নভেম্বর 13, 2026

সকাল ৮ টার ক্লাসটা শেষ হতে না হতেই ৯ টার ক্লাস শুরু হয়ে গিয়েছে। আজকের আলোচনার বিষয়বস্তু ‘নরমাল ডিস্ট্রিবিউশন’। সবচেয়ে অস্বাভাবিক দেখতে ডিস্ট্রিবিউশনটার নাম কীভাবে কেউ ‘নরমাল’ রাখতে পারে? সেই বিষয় নিয়ে যেন মস্তিষ্কে এক সাহিত্যিক গবেষণায় বিভোর হয়ে উঠেছি।

সত্যি বলতে এইসব আজগুবি বিষয় নিয়ে ভাবতে এই সময়টাতে প্রচন্ড আগ্রহ কাজ করে। যতই যাই হোক, এই সময়টা অতিবাহিত করে জীবনযুদ্ধে একধাপ এগিয়েও যে পিছিয়ে যাওয়া যায়, তা-ও বেশ ভালো লাগে।

এইসব চিন্তাভাবনা করতে করতেই হঠাৎ মনে হলো, শরীরটা কেমন যেন হয়ে যাচ্ছে । মাথাব্যথার তীব্রতা বাড়তে শুরু করেছে। জ্বরটা কি তবে বেড়ে গেল?

মানুষ শরীরের প্রতিটি অঙ্গের গুরুত্ব সমান বললেও, কেন জানি তারা মাথাব্যথাকে গুরুত্বের দিক থেকে উপরের দিকে রাখলেও হাত-পা ব্যথাকে তেমন একটা গুরুত্ব দিয়ে উঠতে পারে না।

“এমনটা কেন হয়?”– প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বুঝতে পারলাম, মাথার গুরুত্ব আসলেই অনেক। হাত-পা ব্যথা তো অত্যন্ত নরমাল একটি বিষয়। নরমাল জিনিস নিয়ে এত বেশি ভাবলে সময় নষ্ট ছাড়া আর কিছুই হয় না।

সর্বোচ্চ মস্তিষ্কের ব্যথা যে তুচ্ছ নয়, সেই চেতনা থেকেই রাস্তার বিপরীতে থাকা ডিএমসিতে চলে গেলাম। জায়গাটায় আগে কখনো আসা হয়নি। সে যত যাই হোক এইস্থান যে ঘুরিবার জায়গা হিসেবে গণ্য হতে পারে না, সেটা আর না বললেও বোঝা যায়।

টিকিটটা কেটে অপেক্ষা করছিলাম। হঠাৎ মনে হলো, না, এইবার পানি না খেলেই নয়! প্রচন্ড পিপাসা পেয়েছে। অতি সাধারণ এক পানির ফিল্টার। মানুষ মানুষের ওপর চড়ে রয়েছে, মনে হচ্ছে। সরকারি হাসপাতালে এই দৃশ্য অতি পরিচিত হলেও কপালে কেন যেন এবারও ভাঁজটা পড়েই গেল। না, একটা পানির বোতল বাইরে থেকে কিনে আনলেই পারতাম। কিন্তু হঠাৎ ডাক পড়লে?

এই চিন্তা থেকে মনটা স্বাভাবিক করার চেষ্টা করলাম।

এখন কেন যেন সবকিছুতেই বিরক্তি কাজ করে। বারবার মনে একই চিন্তা পাখির ঠোকরের মতো মস্তিষ্কে আঘাত করে, “সবকিছু স্বাভাবিক, সরল কবে হবে!”

নিজের মধ্যে ব্যস্ত থাকতে থাকতে হঠাৎ একটা বাচ্চার মেজাজ খারাপ করা তীব্র কন্ঠ ভেসে আসলো। পরে বুঝতে পারলাম, বাচ্চাটা কান্না করছে। একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখলাম, সে পানি খাবে না– সেই কারনেই এমন শব্দ করে কান্না শুরু করেছে।

“এত স্বাভাবিক একটা কাজে এত জোরে কান্নার কি আছে?” মনের এই প্রশ্নটা কেন জানি এবার মুখ দিয়ে বের হয়ে গেল। জানি না, সর্বদা শান্ত থেকে মস্তিষ্কে কথা চালিয়ে যাওয়া মানুষের মুখ দিয়ে কেন এমন কঠোর শব্দ উচ্চারিত হয়ে উঠলো, তাও আবার এমন সময়ে।

ভাগ্য ভালো না খারাপ বলতে পারছি না। কিন্তু এটুকু বুঝতে পারলাম, বাচ্চাটার মা আর বাচ্চাটা কথাগুলো শুনতে পাইনি। মনে মনে একটু হয়তো স্বস্তি পেলাম।

বেঞ্চে বসে পানি খাচ্ছি। কিছুক্ষণ পর দেখলাম, পাশে এসে বসেছেন এক ভদ্রলোক। বয়স খুব বেশি হলেও–৪৫ এর বেশি নয়। জামাকাপড় বেশ পরিপাটি। দেখেই যেন বোঝা যায়, তার কথা অমান্য করার নয়। লোকটা আমার দিকে ফিরে তাকাতেই আমি চোরের মতো মুখটা লুকিয়ে ফেললাম। অন্যায় করে অন্যায় স্বীকার করার সাহস থাকলেও, অনুতাপ থেকেই হয়তো এই লুকানোর কাজটা হয়ে উঠল। পরে মনে হল, না, আমি কোনো অন্যায় করিনি। পানি খাওয়া তো অত্যন্ত নরমাল একটা কাজ। নরলাম জিনিস নিয়ে এতো জেদ করা যে ভিত্তিহীন, এই স্বান্ত্বনা দিয়েই নিজেকে মহান প্রমাণের চেষ্টায় লেগে উঠলাম।

লোকটা আমার ভয়টা বুঝতে পারলেও আমি জানি, আমার সেই কঠোর শব্দগুলো কেউ না শুনলেও যিনি শুনেছেন, তিনি আমার পাশে বসে আছেন।

আমাকে শান্ত করার তাগিদেই তিনি বলে বসলেন, “তুমিও কী ডাক্তার দেখাতে এসেছো?”

হাসপাতালে অনেক কাজে অনেক মানুষ আসলেও, টিকিট যে অসুস্থরাই কাটে, তা বুঝবার ক্ষমতা লোকটার আছে। কিন্তু ঐতো, আমাদের যখন কথা বলার দরকার, তখনই আমরা হয় চুপ থাকি, না হয় পাগলের প্রলাপ করি। “জ্বি, হ্যাঁ” বলতেই তিনি বলতে শুরু করলেন, “ছোট বাচ্চাটা প্রচন্ড জ্বরে ভুগছিলো। সেই তীব্র জ্বর থেকে তার ঠোঁট, জিহ্বা সব পুড়ে গিয়ে ঘা হয়ে গিয়েছে। তাই অতি সাধারণ পানি পান করাও তার জন্য ভাঙা কাঁচ পানের মতো হয়ে উঠেছে।”

লোকটার কথা শেষ হওয়ার আগেই শিশুটাকে কেন জানি খুব গভীরভাবে খোঁজতে শুরু করলাম। পাশ থেকে আবার কান্নার শব্দ শুনে তাঁকাতেই দেখলাম, একটু পানি মুখে নিতেই বাচ্চাটার চোখে তীব্র বেদনার সেই দৃষ্টি। সেই বেদনার প্রমাণ সরূপ চোখ দিয়ে অঝোরে ঝরেই চলেছে অশ্রুজল। সেই অসহ্য বেদনা থেকে বেরিয়ে আসছে ফুসফুস-তাড়িত বাতাস।

টলটলে চোখ নিয়ে ব্যস্ত মস্তিষ্কের হুশ ফিরলো সেই ভদ্রলোকের কথায়–

“একটা কথা সবসময় মনে রেখো, তোমার জন্য যেই জিনিসটা বর্তমানে অতি সাধারণ, তা হয়তো কারো কাছে হাজারো মিনতি করে চাইতে থাকা এক জীবন!”

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp