নভেম্বর 6, 2026

১

শরীরের উপর দিয়ে কি যেন একটা হেটে গেল, বুঝতেই পারলাম না। গভীর রাতে ঘুম ভাঙ্গার কারণে তো বিরক্ত লাগছেই বরং তার থেকে বেশি যা লাগছে তা হল ভয়। সাথে ফ্রিতে রয়েছে ভয়ানক অন্ধকার রুম। ড্রেসিং টেবিলের উপরের কাপড়টা দেখে মনে হচ্ছে ৭ ফুটের একটা দানব দাঁড়িয়ে আছে। কি একটা ভয়ানক ব্যাপার!

পাশেই ঘুমিয়ে আছে বহ্নি, একবার ভাবলাম বহ্নিকে ঘুম থেকে উঠাই, উঠিয়ে বলি যে কী হচ্ছে আমার সাথে। কিন্তু পরক্ষণেই ভাবলাম না থাক বহ্নিকে বোঝানো যাবে না, যে আমারও ভয় লাগে। বহ্নির সামনে পুরুষ জাতির কলঙ্ক হতে চাই না। বহ্নি হলো আমার স্ত্রী। এই অন্ধকার রাতে ঘুমের দেশে আমাকে রেখে চলে যাওয়া সারাজীবনের সঙ্গী।

বহ্নির পরেই যাকে নিয়ে আমার পৃথিবী গড়া সে হচ্ছে আমার ৫ বছরের কন্যা বাশারিয়া। সে পাশের রুমে ঘুমাচ্ছে। মোবাইলের ফ্লাশলাইট অন করে বাশারিয়ার রুমে গিয়ে দেখি, কোলে একটি পুতুল নিয়ে ঘুমের দেশে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট রাজকন্যা।

আমি তাই দেখে এসে আবার শুয়ে পরলাম। কোনো এক অজানা কারণে মাথায় কেবল পুতুলটির কথা ভেসে আসছিল। পুতুলটির নাম ফ্রান্সিস্কা। গত সপ্তাহে বহ্নির মামা মেক্সিকো থেকে পাঠিয়েছে। বহ্নির মামা ভারী আজব মানুষ, ভবঘুরে লোক বলা যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যায় প্রায় প্রতি বছর। এইবার হয়তো গিয়েছে মেক্সিকো, গিয়েই মনে পরলো তার বোনের মেয়ের একটা মেয়ে আছে, সেই তাই পাঠিয়ে দিল।

যেই বক্সে পাঠিয়েছে সেই বক্সের সাথে দিয়েছে একটা লিখিত চিঠি। চিঠির শেষ লাইনটিই কেবল আমার মনোযোগ কাড়লো।

“ যাকে পাঠালাম ওর নাম ফ্রান্সিস্কা। ওকে অন্যনাম দিবি না, দিলে ফ্রান্সিস্কা অনেক কষ্ট পাবে”

আমি জানতাম মামা আজব লোক। কিন্তু শেষে এমন আজব কাজ করবে, সেইটা আমি কখনোই ভাবতে পারিনি। পুতুলকে নিজের নামে না ডাকলে আবার কষ্ট কেনো পাবে।  যদিও বাশারিয়ার কাছে ফ্রান্সিস্কা নামটা অনেক ভালো লেগেছে তাই আমি আর মাথা ঘামালাম না।

ফ্রান্সিস্কা একটি ছোট আমেরিকান মেয়ে, চুলগুলো পরিপাটি করে আচড়ানো, পেস্ট রঙের ছোট জামা পরা। এই ছোট্ট পুতুল ফ্রান্সিস্কা থেকে চোখ সরানোই কঠিন।তার চেয়ে সুন্দর বিষয় হচ্ছে হল, ফ্রান্সিস্কা সবসময় একটি হাসি রাখে তার কোমল চেহারায়। পুতুলও যে হাসতে পারে আমি কখনো কল্পনা করিনি, যদিও আমার কল্পনাই বা কতদূর? বহ্নিও বলেছে যে তার কাছে ফ্রান্সিস্কাকে দেখলে মনে হয় যেন ছোট আমেরিকান সোনামনি হেসে বেড়াচ্ছে।

২

“চলোনা চলোনা, ঘুরবো ঘুরবো,চলো বাবা”

চায়ের কাপটা হাতে নিয়ে খবরের কাগজটা মাত্র খুলে বসলাম।

“হ্যা আমরা তো অনেকদিন ধরেই কোথাও যাইনা, বিক্রমপুর থেকে ঘুরে এলে মন্দ হয়না।“

  • বলল বহ্নি।

আমিও মনঃস্থির করলাম, অনেক দিন ধরে যেহেতু বিক্রমপুর যাওয়া হয়না তাই বিক্রমপুর থেকে বেড়িয়ে আসলে মন্দ হয়না। বিক্রমপুর আমার গ্রাম; আমার পৈতৃক ভিটা আছে বিক্রমপুর বাজারের একটু ভিতরেই। বিশাল বড় বাড়ি এবং ৮ কাঠা পুকুর। সারা মাসব্যাপি টাইলসের অফিসে মেজাজের ফ্রাই-ভাজি করার পর, নরম মাটি আর সবুজ ঘাসের বিক্রমপুর ঘুরে আসা যেন প্রাণের তৃষ্ণা মেটানো।

তাই আমি আমার ২০০৮ এর মডেলের কোরোলা গাড়ি নিয়ে বেরিয়ে পরলাম বিক্রমপুরের উদ্দেশ্যে। সঙ্গে বহ্নি,বাশারিয়া এবং বাশারিয়ার কোলে তার প্রিয় পুতুল ফ্রান্সিস্কা। আড়াই ঘন্টার জার্নিতে আমি একবারও দেখতে পেলাম না যে, বাশারিয়া ফ্রান্সিস্কাকে কোল থেকে নামিয়েছে।

দুপুর থাকতেই আমরা বিক্রমপুর পৌঁছে গেলাম। সেই পুরোনো জায়গা, পুরোনো ঘর, পুরোনো ঘ্রাণ; সবই আমার মন প্রাণ ভরপুর করে দিল। দেখতে পেলাম বহ্নি আর বাশারিয়াও অনেক মজা পাচ্ছে এসে। যান্ত্রিক জীবন থেকে একদিনের মুক্তি পেয়ে পাখির মতো উড়তে দেখে আমারও ভালো লাগছিল।

পুকুরের টাটকা মাছ আর বাগানের সবজি দিয়ে পেটভরে ভাত খেয়ে শুয়ে ছিলাম, কখন যে চোখ লেগে গিয়েছিল খেয়াল করিনি। কিন্তু চোখ খুললো বাশারিয়ার বিকট কান্নার শব্দে। দুপুরের দিকে বাশারিয়া বাড়ির সামনের গাছের নিচে বসে তার পুতুল ফ্রান্সিস্কাকে নিয়ে খেলছিল। এমন অবস্থায় তার মা তাকে জোরপূর্বক বাসায় নিয়ে আসে, বলে যে ওর জামা নাকি ঘামে ভিজে গিয়েছে, জামা পাল্টানো লাগবে। তাই বাশারিয়া কিচ্ছুক্ষণ এর জন্য বাসায় আসে, এই ফাঁকে তার মা তাকে কিছু খাইয়ে দেয়। প্রায় আধ ঘন্টা পর যখন বাশারিয়া তার পুতুলের খোঁজে বাহিরে আসে তখন দেখে বাহিরে দুটি কুকুর তার পুতুল নিয়ে রীতিমত টাগ অফ ওয়ার খেলছে। পরে পাশের বাড়ির রহিম, কুকুর গুলোকে মেরে ফ্রান্সিস্কা কে উদ্ধার করেছে। কিন্তু ফ্রান্সিস্কার অবস্থা বেহাল, সে রীতিমত আনাড়ি  ডোমের পোস্টমর্টেম করা মৃতদেহের মতো হয়ে গিয়েছিল। ছিন্ন-ভিন্ন পুতুলটি আর খেলার উপযোগী নেই, তাই বাশারিয়া এক ঘন্টা ধরে কাঁদছে।

সে যাই হক, এরপর আমি তাকে আকাশ কুসুম নদী খাল বিল অনেক কিছু বুঝিয়ে বললাম যে ফ্রান্সিস্কা অপর পাড়ে খুশি থাকবে এবং আমরা ফ্রান্সিস্কাকে বড় গাছের নিচে দাফন করে দিলাম। এতে বাশারিয়ার কান্নার তীব্রতা কিছুটা কমলো বটে, কিন্তু পরবর্তী এক সপ্তাহ তার মন খারাপই ছিল বলা চলে।

৩

শেষ বিক্রমপুর যাওয়ার ছয়মাস পরেই আবার বিক্রমপুর যেতে হল কিছু দলিল সংক্রান্ত কাজে। তাই বিকালেই আমার বনানীর অফিসের সকল কাজ গুছিয়ে যাত্রা শুরু করলাম বিক্রমপুরের উদ্দেশ্যে। বিক্রমপুরের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করে রফিক চাচা। ওনাকে আগেই বলে রেখেছিলাম যে আমি এসে খাবার খাব। জ্যাম ঠেলে বিক্রমপুর পৌঁছাতে আমার হয়ে গেল সন্ধ্যা। গিয়ে দেখি রফিক চাচা বারান্দায় বসে আছে।

“কি চাচা, কেমন আছেন?”

“ভালো আছি বাবা, তুমি ভিতরে বসো, আজকা সময় কইরা মুইছা রাখসি সব”

আমি হেঁটে ভিতরে যেতে লাগলাম। আজকে ভারী আজব লাগছে সব কিছু, মনে হচ্ছে আমার মাথায় কেউ যেন একশ কেজির একটি ভারি বস্তা রেখে দিয়েছে। কেন যেন ঘরের ভিতরের পরিবেশটা বড়ই খারাপ লাগছে। তীব্র মাথা ঘুরানো শুরু হল হঠাৎ করেই।

“চাচা গামছা দিন তো, গোসলটা সেরে নেই।”

ভাবলাম গোসলের পর ভালো লাগবে, কিন্তু সে আর হলো না। গোসল করে সোফায় বসতেই সে এক তীব্র দোলনচাঁপার গন্ধে মাথা ধরে গেল। কোথা থেকে এইরকম গন্ধের উদয় হলো আমি জানি না।

ভাত খেতে বসেও ভাত খেতে পারলাম না। আমার গলা দিয়ে কিছুই নামছে না। বারবার মনে হচ্ছে কিছু একটা আমার দিকে তাকিয়ে হাসছে। কখনোবা জানালা দিয়ে, কখনো পুকুরের মাঝে দিয়ে, কখনোবা ভিতরের রুম দিয়ে। অস্থিরতা বুকের ভেতর পোকা হয়ে কিলবিল করতে লাগল। কোনো রকমে নিজের রুমে ঢুকে শুয়ে পরলাম।

কতক্ষণ কেটেছে জানি না। হঠাৎ মনে হলো বুকের ওপর কেউ বসে পড়েছে। নিঃশ্বাস আটকে এলো। চোখ খুলতে গিয়েও পারছি না। তারপর ধীরে ধীরে চোখ খুলতেই দেখি…
সে।

ফ্রান্সিস্কা।

চুল এলোমেলো, চোখ দুটো কোটরের ভেতর ঢুকে গেছে, ঠোঁটে সেই চেনা বাঁকা হাসি। সে আমার বুকের ওপর বসে, নিচু হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে।

“চাচা, চাচা কই আপনি, এইদিকে আসেন তাড়াতাড়ি।”

নিজের যত শক্তি আছে, সব দিয়ে ডাকতে থাকলাম চাচাকে,

“কি হইসে বাবা?”

“আমি, আমি ফ্রান্সিস্কাকে দেখেছি। আমার বুকের উপর বসে ছিল। ফ্রান্সিস্কা এইখানে কী করে?”

“কোন ফ্রান্সিস্কা, কি কইতেছো তুমি?”

আমার হৃৎস্পন্দন বেরে গেলো, আমি কিছুই বলতে পারছিলাম না।

“চলেন চাচা, তাড়াতাড়ি চলেন, একটা কোদাল নিয়ে আসেন তাড়াতাড়ি।”

কোদাল নিয়ে আসলো রফিক চাচা। ওনাকে নিয়ে আমি চলে এলাম ঠিক সেই গাছটার নিচে, যেইখানে প্রায় ছয় মাস আগে পুঁতে রেখে গিয়েছিলাম সেই পুতুলটাকে।

চারপাশ নিস্তব্ধ। শুধু ঝিঁ ঝিঁ পোকার শব্দ আর দূরের পুকুরের পানির নড়াচড়া। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আঙুল দিয়ে মাটির দিকে ইশারা করলাম।

“এইখানে খুঁড়েন।”

রফিক চাচা তীব্র বিরক্তি নিয়ে খুঁড়তে লাগলেন। কোদাল মাটিতে পড়ার শব্দ যেন রাতে অস্বাভাবিকভাবে জোরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি স্থির দাঁড়িয়ে আছি, ফ্ল্যাশলাইট কাঁপতে কাঁপতে আলো ফেলছে গর্তের ভেতর।

হঠাৎ করেই রফিক চাচার গলা দিয়ে এক অমানবিক শব্দ বের হলো। যেন কণ্ঠনালী ছিঁড়ে কিছু বেরিয়ে আসছে। কোদালটা তার হাত থেকে পড়ে গেল।

আমি আতঙ্কে মোবাইলের আলোটা গর্তের ভেতরে ফেললাম।

আমার কাঁপতে থাকা তর্জনী ধীরে ধীরে খুঁড়ে পাওয়া জিনিসটার দিকে এগিয়ে গেল।

মাটির দিকে তাকিয়ে যা দেখলাম, তাতে ভয়, অবিশ্বাস, ঘৃণা আর বিস্ময়ে একসাথে আমার মুখ থেকে বিকট শব্দ বের হয়ে এল। গর্তের ভেতর চিত হয়ে শুয়ে আছে একটি আট-দশ ইঞ্চির ধবধবে সাদা, নিখুঁত মানবকঙ্কাল।

চোয়ালটা খোলা। ফাঁকা চোখের কোটর ঠিক আমার দিকেই তাকিয়ে। আর সেই কোটরের গভীর অন্ধকারে, যেন এখনো লুকিয়ে ফ্রান্সিস্কার হাসি।

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp