পাশা স্যালভেজ ইয়ার্ডের হেডকোয়ার্টারে বসে ফ্লাইট টিকিটটি দেখছিল রবিন মিলফোর্ড। লস অ্যাঞ্জেলস টু ঢাকা। তার পাশে বসেই মুসা আমান গোগ্রাসে গিলছিল মেরি চাচির বানানো পাইকেক। দরজায় খট শব্দ করে রুমে ঢুকল কালো ঝাঁকড়া চুলের কিশোর পাশা।
“চল তাহলে বেরিয়ে পড়ি, আর বসে থেকে কাজ কী?” বলল কিশোর।
“ভালো লাগছে না কিছুই। যখন থেকে শুনি রকিব হাসান স্যারের শারীরিক অবস্থা ভীষণ বাজে, তখন থেকেই আমার আর কিছুই ভালো লাগছে না,” বলল রবিন।
পাইকেকটি শেষ করে দাঁড়িয়ে গেল মুসা। “আমি বিশ্বাস করি, স্যার জলদি ঠিক হয়ে যাবেন।”
রবিন এবং কিশোর একে অন্যের দিকে তাকালো। চাহনিতে অসীম অনিশ্চয়তা, ক্লান্ত চোখে চেয়ে রইল দুইজন। এরপর বেরিয়ে পড়ল তিন গোয়েন্দা। রকি বিচের রাস্তায় তখন সূর্য অস্ত যাচ্ছে, রবিনের সোনালি চুলের মাঝ দিয়ে সূর্যের আলো এসে পড়ছে গাড়ির স্টিয়ারিংয়ের উপর।
লম্বা এক বিমানভ্রমণ শেষে তিন গোয়েন্দা নামল ঢাকায়। প্লেনে আরেকজন বিখ্যাত লোকের সঙ্গে দেখা হয়ে গেল তাদের। ভদ্রলোকটির নাম ব্রাম স্টোকার। রবিন পুরোটা সময় তাঁকে অসংখ্য প্রশ্ন করল, লোকটি বিরক্ত হলেন না মোটেই। তাঁকে যখন প্রশ্ন করা হয়েছিল, “বাংলাদেশে কেন যাচ্ছেন?” তখন একটু হেসেই তিনি বললেন, “একজন পুরোনো বন্ধুকে ধন্যবাদ জানাতে যাচ্ছি।”
সেই বন্ধু আজ হাসপাতালে। রিসেপশনে বসা ভদ্রমহিলাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন, আবুল কাশেম মোহাম্মদ আবদুর রকিবের কেবিন ২০৬।
তিন গোয়েন্দা এবং ব্রাম স্টোকার উপস্থিত হলেন কেবিনের সামনে। ধীরে ধীরে প্রবেশ করল চারজন। আবছা হয়ে যাওয়া আলোতে ভেসে এলো একটি হাসিমুখ।
“আপনারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আমার মেয়ে বলেছিল, আপনারা আসবেন। বসুন, প্লিজ।”
বেডের পাশের চেয়ারে বসলো ব্রাম স্টোকার। মাথার টুপি হাতে নিয়ে বললেন, “আপনি আমার গল্পটি অনুবাদ না করলে হয়তো বাংলাদেশে বইটি এত জনপ্রিয় হয়ে উঠত না।”
মুচকি হাসলেন রকিব হাসান। তিন গোয়েন্দাদের দিকে ফিরে বললেন, “তোমাদের বোধহয় অনেক মুশকিল হয়েছে, সেই রকি বিচ থেকে ঢাকায় এসেছ।”

“না না, আমাদের কোনো কষ্টই হয়নি। সেই কক্সবাজার কেসের সময় শেষ আপনার সাথে দেখা হয়েছিল। আপনার সাথে আবার দেখা করে আমরা সৌভাগ্যবান,” বলল কিশোর।
“আপনি অসুস্থ শুনে আমরা অনেক কষ্ট পেয়েছি।” বিশালদেহী ব্যায়াম-বীর মুসা আমানের মুখ থেকে হঠাৎ করে এমন বাণী শোনা গেল।
কিন্তু চুপ করে রইল আইরিশ বইপোকা রবিন। বইয়ের সাথে যার বন্ধন, লেখকের বিরহে সেই সবচেয়ে বেশি দুঃখিত হবে—এটাই স্বাভাবিক।
আরও কিছুক্ষণ ওরা কথা চালিয়ে গেল। গণস্বাস্থ্য হাসপাতালের ২০৬ নম্বর কেবিন হলো আলোকিত। অবশেষে চারজনের বিদায়ের সময় চলে এল। উঠে দাঁড়ালো ব্রাম স্টোকার, কিশোর, মুসা ও রবিন।
রকিব হাসানের বিদায়ের হাসিটি যেন রকি বিচের শেষবেলায় পাড়ে ভেঙে পড়া স্রোতের মতো—আসেই যেন চলে যাওয়ার জন্য, শুধু দিয়ে যায় সমুদ্রের নুড়ি, অপরূপ পাথর, মণিমুক্তা, আরও নানা কিছু।
চলে গেল তিন গোয়েন্দা এবং ব্রাম স্টোকার। বিদায়ের পথে ছিল পথ না শেষ হওয়ার রেশ। হয়তো এটিই রকিব হাসানের সাথে তাদের শেষ দেখা। পরবর্তী দেখা হবে কোনো এক গাছের নিচে, নদীর ধারে, ফুল বাগানে, না হয় সবুজ উদ্যানে।
বাংলাদেশের কিশোর থ্রিলার জনরার অন্যতম জনপ্রিয় লেখক রকিব হাসান ১৫ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করি তাঁকে। তাঁকেই স্মরণ করে এই লেখার চেষ্টা।
- মোঃ জুলকিফল আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, অক্টোবর 9, 2025
- মোঃ জুলকিফল আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, ডিসেম্বর 11, 2025
- মোঃ জুলকিফল আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, জানুয়ারি 8, 2026
- মোঃ জুলকিফল আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 12, 2026
- মোঃ জুলকিফল আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%83-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, মার্চ 12, 2026












