কখনো যোগাযোগ হবে না।“

“আচ্ছা দাদা” -বলে কল কেটে দিল সঞ্জিত।

ডান হাতে থেকে মোবাইলটি টেবিলের পাশে রাখলো রজার। টেবিলের উপর রাখা প্রেসিডেন্ট আওয়ার্ড হাতে তুলে নিলো সে। ঠোঁটের কোণে ফুটে উঠা পৈশাচিক হাসির তীব্রতা যেন বেড়ে গেল রোদের আলোয়।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp